× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিকল্প শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ

আজিজুল ইসলাম

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১১:১৯ এএম

শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি শ্রমবাজারেও বাংলাদেশিদের যাওয়ার সংখ্যা কমেছে। ছবি: সংগৃহীত

শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি শ্রমবাজারেও বাংলাদেশিদের যাওয়ার সংখ্যা কমেছে। ছবি: সংগৃহীত

বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন অনেক দিন ধরে। কিন্তু দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক বাংলাদেশি। কারও কাজ নেই, কারও বৈধ কাগজপত্রের সংকট। আবার কেউ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ ও বেতন পাচ্ছেন না। কাজ কমে যাওয়ায় কিছু নিয়োগকর্তা আকামা নবায়নেও অনীহা দেখাচ্ছেন। এ পরিস্থিতিতে কেউ দেশে ফিরছেন, আবার কেউ নতুন করে বিদেশে যেতে অর্থ ব্যয় করছেন। 

শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি শ্রমবাজারেও বাংলাদেশিদের যাওয়ার সংখ্যা কমেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সাত মাস ১০ দিনে ৪ লাখ ১৭ হাজার ৮৭১ বাংলাদেশি কাজ নিয়ে বিদেশে গেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৬ লাখ ৯০ হাজার ৮০৪। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশে যাওয়ার হার কমেছে ৩৯ দশমিক ৫ শতাংশ। ২০২৪ সালের একই সময়ে বিদেশে গিয়েছিলেন ৫ লাখ ৭৬ হাজার ৯৪৩ জন। এ পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ এবং জাপানে নিয়োগ শুরুর পরিকল্পনা নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এসব বাজারে প্রবেশের সুযোগ কতটা বাস্তবসম্মত, কতটা কম খরচে ও নিরাপদে যাওয়া সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

দক্ষতা ও ভাষার ঘাটতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাবমূর্তি

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “যথাযথ প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা ছাড়া বিদেশে যাওয়ায় অনেক বাংলাদেশি গন্তব্য দেশে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছেন না। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংকুচিত হতে পারে শ্রমবাজারও। তাই বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে”।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিদেশগামীদের তিন দিনের প্রশিক্ষণে মূলত আচরণ ও শিষ্টাচার শেখানো হয়। 

এদিকে সোমবার গাজীপুরের সফিপুরে আনসার একাডেমি পরিদর্শন করেন মালদ্বীপ, কসোভো, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত। তারা বাহিনীর প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থান, পণ্য উৎপাদন ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরা হয়।

মধ্যপ্রাচ্যে কমছে কর্মসংস্থান

বিএমইটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত কুয়েতে গেছেন ১৯ হাজার ৩৮৬ বাংলাদেশি। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২৯ হাজার ৫৬০। কাতারে বিদেশ গমনের সংখ্যা ৬৯ হাজার ৩৪১ থেকে কমে ৪১ হাজার ৫৭২ হয়েছে। ইরাকেও কমেছে। গত বছর দেশটিতে গিয়েছিলেন ৩ হাজার ৯৮ জন, এবার গেছেন ২ হাজার ৫৭৫ জন। তবে সব শ্রমবাজারে এ প্রবণতা দেখা যায়নি। 

কাজ নেই, তারপরও লোক যাচ্ছে

কুমিল্লার মো. শফিকুল ইসলাম বলেন, “সৌদি আরবে কাজের সংকট তৈরি হয়েছে। কাজ থাকুক বা না থাকুক, দালালরা লোক পাঠাচ্ছেন। তাদের অনেকের কাজ ও বৈধ কাগজপত্র নেই। ফলে অনেকে দেশে ফিরছেন”।

সাতক্ষীরার তানভিরুল ইসলাম ছয় বছর ধরে সৌদি আরবে কাজ করছেন। সম্প্রতি ছুটিতে দেশে এসে মঙ্গলবার আবার সৌদি আরব যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তানভিরুল বলেন, “সৌদি আরবের অবস্থা ভালো যাচ্ছে না। দালালের মাধ্যমে যাওয়ার পর অনেকে মালিক পাচ্ছেন না। কথা ও কাজে মিল নেই। এতে বিশৃঙ্খলা বাড়ছে”।

নয়া পল্টনের একটি রিক্রুটিং এজেন্সির মালিক মো. আলাউদ্দিন সৌরভ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “গত তিন-চার বছর ধরে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সাম্প্রতিক ইরান যুদ্ধ ও হুথিদের হামলার কারণে দেশটির শ্রমবাজারের অবনতি হয়েছে”।

তিনি আরও বলেন, “আমাদেরও কিছু করার নেই। বিকল্প দেশও পাওয়া যাচ্ছে না। তাই উদ্বুদ্ধ করেই সৌদি আরবে লোক পাঠিয়েছি”। 

আমিরাত ও ওমানের শ্রমবাজারেও অনিশ্চয়তা

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের যাওয়ার সংখ্যা চলতি বছরে বেড়েছে। তবে দেশটির শ্রমবাজারে নিয়োগের সুযোগ নিয়ে দীর্ঘদিনের সীমাবদ্ধতা রয়েছে। ২০১৬ সাল থেকে জালিয়াতির অভিযোগে বাংলাদেশি নিয়োগে কড়াকড়ি বাড়ানো হয়।

গত বছর আমিরাত সফরে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য পুরোপুরি খুলে দেওয়ার অনুরোধ জানান। পরে সেখানে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে তিনি জাল নথি, ভুয়া অভিজ্ঞতা ও শিক্ষাগত সনদ ব্যবহার করে বিদেশ যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে ছুটিতে দেশে আসা বাংলাদেশিদের ভিসা বাতিলের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে এমন কর্মীর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় চলতি মাসে ঢাকায় বিক্ষোভও করেছেন ভুক্তভোগীরা।

প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, আমিরাতের শ্রমবাজার পুরোপুরি চালুর চেষ্টা চলছে। পাশাপাশি ২০২৩ সাল থেকে বন্ধ থাকা ওমানের শ্রমবাজার খোলার উদ্যোগও অব্যাহত রয়েছে।

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর উদ্যোগ বাংলাদেশের কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি আলোচনায় আসে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ১০ হাজার কর্মীকে শূন্য খরচে বা ‘জিরো-কস্ট’ ব্যবস্থায় নেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), মালয়েশিয়া কর্তৃক নির্বাচিত ২৫টি প্রধান রিক্রুটিং এজেন্সি এবং তাদের সহযোগী এজেন্সিগুলোর যুক্ত থাকার কথা রয়েছে।

এবার শূন্য খরচে কর্মী পাঠানোর উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে নিয়োগের শর্ত, কর্মী নির্বাচনের স্বচ্ছতা, এজেন্সিগুলোর জবাবদিহি ও অভিবাসন ব্যয় পর্যবেক্ষণের ওপর।

জাপানে কর্মী পাঠানোর নতুন সম্ভাবনা

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অনিশ্চয়তার মধ্যে জাপান দীর্ঘমেয়াদি বিকল্প হতে পারে। বাংলাদেশ ও জাপানের মধ্যে ১৭ অক্টোবর ২০২৬ কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ে ‘ইএসডিপি-এমওসি’ নামে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি নিয়োগ শুরুর কথা রয়েছে। প্রাথমিক মেয়াদ পাঁচ বছর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা