গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে বেশি দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে গিয়ে অতিরিক্ত ব্যয়ের মুখে পড়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসেই এলএনজি আমদানিতে পেট্রোবাংলার ভর্তুকি ব্যয় দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০০ কোটি টাকা। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে বরাদ্দের প্রায় আড়াই গুণ অর্থ ইতোমধ্যে খরচ হয়ে গেছে। বাড়তি ব্যয় মেটাতে অর্থ মন্ত্রণালয়কে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর পর্যন্ত এলএনজি আমদানিতে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছে ১৬ হাজার ৩০০ কোটি টাকা। গত অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ সালে এ খাতে মোট ভর্তুকি ব্যয় হয়েছিল ১৪ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসের ব্যয়ই আগের পুরো বছরের ব্যয়ের চেয়ে ১ হাজার ৭০০ কোটি টাকা বেশি।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সংস্থাটির জন্য এলএনজি আমদানিতে ভর্তুকি বাবদ ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ ছিল। তবে জ্বালানির বাড়তি ব্যয়ের কারণে নির্ধারিত বরাদ্দ ছাড়িয়ে গেছে। গ্যাসের সরবরাহ অব্যাহত রাখতে অর্থ মন্ত্রণালয়কে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে হয়েছে।
চুক্তির বাইরে সরবরাহে বেড়েছে ব্যয়
বাংলাদেশের এলএনজি আমদানির ব্যয় বাড়ার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন। এ পরিস্থিতিতে আগের দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। সরবরাহের ঘাটতি মেটাতে বাংলাদেশকে নতুন সরবরাহকারী এবং খোলাবাজার থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে।
পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত কয়েক মাসে ২৩টি এলএনজি কার্গো কেনা হয়েছে। এর বেশিরভাগই এসেছে খোলাবাজার থেকে। এসব চালান আমদানি ব্যয় বাড়ানোর পাশাপাশি ভর্তুকির চাহিদাও বাড়িয়েছে।
যুদ্ধের আগে দীর্ঘমেয়াদি সরবরাহকারীদের সঙ্গে করা ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় প্রতি এমএমবিটিইউ এলএনজি কিনতে প্রায় ১৪ ডলার খরচ হতো। কিন্তু নতুন দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় দাম বেড়ে প্রায় ৩০ ডলারে পৌঁছেছে। এসব চুক্তিতে খোলাবাজারের দামের সঙ্গে সম্পর্কিত জেকেএম মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
আগের দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তিগুলোর দাম ব্রেন্ট অপরিশোধিত তেলের দরের সঙ্গে সম্পর্কিত ছিল। নতুন চুক্তিতে জেকেএমভিত্তিক মূল্য নির্ধারণের ফলে আমদানি ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ জানুয়ারি থেকে কাতারএনার্জি, ওকিউ ট্রেডিং ইন্টারন্যাশনাল এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় এলএনজি আমদানি শুরু করে। এসব সরবরাহকারীর পাশাপাশি আগের সরবরাহকারীদের কাছ থেকেও গ্যাস পাওয়ার কথা ছিল। নতুন চুক্তির আওতায় আমদানি শুরুর পর ফেব্রুয়ারি পর্যন্ত খোলাবাজার থেকে এলএনজি কেনার পরিমাণ কমিয়েছিল বাংলাদেশ। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও সরবরাহ বিঘ্নের কারণে পরিস্থিতি বদলে যায়।
ভর্তুকির ব্যয় বাড়ছে ধারাবাহিকভাবে
এলএনজি আমদানিতে সরকারের ভর্তুকি ব্যয় কয়েক বছর ধরেই বাড়ছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে এ খাতে ভর্তুকি ছিল ২ হাজার ৫০০ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা হয়। ২০২১-২২ অর্থবছরে এ ব্যয় ছিল ৩ হাজার ৪৯৭ কোটি টাকা।
পরবর্তী সময়ে ভর্তুকির পরিমাণ আরও বাড়ে। ২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ৩৩২ কোটি এবং ২০২৪-২৫ অর্থবছরে ৮ হাজার ৯০০ কোটি টাকা ব্যয় হয়। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ১৪ হাজার ৬০০ কোটি টাকায় দাঁড়ায়। চলতি অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসেই ব্যয় আগের বছরের মোট অঙ্ককে ছাড়িয়ে গেছে।
এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, যুদ্ধ বন্ধ না হলে এবং হরমুজ দিয়ে বাংলাদেশগামী এলএনজি পরিবহনে বাধা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে এ খাতে ভর্তুকির প্রয়োজন আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম
বেশি দামে এলএনজি আমদানি করেও দেশের গ্যাসের চাহিদা পূরণ করা যাচ্ছে না। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর দেশে দৈনিক গ্যাস সরবরাহ ছিল প্রায় ২৫৩ কোটি ৭০ লাখ ঘনফুট। এর মধ্যে পুনরায় গ্যাসে রূপান্তরিত এলএনজির সরবরাহ ছিল ৯৫ কোটি ২০ লাখ ঘনফুট। বিপরীতে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট।
অর্থাৎ দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ কম ছিল প্রায় ১৪৬ কোটি ৩০ লাখ ঘনফুট। এ ঘাটতি সামাল দিতে শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন গ্রাহকের মধ্যে গ্যাস সরবরাহ সীমিত রাখতে হচ্ছে পেট্রোবাংলাকে।
২০১৮ সালে এলএনজি আমদানি শুরুর পর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ৩ কোটি ৯৬৩ দশমিক ৬ হাজার টন এলএনজি আমদানি করেছে। এ সময়ে মোট কার্গোর সংখ্যা ছিল ৬৩৯টি।
একদিকে এলএনজি আমদানিতে বাড়তি ব্যয় একদিকে সরকারের ভর্তুকির প্রয়োজন বাড়াচ্ছে, অন্যদিকে আমদানি করা গ্যাসের সরবরাহ দিয়েও চাহিদার ঘাটতি পূরণ হচ্ছে না। মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি কেনার ব্যয় আরও বাড়তে পারে। সেক্ষেত্রে চলতি অর্থবছরে ভর্তুকির জন্য নতুন করে অর্থের সংস্থান করতে হবে সরকারকে।