সিলেট অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, নতুন কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে শাখা ব্যবস্থাপকদের নিয়ে কৌশলগত সভা (স্ট্র্যাটেজিক কনক্লেভ) আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।
সিলেটের একটি স্থানীয় হোটেলে গত ৩১ অক্টোবর সরাসরি ও অনলাইন- উভয় মাধ্যমে (হাইব্রিড পদ্ধতিতে) এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. এহতেশামুল হক খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. এহতেশামুল হক খান বলেন, গ্রাহকদের জন্য সেরা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বিভিন্ন কৌশল গ্রহণ করেছে ডাচ্-বাংলা ব্যাংক। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহককেন্দ্রিক মনোভাব (ক্লায়েন্ট কেয়ারিং মেন্টালিটি) গড়ে তোলাসহ কয়েকটি কৌশলগত অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন।
সভায় সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে নিজেদের প্রত্যয়ের কথা জানান তারা।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাখাগুলোর ব্যবসায়িক পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন। একই সঙ্গে গ্রাহকসেবার মানোন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তাদের পাশাপাশি রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং সংশ্লিষ্ট অঞ্চলের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি) সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।