আসাদুজ্জামান সম্রাট, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১১:১৭ এএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
ঋণনির্ভর অর্থায়ন কমিয়ে সরাসরি ও যৌথ বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। একই সঙ্গে কৃষি খাতে সহায়তার জন্য জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) সঙ্গে আলোচনা এবং ঋণ ব্যবস্থাপনায় সহযোগিতা ও অনুদান বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যাশা তুলে ধরেছে সরকার। ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনের সাইডলাইন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের সংস্কার কৌশলের প্রতি বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের আস্থা তৈরি হয়েছে। অর্থায়ন, ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি, বিনিয়োগ ও সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অগ্রগতি আশা করছে সরকার।
ঋণের বদলে বিনিয়োগে গুরুত্ব
চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশের অর্থায়ন কাঠামো পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে। শুধু সার্বভৌম ঋণ বা অন্যান্য ঋণনির্ভর ব্যবস্থায় আটকে না থেকে ইকুইটি বিনিয়োগ, সরাসরি বিদেশি বিনিয়োগ ও যৌথ অংশীদারত্বের দিকে যেতে চায় বাংলাদেশ”।
অর্থমন্ত্রী বলেন, “সরকারের অর্থনৈতিক নীতিতে বিনিয়োগ বাড়ানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কারণে ঋণ থেকে ধীরে ধীরে সরে এসে বিনিয়োগ ও অংশীদারত্বের দিকে যাওয়ার বিষয়ে এক্সিম ব্যাংকের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। ভবিষ্যতে চীনের সহযোগিতায় যেসব বিনিয়োগ হবে, সেগুলোতে ঋণের পরিবর্তে বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রকল্প, বিনিয়োগের পরিমাণ কিংবা বাস্তবায়নের সময়সীমা ঘোষণা করা হয়নি”।
কৃষি সহায়তায় আইএফএডির সঙ্গে আলোচনা
কৃষি খাতের বর্তমান চাহিদা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নিয়ে আইএফএডির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তার ভাষায়, আলোচনা ভালো হয়েছে। কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থান সচল রাখতে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। তবে আইএফএডির সঙ্গে আলোচনায় নতুন কোনো প্রকল্প, ঋণ বা অনুদানের নির্দিষ্ট অঙ্ক কিংবা অর্থ ছাড়ের সময়সীমা জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের কাছে অনুদান চেয়েছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ঋণ ব্যবস্থাপনায় সহায়তা এবং সামগ্রিক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে মার্কিন অনুদান প্রদানকারী সংস্থাগুলোর কাছ থেকে বাংলাদেশকে সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ, জ্বালানি তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য মার্কিন সহায়তা আসা উচিত বলে বৈঠকে জোর দিয়ে বলা হয়েছে”।
অর্থমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ বৈদেশিক লেনদেনের ভারসাম্য উন্নত করতে কাজ করছে। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে যে প্রত্যাশা জানিয়ে আসছে, তা পূরণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে অনুদান ও অন্যান্য সহায়তার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, আলোচনায় মার্কিন প্রতিনিধিরা বিষয়টির সঙ্গে একমত হয়েছেন”।
তবে কোনো নির্দিষ্ট অনুদান বা অর্থায়ন চূড়ান্ত হয়েছে কি না, তা জানাননি তিনি।
অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক আস্থার দাবি
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “বিশ্বব্যাংক, আইএমএফসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনায় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার পরিকল্পনা ও তা বাস্তবায়নের কৌশল তুলে ধরা হয়েছে। তার দাবি, অংশীদাররা সরকারের পরিকল্পনাকে বাস্তবসম্মত মনে করছেন”।
সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণ কমানো, করের হার না বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া। তিতুমীর বলেন, “দেশের কর-জিডিপি অনুপাত ৭ শতাংশের নিচে। করের আওতা বাড়ানো, কর ফাঁকি রোধ এবং কর প্রশাসনকে প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে রাজস্ব আয় বাড়াতে চায় সরকার”।
রাজস্ব নীতিনির্ধারণ ও রাজস্ব আহরণের দায়িত্ব পৃথক করার বিষয়ে গঠিত কমিটি প্রতিবেদন দিয়েছে বলেও জানান তিনি।
ব্যাংক খাত ও সামাজিক সুরক্ষায় উদ্যোগ
ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করা, দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে সময়সীমাভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করা ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে প্রায় ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ অর্থায়ন প্যাকেজের কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের পরিবার ও কৃষকদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিতুমীরের প্রত্যাশাÑ বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, চীনের এক্সিম ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অর্থায়নের বিষয়ে অগ্রগতি আনবে। তবে এসব আলোচনার বাস্তব ফল নির্ভর করবে অর্থায়নের পরিমাণ, শর্ত, চুক্তি ও অর্থ ছাড়ের সিদ্ধান্তের ওপর। ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের উন্নয়ন অর্থায়নের কাঠামোয় পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।