প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৫:০৪ পিএম
এক্সপোর প্রস্তুতি উপলক্ষে সোমবার দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা, চেম্বার প্রতিনিধি ও সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস
দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দেশীয় উৎপাদকদের সঙ্গে বৈশ্বিক ক্রেতাদের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–ঢাকা ২০২৬’। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) তিন দিনব্যাপী এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। এতে ১২টি খাতের অংশগ্রহণে ২০০টির বেশি স্টল থাকবে বলে আশা করছেন আয়োজকেরা।
এক্সপোর প্রস্তুতি উপলক্ষে সোমবার স্থানীয় একটি হোটেলে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা, চেম্বার প্রতিনিধি ও সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি এবং বিদেশি ক্রেতাদের কাছে দেশীয় পণ্য তুলে ধরতে এ এক্সপো কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, “গত বছর প্রথমবারের মতো এ এক্সপোর আয়োজন করা হয়। এবার আগের আটটি খাতের পরিবর্তে ১২টি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে পণ্যের বৈচিত্র্য বাড়ার পাশাপাশি বিভিন্ন খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগও সম্প্রসারিত হবে”।
আন্তর্জাতিক মানসম্পন্ন বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে এক্সপোটিকে গড়ে তুলতে সেমিনার, ব্যবসায়ী-ক্রেতাদের সরাসরি বৈঠক (বিটুবি), অনলাইন ম্যাচমেকিং পোর্টাল, নেটওয়ার্কিং এবং কারখানা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মোহাম্মদ হাসান আরিফ আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়াতে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস, আন্তর্জাতিক ক্রেতা সমিতি ও যৌথ বাণিজ্য চেম্বারগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণ সহজ করতে নিবন্ধিত ক্রেতাদের জন্য হোটেলে বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ রয়েছে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণকারী অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ছাড়ের সুযোগের বিষয়টিও তুলে ধরা হয়।
নতুন বাজার অনুসন্ধানে গুরুত্ব
মতবিনিময় সভায় ব্যবসায়ী সংগঠন ও খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা এক্সপোর আন্তর্জাতিক প্রচার বাড়ানো, বিদেশি ক্রেতাদের সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে স্টল ও প্যাভিলিয়ন সাজানোর ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, আগেভাগে মেলার তারিখ নির্ধারণ, মানসম্মত পণ্য নির্বাচন, আন্তর্জাতিক ইভেন্ট ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগানো এবং মেলা-পরবর্তী সময়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা জরুরি।
ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে নতুন ক্রেতা অনুসন্ধান, আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে আগাম যোগাযোগ স্থাপনের বিষয়েও আলোচনা হয়। ব্যবসায়ী প্রতিনিধিরা মনে করেন, এসব উদ্যোগের মাধ্যমে মেলায় তৈরি হওয়া ব্যবসায়িক সম্ভাবনাকে বাস্তব রপ্তানি আদেশে রূপ দেওয়া সম্ভব।
প্লাস্টিক, হিমায়িত খাদ্য, মৎস্য, পাট, আসবাবপত্র ও ওষুধসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরার ওপর জোর দেন। একই সঙ্গে কমপ্লায়েন্স-সংক্রান্ত জটিলতা নিরসন, বিদ্যমান নীতিমালা সময়োপযোগী করা, বুথের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখা এবং রপ্তানিকারকদের জন্য সহায়ক পরিবেশ তৈরির প্রস্তাব দেওয়া হয়।
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব
এক্সপোতে নারী উদ্যোক্তা ও এসএমই প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউইএবি) প্রতিনিধি নারী উদ্যোক্তাদের জন্য অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ, নারী পরিচালিত এসএমই প্রতিষ্ঠানের বুথ স্পনসরশিপ এবং দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব দেন।
সভায় এক্সপোর বুথ ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রচারে বরাদ্দ বৃদ্ধি এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে মেলা-পরবর্তী কার্যকর যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের প্রত্যাশা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, রপ্তানিকারক, আন্তর্জাতিক ক্রেতা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সমন্বিত অংশগ্রহণে গ্লোবাল সোর্সিং এক্সপো–ঢাকা ২০২৬ দেশের রপ্তানি সম্প্রসারণ, পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দেশীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে এ আয়োজন কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।