গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কৃষিতে কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং গ্রামীণ নারীদের পরিবেশবান্ধব ব্যবসা গড়ে তুলতে বাংলাদেশকে ৪ লাখ ৪৭ হাজার ডলার অনুদান দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এ অর্থে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে একটি প্রকল্পে কীটনাশক ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো হবে, অন্যটির লক্ষ্য গ্রামীণ নারীদের সবুজ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা করা।
এ লক্ষ্যে রোববার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এফএওর মধ্যে দুটি চুক্তি সই হয়েছে। ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে এফএওর প্রতিনিধি জিয়াওকুন শি চুক্তিতে সই করেন।
দুটি প্রকল্পের জন্য বরাদ্দের মধ্যে ২ লাখ ডলার ব্যয় হবে কীটনাশকের জীবনচক্রভিত্তিক ব্যবস্থাপনা উন্নয়নে। চার বছর মেয়াদি এ প্রকল্পের নাম ‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটিজ ফর লাইফসাইকেল ম্যানেজমেন্ট অব পেস্টিসাইডস’। বাকি ২ লাখ ৪৭ হাজার ডলার বরাদ্দ দেওয়া হয়েছে গ্রামীণ নারীদের পরিবেশবান্ধব ব্যবসা গড়ে তোলার জন্য। ‘গ্রিন রুটস উইমেনস ফার্ম ল্যাবস’ নামের এ প্রকল্পের মেয়াদ ২৪ মাস।
কীটনাশকের নিরাপদ ব্যবস্থাপনায় নজর
কীটনাশকের ব্যবহার, নিবন্ধন ও অবশিষ্টাংশ পরীক্ষার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে কৃষিপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এফএও। সংস্থাটির সহায়তায় নেওয়া চার বছর মেয়াদি প্রকল্পে কীটনাশক ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধালার হালনাগাদ, ডিজিটাল নিবন্ধনব্যবস্থা চালু, আইন প্রয়োগ জোরদার এবং পরীক্ষাগারের সক্ষমতা উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি কৃষকদের নিরাপদ উপায়ে কীটনাশক ব্যবহারের বিষয়ে সচেতন করা হবে।
প্রকল্পের নথিতে বলা হয়েছে, বাংলাদেশের ৩০ শতাংশের বেশি সবজিতে কীটনাশকের অবশিষ্টাংশ অনুমোদিত মাত্রার চেয়ে বেশি রয়েছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং কৃষিপণ্যে অবশিষ্টাংশ পরীক্ষার সক্ষমতা বাড়ানো প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
কৃষিতে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে শুধু প্রয়োগের নিয়ম জানাই যথেষ্ট নয়; এর নিবন্ধন, নিয়ন্ত্রণ ও অবশিষ্টাংশ পরীক্ষার ব্যবস্থাও কার্যকর থাকা প্রয়োজন। প্রকল্পে এসব ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল নিবন্ধনব্যবস্থা এবং উন্নত পরীক্ষাগার এ কার্যক্রমের অংশ। প্রকল্পটি এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির আওতায় বাস্তবায়িত হবে। এতে অর্থায়ন করছে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়।
গ্রামীণ নারীদের সবুজ ব্যবসায় সহায়তা
দ্বিতীয় প্রকল্পটির লক্ষ্য গ্রামীণ নারীদের পরিবেশবান্ধব ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালনায় সহায়তা করা। এ জন্য তাঁদের প্রশিক্ষণ, উপযোগী প্রযুক্তি ব্যবহার, অর্থায়নের সুযোগ এবং বাজারে প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এফএওর কৃষক মাঠ স্কুল পদ্ধতির ভিত্তিতে প্রকল্পটি সাজানো হয়েছে। এ পদ্ধতিতে প্রশিক্ষণ ও হাতে-কলমে শেখার মাধ্যমে কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করা হয়। নতুন উদ্যোগে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারীদের পরিবেশবান্ধব ব্যবসা গড়ে তুলতে সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশের পাশাপাশি উগান্ডায়ও পরীক্ষামূলকভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২৪ মাসের এ উদ্যোগে প্রশিক্ষণের পাশাপাশি অর্থায়ন ও বাজারসংযোগের সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। ফলে শুধু ব্যবসা শুরুর প্রস্তুতি নয়, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা পাওয়ার বিষয়টিও প্রকল্পের আওতায় থাকছে।
দুটি প্রকল্পের লক্ষ্য আলাদা হলেও কৃষি ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে উভয়ের সম্পর্ক রয়েছে। একটি উদ্যোগে কীটনাশকের নিরাপদ ব্যবস্থাপনা ও পরীক্ষার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে, অন্যটিতে গ্রামীণ নারীদের পরিবেশবান্ধব ব্যবসার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।