আসাদুজ্জামান সম্রাট, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ০৯:১১ এএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বব্যাংকের সঙ্গে অতিরিক্ত অর্থায়নসহ সহযোগিতার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, সামষ্টিক স্থিতিশীলতা এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংকের সঙ্গে অতিরিক্ত ঋণ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে লাগতে পারে আরও কয়েক মাস। এরই মধ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সময়ে গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করেছে সংস্থাটি।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মঙ্গলবার আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়ার্দের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে আমির খসরু বলেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। এটি একটি চলমান আলোচনা। আলোচনা শেষে পরবর্তী সময়ে দুই পক্ষের করণীয় ও সিদ্ধান্ত নির্ধারিত হবে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি নানা সংকটের মধ্যে ছিল। আগের সময়ের আর্থিক দায় এবং বৈশ্বিক যুদ্ধ ও সংঘাতের কারণে সৃষ্ট চাপ মোকাবিলা করতে হচ্ছে সরকারকে। এসব বাস্তবতা বিশ্বব্যাংক অনুধাবন করছে। সরকারের অর্থনৈতিক নীতি এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের অবস্থানের উল্লেখযোগ্য সামঞ্জস্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় সম্ভাব্য অংশীদারত্বের কাঠামো এবং ভবিষ্যতে কোন ধরনের প্রকল্প নেওয়া হবে, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তবে সম্ভাব্য অর্থায়ন বা সহযোগিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আলোচনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রবৃদ্ধি কমার পূর্বাভাস
আইএমএফের মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ হতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এটি ১ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কম। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ ও বিশ্বব্যাংক ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কার পাশাপাশি মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে ওঠার পূর্বাভাস অর্থনীতিতে দ্বিমুখী চাপের ইঙ্গিত দিচ্ছে। প্রবৃদ্ধির গতি কমলে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবার ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর এর চাপ বেশি পড়তে পারে।
বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম বাড়লে আমদানিনির্ভর বাংলাদেশের উৎপাদন ও পরিবহন ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে অভ্যন্তরীণ বাজারে এর প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে বিনিময় হার, পণ্যের সরবরাহ এবং সরকারের নীতিগত পদক্ষেপের ওপর।
বিশ্ব অর্থনীতিতেও অনিশ্চয়তা
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ১ শতাংশ, যা ২০২৭ সালে বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে দাঁড়াতে পারে। এ বছর বৈশ্বিক মূল্যস্ফীতি ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ২০২৭ সালে তা কমে ৪ দশমিক ১ শতাংশ হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি ও খাদ্যবাজারে নতুন চাপ তৈরি করেছে। সংঘাত আরও তীব্র হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া, পণ্যের দাম বৃদ্ধি ও বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা বাড়তে পারে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা করছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির পূর্বাভাস নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, সরকার বাজেটে নির্ধারিত লক্ষ্য অর্জনের ব্যাপারে আশাবাদী। অন্য প্রতিষ্ঠানের পূর্বাভাস নিয়ে বিতর্কে না গিয়ে সরকার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চায়।