প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১০:৪৮ এএম
বাংলাদেশ-সৌদি আরব যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (সাবিনকো) মূলধন বাড়াতে নতুন করে ১০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ নিজে সমপরিমাণ অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবও সমান অর্থ দিলে প্রতিষ্ঠানটির মূলধন বাড়ানোর জন্য মোট ২০ কোটি ডলারের তহবিল তৈরি হবে।
এ লক্ষ্যে সৌদি আরবের অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি আরব সফরকে সামনে রেখে প্রস্তাবটি দ্রুত এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গত ৫ অক্টোবর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে একটি চিঠি দেন। এতে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদানের কাছে পাঠানোর জন্য প্রস্তাবিত চিঠির খসড়া এবং একটি কৌশলগত পরিকল্পনা সংযুক্ত করা হয়। অর্থমন্ত্রীর অনুমোদন ও স্বাক্ষরের পর চিঠিটি সৌদি পক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৭ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নথিগুলো অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের কাছে পাঠায়। অর্থ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবটি পরবর্তী পদক্ষেপ এবং প্রয়োজনীয় অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।
চার দশকের যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান
১৯৮৪ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সমান মালিকানার যৌথ উদ্যোগ হিসেবে সাবিনকো প্রতিষ্ঠিত হয়। চার দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম ও উন্নয়ন অর্থায়নে যুক্ত রয়েছে বলে অর্থমন্ত্রীর কাছে পাঠানোর জন্য তৈরি চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত মূলধন বাড়ানোর পরিকল্পনার শিরোনাম দেওয়া হয়েছে ‘ক্যাপিটাল এক্সপ্যানশন, বাইল্যাটারাল ইকুইটি রিক্যাপিটালাইজেশন অ্যান্ড জয়েন্ট সভরেন গ্যারান্টি ফ্রেমওয়ার্ক (২০২৬-২০৩০)’। সাবিনকোর সঙ্গে পরামর্শ করে এটি তৈরি করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন মূলধন যুক্ত হলে প্রতিষ্ঠানটির বিনিয়োগ সক্ষমতা বাড়বে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হিমাগার ও শীতল সরবরাহব্যবস্থা, ওষুধ ও ওষুধের সক্রিয় উপাদান উৎপাদন, স্বাস্থ্যসেবা এবং উন্নত উৎপাদনশিল্পে অর্থায়নের সুযোগ তৈরি হবে।
সৌদি বিনিয়োগকারীদের জন্যও সুযোগ
প্রস্তাবিত বিনিয়োগের পক্ষে সৌদি আরবের সম্ভাব্য অর্থনৈতিক সুবিধাগুলোও তুলে ধরেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে খাদ্য সরবরাহ নিশ্চিত করা, ওষুধশিল্পে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানো।
বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও শীতল সরবরাহব্যবস্থায় বিনিয়োগ সৌদি বাজারে নির্ভরযোগ্য খাদ্য সরবরাহে সহায়তা করতে পারে। এতে সৌদি আরবের খাদ্যনিরাপত্তা-সংক্রান্ত লক্ষ্য পূরণেও ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে প্রস্তাবিত চিঠিতে বলা হয়েছে।
একইভাবে বাংলাদেশে ওষুধ ও ওষুধের সক্রিয় উপাদান উৎপাদনের সক্ষমতা বাড়লে সৌদি ওষুধ কোম্পানিগুলোর জন্য সরবরাহের নতুন সুযোগ তৈরি হতে পারে। সাবিনকো বাংলাদেশে এবং বৃহত্তর দক্ষিণ এশিয়ার বাজারে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী সৌদি প্রতিষ্ঠানগুলোর স্থানীয় অর্থায়ন ও যৌথ বিনিয়োগ সহযোগী হিসেবেও কাজ করতে পারে।
উন্নয়ন অর্থায়ন পাওয়ার লক্ষ্য
সরকারের পরিকল্পনায় শুধু দুই দেশের বিনিয়োগ বাড়ানোই নয়, বহুপক্ষীয় ও আরব উন্নয়ন সংস্থাগুলোর কাছ থেকে সহজ শর্তে অতিরিক্ত অর্থায়ন সংগ্রহের বিষয়টিও রয়েছে। দুই দেশের প্রস্তাবিত মূলধনকে কাজে লাগিয়ে এ ধরনের অর্থায়ন সংগ্রহ করা গেলে সাবিনকোর বিনিয়োগ সক্ষমতা আরও বাড়তে পারে। প্রস্তাবিত বিনিয়োগ খাতগুলো সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এখন প্রস্তাবটি বাস্তবায়নের প্রথম ধাপ হলো বাংলাদেশের অর্থমন্ত্রীর অনুমোদন ও স্বাক্ষরের পর সৌদি আরবের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো। এরপর সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে সমপরিমাণ বিনিয়োগের বিষয়টি। দুই দেশ প্রস্তাবিত অর্থায়নে সম্মত হলে সাবিনকোর জন্য নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে এবং কৃষি, জ্বালানি, ওষুধ ও উৎপাদনশিল্পে অর্থায়ন সম্প্রসারণের সুযোগ বাড়বে।