ঢাকার লেকশোর হোটেলে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল, ভ্রমণ, ডাইনিং ও পেমেন্ট সুবিধা নিয়ে ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। নতুন এ কার্ডে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ক্রেডিট লিমিট, আট গুণ রিওয়ার্ড পয়েন্ট, বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় বিশেষ অফার রয়েছে।
ঢাকার লেকশোর হোটেলে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নাজমুল হুদা সরকার, হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংকটি জানিয়েছে, গ্রাহকদের উন্নত ও আকর্ষণীয় পেমেন্ট অভিজ্ঞতা দিতে কার্ডটি চালু করা হয়েছে। এতে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ক্রেডিট লিমিটের পাশাপাশি সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত সুবিধা, স্বাস্থ্য পরীক্ষার সুযোগ, প্রতিটি খরচে আট গুণ রিওয়ার্ড পয়েন্ট এবং ডুয়াল কারেন্সি ব্যবহারের সুবিধা রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন লাউঞ্জ ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুযোগ, বিমানবন্দরে পিকআপ ও ড্রপ সেবা এবং দেশজুড়ে বিভিন্ন মার্চেন্ট আউটলেটে ছাড় ও কিস্তিতে মূল্য পরিশোধের (ইএমআই) সুবিধা পাবেন কার্ডধারীরা।
কার্ডটির ওয়েলকাম অফারে সর্বোচ্চ ১৯ হাজার রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বার্ষিক ফি মওকুফ, বিনা মূল্যে বুফে ডাইনিং ও হোটেলে থাকার সুবিধা, বিভিন্ন ভ্রমণ অফার এবং নির্বাচিত শীর্ষস্থানীয় হোটেলে বছরজুড়ে ‘বাই ওয়ান গেট ওয়ান/টু/থ্রি ফ্রি’ সুবিধা দেওয়া হবে। এসব অফার প্রযোজ্য শর্তাবলির ভিত্তিতে কার্যকর হবে।
কার্ডটিতে সর্বোচ্চ ৯৫ শতাংশ পর্যন্ত ফান্ড ট্রান্সফার, বিমা সুবিধা এবং অনলাইন কেনাকাটার পাশাপাশি টিউশন ফি, ইউটিলিটি বিল ও মোবাইল টপ-আপ পরিশোধের সুযোগ রয়েছে। গ্রাহকরা মিডল্যান্ড অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কার্ড পরিচালনা করতে পারবেন। এ ছাড়া এনএফসি প্রযুক্তিনির্ভর কন্ট্যাক্টলেস পেমেন্ট এবং প্রযোজ্য শর্তে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ নির্বাচিত মোবাইল আর্থিক সেবা (এমএফএস) থেকে বিনা মূল্যে অ্যাড মানি করার সুবিধাও থাকছে।
ব্যাংকটির মতে, নতুন এ ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে তাদের কার্ডসেবা আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে গ্রাহকদের আধুনিক, সহজ ও বাড়তি সুবিধাসম্পন্ন ব্যাংকিং সেবা দেওয়ার প্রচেষ্টাও এগিয়ে যাবে।