আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ছবি: সংগৃহীত
বাজেট-পরবর্তী অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তোষ প্রকাশ করেছে। তবে তাদের কাছ থেকে নতুন ঋণসহায়তা নিতে হলে শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। এই শর্তপূরণে সংস্কার কার্যক্রমে বাংলাদেশের নিজস্ব অগ্রাধিকার ও কৌশল গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে সরকার। এ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্বল আর্থিক খাতের সংস্কার এবং রাজস্ব আয় বাড়ানোর ওপর জোর দিচ্ছে আইএমএফ।
থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বৃহস্পতিবার এসব বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। একই সময়ে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আইএমএফের কর্মকর্তারাও সংস্থাটির পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে ঋণ নিতে হলে শর্ত থাকবে এবং তা পূরণ করতে হবে। কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে দুই পক্ষকে সমঝোতায় পৌঁছতে হবে।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে সম্মতি আছে বাংলাদেশেরও। এরই মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে, বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে।
সংস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের প্রশ্ন রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দুই পক্ষেরই কিছু পর্যবেক্ষণ রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অগ্রগতিও হয়েছে। বাজেট-পরবর্তী অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান তিনি।
নিজস্ব অগ্রাধিকারে সংস্কারের সুযোগ
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আইএমএফ, বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের নিজস্ব অগ্রাধিকার ও সংস্কার কৌশলের ভিত্তিতে সহায়তা দেওয়ার বিষয়টি স্পষ্ট করছে। এতে দেশের পরিকল্পনা অনুযায়ী সংস্কার এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিতুমীরের ভাষ্য, আইএমএফ ও বিশ্বব্যাংকের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক এবং চীন ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে।
আইএমএফের ঋণসহায়তা পেতে শর্ত বাধা হবে কি নাÑ এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়গুলো নির্ধারিত প্রক্রিয়ায় এগোবে। সরকার দ্রুত ও কার্যকরভাবে পদক্ষেপ বাস্তবায়নে আশাবাদী।
প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের পূর্বাভাসের বিষয়ে তিতুমীর বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়িত না হলে অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, সে বিবেচনায়ও পূর্বাভাস দেখতে হবে। তার দাবি, আইএমএফের প্রক্ষেপণ সাধারণত কিছুটা সংরক্ষণশীল। সংস্থাটির আর্টিকেল ফোর মিশনের প্রতিবেদনে প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৭ শতাংশ উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সরকার চলতি অর্থবছরের বাজেটে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং তা অর্জনের ব্যাপারে আশাবাদী।
মূল্যস্ফীতি সম্পর্কে উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি অতীত থেকে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপও বর্তমান পরিস্থিতিকে জটিল করেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং ঝুঁকিতে থাকা পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আইএমএফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় শুধু কঠোর মুদ্রানীতি যথেষ্ট নয় বলে মনে করে সংস্থাটি। এর পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনা ও আর্থিক খাতে কাঠামোগত সংস্কার জরুরি।
ব্যাংককে বার্ষিক সভার ফাঁকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক সোনালি জৈন চন্দ্র বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি কঠোর রাখা গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি অন্যান্য সংস্কারও প্রয়োজন। বাংলাদেশ বর্তমানে রাজস্ব ব্যবস্থাপনা, আর্থিক খাত ও মূল্যস্ফীতিÑ এই তিন ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে রয়েছে।
আর্থিক খাত ও রাজস্ব আয় বাড়ানোর তাগিদ
বাংলাদেশের আর্থিক খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। সংস্থাটির মতে, আর্থিক খাতের সক্ষমতা বাড়ানো এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য সংস্কার কৌশল প্রয়োজন। কাঠামোগত দুর্বলতা দূর করা না গেলে টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।
রাজস্ব আহরণ বাড়ানোও বড় চ্যালেঞ্জ। আইএমএফের তথ্য অনুযায়ী, বাংলাদেশে রাজস্ব-জিডিপি অনুপাত বর্তমানে প্রায় ৭ শতাংশ, যা বিশ্বের সর্বনিম্ন অনুপাতগুলোর একটি। উন্নয়ন ব্যয় নির্বাহ এবং আর্থিক খাতকে শক্তিশালী করতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি করব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
নতুন ঋণ কর্মসূচির বিষয়ে আইএমএফের কর্মকর্তারা জানান, আগের কর্মসূচির আওতায় আর ঋণের কিস্তি না নেওয়ার সিদ্ধান্তের পর গত মে মাসে বাংলাদেশ নতুন কর্মসূচির জন্য অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে গত জুলাইয়ে আইএমএফের প্রতিনিধিদল ঢাকা সফর করে। ওই সফরে আলোচিত সংস্কারগুলোর সঙ্গে চলতি বছরের আর্টিকেল ফোর পরামর্শের সুপারিশগুলোর ঘনিষ্ঠ সামঞ্জস্য রয়েছে।
জুলাইয়ের সফরের পর থেকে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সংস্থাটির যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করতে বাংলাদেশকে সহায়তা দিতে আইএমএফ আগ্রহী বলে জানিয়েছেন সোনালি জৈন চন্দ্র।
সব মিলিয়ে নতুন ঋণ কর্মসূচি নিয়ে বাংলাদেশের সামনে দুটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেÑ ঋণদাতার শর্ত পূরণ এবং দেশের নিজস্ব অর্থনৈতিক অগ্রাধিকার অনুযায়ী সংস্কার বাস্তবায়ন। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের দুর্বলতা কাটানো ও রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে কার্যকর অগ্রগতি দেখাতে হবে সরকারকে।