ছবি: সম্পাদিত
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী ১০ বছরে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ। ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো ও জলবায়ু কর্মপরিকল্পনা বাস্তবায়নে মোট প্রয়োজন ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার। এর বাইরে ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন আরও প্রায় ২৩০ বিলিয়ন ডলার।
বিপুল এই অর্থের সংস্থান, আন্তর্জাতিক অনুদান আদায় এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির অর্থায়ন নিশ্চিত করাই আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের প্রধান লক্ষ্য। এ সম্মেলন সামনে রেখে ইতোমধ্যেই চলছে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, আলোচনার অবস্থানপত্র তৈরি, বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ এবং বাংলাদেশের প্যাভিলিয়ন ও পার্শ্ববৈঠকের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে যাচ্ছে প্রতিনিধিদল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায়, জলবায়ু সম্মেলনের মূল আলোচনায় বাংলাদেশের অগ্রাধিকার নির্ধারণ, আন্তর্জাতিক দরকষাকষি এবং জলবায়ু অর্থায়ন নিয়ে প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কপ-৩১ প্রস্তুতির জন্য একটি কারিগরি সমন্বয় কমিটি ও তিনটি উপকমিটি গঠন করে। সমন্বয় কমিটিতে বাংলাদেশের অবস্থানপত্র, প্যাভিলিয়ন স্থাপন, পার্শ্ববৈঠক আয়োজন এবং প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয় চূড়ান্ত করা হয়।
এ ছাড়াও এ বৈঠকে ন্যায্য জ্বালানি রূপান্তর, ইউরোপীয় ইউনিয়নের কার্বন সীমান্ত সমন্বয় ব্যবস্থা (সিবিএএম), আঞ্চলিক সহযোগিতা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে প্রয়োজনভিত্তিক কারিগরি প্রতিবেদন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যালোচনা করা হয় স্বল্পোন্নত দেশগুলোর জোট ও উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সমন্বয়ের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ভুটানের অভিন্ন স্বার্থে যৌথ অবস্থান তৈরির সম্ভাবনা। সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিল, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পরিবেশবান্ধব পাটপণ্যের প্রদর্শনীর উদ্যোগও নেওয়া হয়েছে।
১০ বছরে প্রয়োজন ১১৬ বিলিয়ন ডলার
বাংলাদেশের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০২৬-২০৩৫ সময়ে জলবায়ু কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার পাওয়া যেতে পারে আন্তর্জাতিক সহায়তা থেকে। মোট চাহিদার বড় অংশই বিদেশি অর্থায়নের ওপর নির্ভরশীল। এই পরিকল্পনায় ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২০ দশমিক ৩১ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় (ন্যাপ) ২০২৩-২০৫০ সময়কালে ১১৩টি কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন প্রায় ২৩০ বিলিয়ন ডলার। এ পরিকল্পনায় বন্যা, ঘূর্ণিঝড়, উপকূলীয় লবণাক্ততা, নদীভাঙন, খরা, পানিসংকট, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামোর ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগের কথা বলা হয়েছে।
সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য প্রস্তাবিত জলবায়ু বাজেট ৫১ হাজার ৭৪৬ কোটি টাকা। আগের অর্থবছরে এ বরাদ্দ ছিল ৪১ হাজার ২০৯ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দ বেড়েছে প্রায় ২৫ দশমিক ৬ শতাংশ। নতুন বাজেটের মধ্যে ৩৮ হাজার ৯০৬ কোটি টাকা, অর্থাৎ ৭৫ দশমিক ২ শতাংশ অভিযোজনমূলক কার্যক্রমে ব্যয়ের জন্য রাখা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে জলবায়ু-সম্পর্কিত ৫২২টি প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ৩৭ হাজার ১৩২ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে অভিযোজন প্রকল্পে ২৭ হাজার ৬০৮ কোটি ৪৪ লাখ এবং নিঃসরণ কমানোর প্রকল্পে ৯ হাজার ৫২৩ কোটি ৯৯ লাখ টাকা।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন শাখার পরিচালক মির্জা শওকত আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “শিল্প খাতের নিঃসরণ কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের দাবি কার্যকরভাবে তুলে ধরতে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ও সুনির্দিষ্ট যে কর্মপরিকল্পনা প্রয়োজন তা সম্পন্ন করা হয়েছে। আসন্ন সম্মেলনে বাংলাদেশ তার অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরতে পারবে”।
চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেছেন, “জলবায়ু অর্থায়নের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে। ক্ষয়ক্ষতি ও অভিযোজনের জন্য ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদান এবং ঝুঁকির ভিত্তিতে অর্থ বরাদ্দ নিশ্চিত করা দরকার”।
তার হিসাবে, জলবায়ু পরিবর্তনজনিত বার্ষিক ক্ষতি বাংলাদেশের জিডিপির ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত হতে পারে। কোনো কোনো পরিস্থিতিতে তা ৬ থেকে ৭ শতাংশে পৌঁছতে পারে।
বাংলাদেশের তিন লক্ষ্য
উপকূলীয় এলাকা ও সুন্দরবন-সংলগ্ন একটি নির্বাচনি এলাকার জনপ্রতিনিধি শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় খুবই সীমিত। অথচ দেশটি এর অভিঘাতের শিকার হচ্ছে। কপ-৩১-এ বাংলাদেশের সামনে তিনটি তাৎক্ষণিক আর্থিক লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছেÑ এনডিসি বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তার ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলারের চাহিদা নিয়ে দরকষাকষি; অভিযোজন পরিকল্পনার অর্থায়ন ঘাটতি কমানো এবং ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থ পাওয়ার কার্যকর পথ নিশ্চিত করা”।
তিনি আশা করেন, এবারের সম্মেলনে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ প্রতিশ্রুতি আদায়ে সক্ষম হবে।