× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজে হামলার উদ্বেগ, তবু কমল বিশ্ববাজারে তেলের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১১:০১ এএম

বৃহস্পতিবার রাত ১টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৯ ডলার কমে ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমে আসে। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার রাত ১টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৯ ডলার কমে ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমে আসে। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এই উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগের কারণে বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। ফলে সরবরাহ বিঘ্নের আশঙ্কা এবং পরিবহন ব্যয় কমার সম্ভাবনা- দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবে ওঠানামা করছে তেলের বাজার।

গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার রাত ১টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৯ ডলার কমে ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমে আসে। আগের দিনের তুলনায় দাম কমেছে ১ দশমিক ৩১ শতাংশ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়। এতে আগের দিনের মূল্যবৃদ্ধির ধারা থেমে যায়।

এর আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরামকোর সদর দপ্তরে হামলার পর তেলের সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়। এর সঙ্গে যুক্ত হয় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঘিরে নিরাপত্তাঝুঁকি।

ইরানও জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্যবস্তু করা এবং তেলের দাম উচ্চপর্যায়ে রাখতে তারা নতুন কৌশল প্রয়োগ করছে। এদিকে বুধবার সামুদ্রিক পরিবহন কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় প্রণালীর কাছে পৃথক দুটি ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তুর আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।

গত ১০ দিনে হরমুজ প্রণালীর আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবেই তারা হামলা জোরদার করছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। এতে তেলের দাম বাড়ার ঝুঁকি রয়েছে। তবে জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ বাজারে স্বস্তির সম্ভাবনা তৈরি করেছে।

এই পরিস্থিতিতে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা একদিকে দাম বাড়ার চাপ তৈরি করছে, অন্যদিকে পরিবহন ব্যয় কমার সম্ভাবনা দাম কমাতে ভূমিকা রাখছে। দুই বিপরীতমুখী প্রভাবের কারণে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার তেলের দাম নিম্নমুখী হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা