× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণ পরিশোধেই ব্যয় হয় রাজস্বের ১৪ ভাগ, চাপে নিম্নআয়ের দেশ

আসাদুজ্জামান সম্রাট, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১০:০৭ এএম

ঋণ পরিশোধেই ব্যয় হয় রাজস্বের ১৪ ভাগ, চাপে নিম্নআয়ের দেশ

ঋণের সুদ পরিশোধে নিম্নআয়ের দেশগুলোর রাজস্ব আয়ের ১৪ শতাংশ ব্যয় হচ্ছে, যা কয়েক বছর আগেও ছিল ৮ শতাংশ। মূল্যস্ফীতি, উচ্চ সুদ ও বৈশ্বিক সংকটের চাপে এসব দেশের উন্নয়ন ব্যয় সংকুচিত হওয়ার ঝুঁকি বাড়ছে।

এ পরিস্থিতিতে ঋণ পুনর্গঠন দ্রুত করা, সহজ শর্তে অর্থায়ন বাড়ানো এবং দরিদ্র দেশগুলোর আর্থিক সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএসএনসিসি) আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ষষ্ঠ দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে সৌদি আরবের অর্থমন্ত্রী ও আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটির (আইএমএফসি) চেয়ারম্যান মোহাম্মদ আল-জাদান উপস্থিত ছিলেন। ব্রিফিং পরিচালনা করেন আইএমএফের যোগাযোগ বিভাগের পরিচালক জুলি কোজাক।

জর্জিয়েভা বলেন, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে কিছু দেশ অগ্রগতি অর্জন করলেও উচ্চ সুদের কারণে ঋণ পরিশোধের ব্যয় বেড়েছে। ফলে সরকারগুলোর রাজস্ব আয়ের বড় অংশ ঋণ পরিশোধে চলে যাচ্ছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, পণ্যমূল্য বাড়লে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং অর্থনৈতিক অনিশ্চয়তা জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে। এ পরিস্থিতি মোকাবিলায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কার্যকর রাজস্বনীতি ও সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানোর পরিবেশ তৈরি করতে হবে।

ঋণের চাপে উন্নয়ন ব্যয়

আইএমএফের প্রধানের বক্তব্য অনুযায়ী, ঋণ সংকট মূল্যায়নে মোট ঋণ বা জিডিপির অনুপাতের পাশাপাশি সুদের হার, পরিশোধের সময়সীমা ও রাজস্ব আয়ের ওপর প্রভাব বিবেচনা জরুরি। নিম্নআয়ের কিছু দেশে ঋণের অনুপাত কমলেও উচ্চ সুদ ও কঠিন শর্তের কারণে আর্থিক চাপ রয়ে গেছে। এ অবস্থায় সংকট মোকাবিলায় নির্বিচারে ব্যয় কমানোর বদলে প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখা খাতে ব্যয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন জর্জিয়েভা। নিম্নআয়ের দেশগুলোর অর্থায়নের সুযোগ বাড়াতে আইএমএফের দারিদ্র্য হ্রাস ও প্রবৃদ্ধি সহায়তা তহবিলের (পিআরজিটি) জন্য অতিরিক্ত সহায়তা সংগ্রহের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। 

যুদ্ধের অভিঘাত ও বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি

ব্যাংককের সম্মেলনে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি, বাণিজ্যিক উত্তেজনা ও ভূরাজনৈতিক বিভাজন বৈশ্বিক অর্থনীতির বড় ঝুঁকি হিসেবে উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-জাদআনের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এ পরিস্থিতিতে স্বল্পমেয়াদি অর্থায়ন সংকটে থাকা দেশগুলোকে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নআয়ের ও সংঘাতকবলিত দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তাও উঠে এসেছে। বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে আমদানি ব্যয়, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি ভর্তুকির ওপর চাপ বাড়তে পারে। এতে উন্নয়ন ব্যয় অব্যাহত রাখা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হতে পারে।

এআইয়ের সম্ভাবনা, নতুন উদ্বেগ

সম্মেলনের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশও গুরুত্ব পেয়েছে। এআই উৎপাদনশীলতা ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করলেও কর্মসংস্থান, আর্থিক স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সুবিধার অসম বণ্টন নিয়ে উদ্বেগ রয়েছে। প্রযুক্তির সুফল কাজে লাগাতে দক্ষতা উন্নয়ন, কার্যকর নীতি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

সম্মেলনের বাইরে ঋণনীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ

আনুষ্ঠানিক আলোচনার বাইরে বিশ্বব্যাংক ও আইএমএফের নীতির বিরুদ্ধে বিক্ষোভও সম্মেলনের অন্যতম আলোচিত বিষয়। আন্দোলনকারীদের অভিযোগ, কঠোর ঋণশর্ত ও কাঠামোগত সংস্কারের চাপ দরিদ্র দেশগুলোর নীতিনির্ধারণের স্বাধীনতা সীমিত করছে। ‘পিপলস নেটওয়ার্ক এগেইনস্ট ওয়ার্ল্ড ব্যাংক-আইএমএফ’ ও থাইল্যান্ডের ‘অ্যাসেম্বলি অব দ্য পুওর’-এর নেতৃত্বে আন্দোলনকারীরা অন্যায্য বৈশ্বিক ঋণ বাতিল, ঋণগ্রহণে জনগণের তদারকি এবং খাদ্য সার্বভৌমত্ব ও স্থানীয় পরিবেশ সুরক্ষার দাবি জানান। তাদের মতে, পরিবেশ রক্ষার নামে স্থানীয় মানুষের জমি ও জীবিকা ক্ষতিগ্রস্ত করে বহুজাতিক পুঁজির স্বার্থ রক্ষা করা যাবে না।

সব মিলিয়ে ব্যাংককের বার্ষিক সভায় একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছেÑ ঋণ পরিশোধ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গিয়ে উন্নয়নশীল দেশগুলো কতটা সামাজিক ও উন্নয়ন ব্যয় ধরে রাখতে পারবে। আইএমএফের বক্তব্যে সহজ শর্তে অর্থায়ন ও কার্যকর ঋণ ব্যবস্থাপনার গুরুত্ব উঠে এসেছে। আর বিক্ষোভকারীরা আন্তর্জাতিক আর্থিক নীতির সামাজিক মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ঋণের বোঝা কমানোর পাশাপাশি প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাই এখন এসব দেশের বড় চ্যালেঞ্জ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা