কমছে কর্মসংস্থান ও অর্থপ্রবাহ
জোসনা জামান
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৪:৩১ পিএম
প্রতীকী ছবি
কাঙ্ক্ষিত মাত্রায় ঘুরছে না দেশের বিভিন্ন ক্ষেত্রে গৃহীত প্রকল্প বাস্তবায়নের চাকা। ফলে কমছে কর্মসংস্থান ও সার্বিক অর্থপ্রবাহ। প্রকল্পের সুফলও মিলছে না যথাযথ সময়ে। কেননা একটি উন্নয়ন প্রকল্প কেবল প্রকল্প নয়; এতে কর্মসংস্থান, বিভিন্ন পণ্য কেনাকাটার ফলে গতিশীল হয় ব্যবসা-বাণিজ্য এবং বাজারে দেখা দেয় পর্যাপ্ত অর্থের প্রবাহ।
কিন্তু প্রকল্প বাস্তবায়নের গতি কমে যাওয়ায় দেশের সার্বিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ক্ষেত্রে পড়েছে নেতিবাচক প্রভাব। চলতি অর্থবছরের তিন মাস পেরিয়ে গেলেও ৩২টি প্রকল্পের বিপরীতে ১ টাকাও খরচ হয়নি। সেই সঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৩ দশমিক ৮৯ শতাংশ, যা তার আগের চার বছরের একই সময়ের তুলনায় অনেক কম। কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড়ও।
এমন অবস্থায় শেষ মুহূর্তে তড়িঘড়ি করে এডিপি বাস্তবায়নের সংস্কৃতি অব্যাহত থাকার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “উন্নয়ন বাজেটের প্রায় পুরোটাই খরচ করা হয় এডিপির মাধ্যমে। এটি সরকারি বিনিয়োগ। এর মাধ্যমে যোগাযোগ অবকাঠামো যেমনÑ রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি এবং সামাজিক বিভিন্ন অবকাঠামো যেমনÑ মসজিদ, মন্দির, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি তৈরি করা হয়। প্রকল্প বাস্তবায়নে দেরি হলে এর সবকিছুই দেরিতে শেষ হবে। প্রকল্পের ব্যয় বাড়তে পারে। জনগণ যথাসময়ে এর সুফল থেকে বঞ্চিত হতে পারে”।
তিনি বলেন, “এরই মধ্যে বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফ বলেছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৪ শতাংশের মধ্যে থাকবে। আমরা যদি জ্বালানি ও ব্যাংক খাতের উন্নয়ন এবং সরকারি বিনিয়োগের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে না পারি, তাহলে উন্নয়নের গতি বাড়বে না”।
পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা জানাচ্ছেন, এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে চিরাচরিত সমস্যাগুলো আছেই; এর সঙ্গে চলতি অর্থবছরের শুরু থেকেই মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ‘রি স্কেআপিং ও রি পারপাসিং কার্যক্রম’। অর্থাৎ বর্তমান সরকার দায়িত্ব নেওয়া পর চলমান প্রকল্পগুলো পর্যালোচনার নামে ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। এতে প্রকল্পগুলো হয় বাতিল হয়েছে, না হয় স্বাভাবিক গতি হারিয়ে ফেলেছে। এমনকি সম্প্রতি বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে’ও উন্নয়ন প্রকল্পের ধীরগতির বিষয়টি উঠে এসেছে।
৩২ প্রকল্পে খরচ হয়নি ১ টাকাও
চলতি অর্থবছরের তিন মাসে চারটি মন্ত্রণালয় ও বিভাগ খরচের খাতাই খুলতে পারেনি। এসব মন্ত্রণালয় ও বিভাগের ৩২টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া আছে ৫ হাজার ৬৯০ কোটি টাকা। কিন্তু এর মধ্যে ১ টাকাও খরচ হয়নি। আইএমইডি বলছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ রয়েছে ৯৫৬ কোটি টাকা। সেতু বিভাগের ৬টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ২ হাজার ৫৯৭ কোটি ৬৩ লাখ টাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ প্রকল্পের অনুকূলে ১৮৫ কোটি ৭৬ লাখ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১০ প্রকল্পের অনুকূলে বরাদ্দ রয়েছে ১ হাজার ৮৪৩ কোটি ৪১ লাখ টাকা।
বৈদেশিক ঋণের প্রকল্পও স্থবির
চলতি অর্থবছরের এডিপিতে বৈদেশিক ঋণের প্রকল্প রয়েছে ২৪৫টি। এসবের অনুকূলে বরাদ্দ দেওয়া আছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। কিন্তু অর্থবছরের তিন মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে মাত্র ৩ হাজার ৪৪২ কোটি টাকা, বাস্তবায়ন হার ৩ দশমিক ১৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৫ হাজার ৭৪ কোটি বা ৫ দশমিক ৯০ শতাংশ। এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস পেরিয়ে গেলেও বৈদেশিক ঋণের বিভিন্ন প্রকল্পে ১ হাজার ২৬৩ কোটি টাকার মধ্যে ১ টাকাও খরচ করতে পারেনি সাতটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা।
কমেছে উন্নয়ন সহযোগীদের অর্থছাড়
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের তিন মাসে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় কমেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্পের বিপরীতে অর্থছাড় হয়েছে ৬৬ কোটি ২১ লাখ ডলার। এর মধ্যে ঋণ ৫৪ কোটি ১৭ লাখ ও অনুদান রয়েছে ১২ কোটি ৫ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে অর্থছাড় হয়েছিল ১১৪ কোটি ৮৫ লাখ ডলার। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কম হওয়ায় এ অবস্থা বলে জানিয়েছে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ বলেন, “উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বাস্তব সমস্যা রয়েছে। যেমনÑ অর্থছাড় সময় ও চাহিদামতো না হওয়া, ভূমি অধিগ্রহণে জটিলতা, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগে দেরি হওয়া এবং দরপত্র প্রক্রিয়ায় সময় বেশি লাগা। প্রকল্পের অগ্রগতি অনেকটাই নির্ভর করে প্রকল্প পরিচালকদের দক্ষতার ওপর।