প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:০৩ পিএম
বুধবার গুলশানে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। ছবি: গ্রামীণফোনের সৌজন্যে
বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে বাংলা কিউআর (Bangla QR) পেমেন্ট সেবা চালু করেছে গ্রামীণফোন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ব্র্যান্ডেড রিটেইল স্টোর বা গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে এ সেবা চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা নগদ অর্থ ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সরাসরি মূল্য পরিশোধ করতে পারবেন।
বুধবার গুলশানে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে এই সেবা পাওয়া যাবে।
গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকেরা সংশ্লিষ্ট ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অথবা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপ ব্যবহার করে এক্সপেরিয়েন্স সেন্টারে প্রদর্শিত বাংলা কিউআর কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝামেলা কমার পাশাপাশি ভাঙতি টাকার জন্য অপেক্ষা করার প্রয়োজনও থাকবে না।
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় চালু হওয়া জাতীয় কিউআর স্ট্যান্ডার্ডের মাধ্যমে গ্রাহকেরা একটি একক মার্চেন্ট কোড ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ পরিশোধ করতে পারেন। এই উদ্যোগের লক্ষ্য নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে দেশে একটি সমন্বিত ও সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার অন্যতম চালিকাশক্তি হলো সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবন। দেশে আরও সমন্বিত ও কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে গ্রামীণফোনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।
এ সময় আর্থিক সেবা সহজলভ্য করা, তরুণদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করা এবং ক্যাশলেস অর্থনীতি এগিয়ে নিতে অন্যান্য প্রতিষ্ঠানও এ উদ্যোগে যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক করাই প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার। এমটিবির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলা কিউআর পেমেন্ট চালু করা সেই প্রতিশ্রুতিরই অংশ। এ ব্যবস্থায় গ্রাহকেরা নগদ অর্থ বা ভাঙতি টাকার ঝামেলা ছাড়াই মোবাইল ফোনে স্ক্যান করে সহজে মূল্য পরিশোধ করতে পারবেন”।
তিনি আরও বলেন, “ডিজিটাল পেমেন্টকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে আরও বেশি মানুষকে যুক্ত করাই এ ধরনের উদ্যোগের লক্ষ্য”।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আরও বেশি গ্রাহকের কাছে স্ক্যান-টু-পেমেন্ট সুবিধা পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে তারা আনন্দিত। এমটিবির পেমেন্ট-সংক্রান্ত অভিজ্ঞতা এবং গ্রামীণফোনের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের সমন্বয়ে দৈনন্দিন লেনদেন আরও সহজ হবে। পাশাপাশি দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ উপস্থিত ছিলেন। এমটিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গ্রামীণফোনের দাবি, গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটায় বাংলা কিউআর পেমেন্ট সুবিধা চালুর মাধ্যমে এ জাতীয় লক্ষ্য অর্জনে অবদান রাখবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বৃহৎ গ্রাহকগোষ্ঠীর মধ্যে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়িয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতেও সহায়তা করবে এ উদ্যোগ।