ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১০:৫৩ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দেশে দুধ, মাংস ও ডিম উৎপাদন বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রাণিজ পণ্যের রপ্তানি বাড়ছে। ২০২৬ সালের মার্চ থেকে আগস্টÑ এই ছয় মাসে প্রাণিজ পণ্য রপ্তানি করে আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৭২৭ ডলার। আগের ছয় মাসের তুলনায় এই আয় বেড়েছে ২১৭ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে শুধু আগস্ট মাসেই রপ্তানি আয় হয়েছে ৪৮ লাখ ৮২ হাজার ৯৫ ডলার, যা আগের ছয় মাসের সম্মিলিত আয়ের চেয়েও বেশি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে প্রাণিজ পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৩২ লাখ ৯৮ হাজার ৬৬২ ডলার। পরবর্তী ছয় মাসে আয় বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৭২৭ ডলারে। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৭১ লাখ ৬৫ হাজার ৬৫ ডলার।
মাসভিত্তিক হিসাবেও রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৬ সালের মার্চে আয় হয়েছিল ৬ লাখ ৭৮ হাজার ১২৯ ডলার। এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ১০ লাখ ৪৮ হাজার ৯০৩ ডলারে। মে মাসে আয় কিছুটা কমে ৭ লাখ ৫০ হাজার ৮০৮ ডলার হলেও জুনে তা বেড়ে হয় ১১ লাখ ৯৮ হাজার ৭৭৮ ডলার। জুলাইয়ে আয় হয় ১৯ লাখ ৫ হাজার ১৪ ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৪৮ লাখ ৮২ হাজার ৯৫ ডলারে।
রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধি পরবর্তী অর্থবছরের প্রথম তিন মাসেও অব্যাহত রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রাণিজ পণ্য রপ্তানি করে আয় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ১৭০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৯৩ কোটি ৮ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সেপ্টেম্বরে এক মাসেই আয় হয়েছে ৮৬ লাখ ৫৯ হাজার ৮৬১ ডলার।
দুধ, মাংস ও ডিম উৎপাদনেও অগ্রগতি
রপ্তানির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদনেও অগ্রগতি হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের পরিসংখ্যান অনুযায়ী এ সময়ে দেশে দুধ উৎপাদিত হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ টন। আগের অর্থবছরে উৎপাদনের পরিমাণ ছিল ১৫৫ দশমিক ৩৮ লাখ টন। এক বছরে উৎপাদন বেড়েছে ২ দশমিক ১৫ লাখ টন।
দুগ্ধ উৎপাদন বাড়াতে গবাদিপশুর জাত উন্নয়ন, উন্নত পশুখাদ্য সরবরাহ, রোগ নিয়ন্ত্রণ ও খামার ব্যবস্থাপনার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৪ হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজারসংযোগ, প্রাণী বীমা ও দুধের ভোক্তা তৈরিতে কাজ করা হয়েছে। স্কুল ফিডিং কার্যক্রমের মাধ্যমেও শিশুদের মধ্যে দুধ পানের অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাংস উৎপাদনেও প্রবৃদ্ধি রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশে মাংস উৎপাদিত হয়েছিল ৮৯ দশমিক ৫৪ লাখ টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৯০ দশমিক ৭০ লাখ টন। একই সময়ে দেশে গরুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ দশমিক ২৯ লাখ এবং ছাগলের সংখ্যা ২৭৪ দশমিক ৬৫ লাখে।
পোল্ট্রি খাতেও উৎপাদন বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ডিম উৎপাদিত হয়েছে ২ হাজার ৫০৯ কোটি ৪১ লাখ। আগের অর্থবছরে উৎপাদন হয়েছিল ২ হাজার ৪৪০ কোটি ৬৫ লাখ। অর্থাৎ এক বছরে ডিম উৎপাদন বেড়েছে ৬৮ কোটি ৭৬ লাখ।
গ্রামীণ অর্থনীতিতে অবদান বাড়ছে
প্রাণিসম্পদ খাতের সঙ্গে দেশের বিপুল সংখ্যক পরিবার যুক্ত। অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের মোট পরিবারের ৪৩ দশমিক ৬৪ শতাংশ কোনো না কোনোভাবে প্রাণিসম্পদ ও পোল্ট্রি পালনের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে ১১ দশমিক ১৫ শতাংশ পরিবার শুধু প্রাণিসম্পদ পালন এবং ২৩ দশমিক ৫২ শতাংশ পরিবার শুধু পোল্ট্রি পালনের সঙ্গে যুক্ত।
২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। মোট কৃষিজ জিডিপিতে এ খাতের অংশ ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে খাতটির জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ।
রপ্তানি ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
প্রাণিজ পণ্য রপ্তানি আয় বাড়লেও আন্তর্জাতিক বাজারে এই অবস্থান ধরে রাখা সহজ হবে না। এজন্য পণ্যের গুণগত মান, খাদ্য নিরাপত্তা, রোগ নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মানদণ্ড অনুসরণ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগার, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ কারখানা ও মানসম্মত প্যাকেজিং সুবিধা গড়ে তোলা প্রয়োজন।
উৎপাদন বাড়লেই রপ্তানি বাজার সম্প্রসারণ সম্ভব নয়। বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি এবং ধারাবাহিকভাবে মান বজায় রাখার সক্ষমতাও প্রয়োজন। এ ক্ষেত্রে নতুন বাজার অনুসন্ধান ও রপ্তানি গন্তব্যের বৈচিত্র্য বাড়ানোর ওপর জোর দিতে হবে।
জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে টেকসই, আধুনিক ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে অধিদপ্তর। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ, উন্নত জাতের সম্প্রসারণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে”।
তিনি আরও বলেন, “সরকারি-বেসরকারি অংশীদারত্ব ও উদ্যোক্তাদের সহযোগিতায় আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্যের রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে”।