মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তির সমন্বয়ের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক আয়োজন ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০।
দুই দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি মার্কেটিং বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি প্রতিনিধি ও খাতসংশ্লিষ্টরা অংশ নেন। আলোচনায় উঠে আসে, মানুষের সৃজনশীলতা, বিচারবুদ্ধি, নৈতিকতা ও ভোক্তার আস্থা অক্ষুণ্ন রেখেই মার্কেটিংয়ে এআইয়ের ব্যবহার নিশ্চিত করতে হবে।
সম্প্রতি রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মার্কেটিং: হিউম্যান + টেক’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় ফোরামের ষষ্ঠ আসর। ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের আহ্বানে আয়োজিত এ সম্মেলন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সৌজন্যে এবং এসিআই মটরস লিমিটেডের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এর কো-হোস্ট ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। অংশীদারত্ব করে ব্র্যাক ইউনিভার্সিটি ও ব্র্যাক বিজনেস স্কুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিল (ডব্লিউএমসি) ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের (এমএসবি) সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রাহকসেবার ধরন বদলে দিচ্ছে, তবে মার্কেটিংয়ের উদ্দেশ্য নির্ধারণ করে মানুষই। প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ গড়তে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক আন্তর্জাতিক অতিথিদের স্বাগত জানান। পাশাপাশি এআইনির্ভর ভবিষ্যতের জন্য মার্কেটারদের প্রস্তুত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।
দুই দিনের এ আয়োজনে ছিল ১০টি কিনোট সেশন, দুটি কেইস স্টাডি ও দুটি প্যানেল আলোচনা। পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের উদ্যোগে উপস্থাপন করা হয় ‘দ্য ঢাকা ডিক্লারেশন’। ‘মার্কেটিং ফর গ্লোবাল গুড: ওয়াই ২০৩০ অ্যান্ড বিয়ন্ড’ প্রতিপাদ্যের এ ঘোষণায় যৌথভাবে অংশ নেয় এশিয়া মার্কেটিং ফেডারেশন, আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন ও ইউরোপিয়ান মার্কেটিং কনফেডারেশন। এর মাধ্যমে তিন মহাদেশের ৫৪টি দেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক কল্যাণে বিপণনচর্চার প্রসার, দায়িত্বশীল নেতৃত্ব এবং ২০৩০ সাল ও পরবর্তী সময়ের জন্য অভিন্ন লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরে।

ফোরামের প্রথম দিনের কিনোট সেশনের সূচনা করেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত প্রফেসর ফিলিপ কটলার। মার্কেটিংয়ে এআই ও মানুষের বিচারবুদ্ধির সমন্বয় নিয়ে আলোচনা করেন তিনি। পরবর্তী সেশনে ওয়ার্ল্ড মার্কেটিং ফোরামের কো-ফাউন্ডার ও এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রতিষ্ঠাতা হারমাওয়ান কারতাজায়া প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয়ে বৈশ্বিক কল্যাণে মার্কেটিংয়ের ভূমিকা তুলে ধরেন।
গুগলের হেড অব পার্টনার পারফরম্যান্স, চ্যানেল সেলস—এসইএ তারা ইউন মানুষের কৌতূহল ও এআইয়ের সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগিয়ে কার্যকর মার্কেটিংয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দিনের শেষ কিনোটে আইট্রেইন এশিয়ার প্রতিষ্ঠাতা এরিক কু দেখান, কীভাবে এআই সাধারণ ভোক্তাদের ক্রিয়েটরে পরিণত করছে এবং গ্লোবাল সাউথে মার্কেটিং উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ তৈরি করছে।
দ্বিতীয় দিনের কিনোট সেশনের শুরুতে বক্তব্য দেন ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ার। তিনি মার্কেটিংয়ে এআইয়ের অনিবার্য বাস্তবতা এবং ব্র্যান্ড ও ভোক্তার ওপর এর মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে আলোচনা করেন।
এরপর মার্কেটিং অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট ড. ড্যান ভিসিতচাইচান মানুষের চিন্তাশক্তি ও বুদ্ধিমান যন্ত্রের অংশীদারত্বকে মার্কেটিংয়ের ভবিষ্যৎ হিসেবে ব্যাখ্যা করেন। আফ্রিকান মার্কেটিং কনফেডারেশনের প্রেসিডেন্ট হেলেন ম্যাকইনটি-কার্লাইল পরিবর্তিত বিশ্বে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর স্থানীয়ভাবে প্রাসঙ্গিক থাকার কৌশল তুলে ধরেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) ডিরেক্টর জেনারেল ড. এ কে এনামুল হক মার্কেটিংয়ে এআই ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির সুফল কারা পাচ্ছে, তা বিশ্লেষণ করেন। ভসু.এআইয়ের কো-ফাউন্ডার নাফিস ফয়সাল একজন উদ্যোক্তার দৃষ্টিকোণ থেকে এআইয়ের ভবিষ্যৎ তুলে ধরেন। অন্যদিকে ইউরোপিয়ান মার্কেটিং কনফেডারেশনের প্রেসিডেন্ট রালফ স্ট্রাউস মার্কেটিংয়ে এআইয়ের নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সুরক্ষার বিষয়ে আলোচনা করেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রফেসর ফিলিপ কটলার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার দক্ষতা বাড়ানো, গ্রাহকের চাহিদা বোঝা, বাজারের নতুন সুযোগ চিহ্নিত করা এবং বিক্রি ও মুনাফার পূর্বাভাস দিতে সহায়তা করতে পারে। তবে প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে ধাপে ধাপে ও দায়িত্বশীলভাবে এটি গ্রহণের পরামর্শ দেন তিনি। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সক্ষমতাকে সহায়তা করবে, প্রতিস্থাপন করবে না। তাই মার্কেটিংয়ে মানুষের সৃজনশীলতা, তদারকি ও সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, গ্রাহক বৃদ্ধি, ব্র্যান্ড গঠন, বাজেট ও আর্থিক পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য রাখতে মার্কেটিং ও ফাইন্যান্স বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে এআইয়ে বিনিয়োগ উৎপাদনশীলতা, ব্যয় ও মুনাফার ক্ষেত্রে কতটা সুফল দিচ্ছে, তা নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
হারমাওয়ান কারতাজায়া সফল মার্কেটিংয়ের জন্য প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, আস্থা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ের ওপর জোর দেন। তাঁর মতে, বাজারে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের পরিবর্তিত চাহিদা, সামাজিক প্রত্যাশা ও সাংস্কৃতিক ধারা বুঝতে হবে। এআই নতুন ব্যবসায়িক সুযোগ ও উন্নত গ্রাহক অভিজ্ঞতা তৈরি করলেও তা পরিচালিত হতে হবে মানুষের দায়িত্ববোধ দিয়ে। এ জন্য নতুন পণ্য, অভিজ্ঞতা ও বাজার সৃষ্টির মাধ্যমে ‘জেনারেটিভ অ্যাডভান্টেজ’ অর্জনের আহ্বান জানান তিনি। পাশাপাশি মুনাফার সঙ্গে নৈতিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে সমাজ ও পরিবেশে ইতিবাচক প্রভাব তৈরির ওপর গুরুত্ব দেন।
কিনোট সেশনের পাশাপাশি দুটি প্যানেল আলোচনায় মার্কেটিং খাতের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনা উঠে আসে। প্রথম দিনের আলোচনায় ছিল, এআই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য প্রতিযোগিতার সুযোগ সমান করতে পারে কি না। সাশ্রয়ী প্রযুক্তি কীভাবে ছোট ব্যবসাকে বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নিতে পারে এবং এর কার্যকর ব্যবহারের জন্য কী প্রয়োজন, তা নিয়ে মত দেন আলোচকেরা।
দ্বিতীয় দিনের প্যানেল আলোচনায় গুরুত্ব পায় বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা। একাডেমিক গবেষণা কীভাবে প্রতিষ্ঠানগুলোর বাস্তব কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া ব্র্যাক ইউনিভার্সিটি এবং কোরিয়ার কে-কালচারে কৃত্রিম ও অ্যানালগ বুদ্ধিমত্তার মেলবন্ধন নিয়ে দুটি কেইস স্টাডি উপস্থাপন করা হয়। এআইয়ের ভবিষ্যৎ নিয়ে বিশেষ আলোচনায় প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিও উঠে আসে।
ফোরামের বিভিন্ন সেশনে আরও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের পার্টনার ও প্রেসিডেন্ট জ্যাক ইয়াও, ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ড্রিম কোম্পানির চিফ ইমাজিনেশন অফিসার প্রফেসর বুজং কিম, সংযুক্ত আরব আমিরাতের হায়ার কলেজেস অব টেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সের্গেই স্পিভাকভস্কি, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আশরাফ বিন তাজ, ডিএসআই গ্রুপের ডিরেক্টর রোহান সোমাওয়ানসা, ব্র্যাক ইউনিভার্সিটির ড. নুসরাত হাফিজ, মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ড. শরিফুল ইসলাম দুলু, প্রফেসর মোসাদ্দেক আহমেদ চৌধুরী, ব্র্যাক ইউনিভার্সিটির খায়রুল বাশার, শ্রীলঙ্কা ইনস্টিটিউট অব মার্কেটিংয়ের প্রেসিডেন্ট এনোক পেরেরা, এমকর্পের গ্রুপ সিইও ও ডেপুটি চেয়ারম্যান তৌফিক, ব্র্যাক ইউনিভার্সিটির ড. জাহিদ হালিম, নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন এবং ব্র্যাক ইউনিভার্সিটির আফসানা আক্তার।
ফোরামের আলোচনায় বারবার উঠে আসে, এআই দীর্ঘমেয়াদে কার্যকর মূল্য তৈরি করতে পারে কেবল মানুষের বিচারবুদ্ধি, নৈতিকতা ও আস্থার ভিত্তিতে। সমাপনী পর্বে এশিয়া মার্কেটিং ফেডারেশন, আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন, ইউরোপিয়ান মার্কেটিং কনফেডারেশন ও ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিল যৌথভাবে ‘ঢাকা ডিক্লারেশন: মার্কেটিং ফর গুড’ ঘোষণা করে। এর মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সৌজন্যে, এসিআই মটরস লিমিটেডের সঞ্চালনায় এবং প্রাণের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সহযোগী হিসেবে যুক্ত ছিল এশিয়া মার্কেটিং ফেডারেশন, ইউরোপিয়ান মার্কেটিং কনফেডারেশন, আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন, ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক বিজনেস স্কুল, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ, ব্যাকপেজ পিআর এবং ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিল।