প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১১:৫৫ এএম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের ইজারা চুক্তি আজ। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি অবশেষে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে বন্দরের ১৫ বছরের পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আজ বিকাল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি সই হবে।
অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দাখিল করা প্রস্তাব অনুযায়ী সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো ইয়ার্ডের (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রকল্পের অধীনে বন্দর কর্তৃপক্ষ এ চুক্তি সই করবে।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কন্টেইনার ওঠানো-নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। এই টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন চলছে। এই প্রক্রিয়া বাতিলের দাবিতে গত ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি। চুক্তি করা হলে বন্দর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার জন্য রেয়াতি চুক্তির খসড়া ১ অক্টোবর নীতিগতভাবে অনুমোদন করা হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চুক্তির দিনক্ষণ ঠিক করা হলো।
গত অর্থবছরে এনসিটি দিয়ে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কন্টেইনার ওঠানো-নামানো হয়েছে। এটি বন্দরের মোট কন্টেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।
এনসিটি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা এই টার্মিনাল পরিচালনা করবে।
বন্দরের অন্য তিনটি টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ বা জিসিবি ও চিটাগং কন্টেইনার টার্মিনাল বা সিসিটি দেশীয় অপারেটররা পরিচালনা করছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আরএসজিটিআই।