পণ্য ও সেবার গুণগত মানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার দেশে নানা আয়জনে পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস। তিন মান সংস্থা- আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও), আন্তর্জাতিক ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) যৌথ ঘোষণায় এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাননো হয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্যকে গুরুত্ব দিয়ে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এর মূল বার্তা হলো কেবল জ্বালানি উৎপাদনই নয়, উৎপাদিত জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোচ্চ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা।
এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই ইতোমধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি মান প্রণয়ন করেছে। সার্বিকভাবে সংস্থাটি এ পর্যন্ত ৪ হাজার ৬৩১টি জাতীয় মান প্রণয়ন ও নিয়মিত আন্তর্জাতিক মানে হালনাগাদ করছে। পাশাপাশি বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে জার্মান প্রযুক্তির আধুনিক সান সিমুলেটর ল্যাবরেটরির মাধ্যমে ১ হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল পরীক্ষার সক্ষমতা তৈরি করা হয়েছে।
এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বিএসটিআই। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আলোচনা সভায় বিশেষ অতিথি থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দিবেন এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক। এতে সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।
এ ছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার, বিটিআরসির মাধ্যমে গ্রাহকদের সচেতনতামূলক ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণ এবং বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।