আপেল-মাল্টা বেচাকেনা
হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১১:৩৮ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:২৮ পিএম
৯ মাসের গড় শুল্কায়ন মূল্য বিবেচনায় আপেল ও মাল্টার ব্যবধান তুলনামূলক কম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আপেল ও মাল্টার আমদানি মূল্য ও শুল্কায়ন মূল্যে বড় পার্থক্য না থাকলেও সম্প্রতি খুচরা বাজারে দুই ফলের দামে বড় ব্যবধান দেখা গেছে। একপর্যায়ে প্রতি কেজি আপেল ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হলেও মাল্টার দাম উঠেছিল ৫০০ থেকে ৫২০ টাকা পর্যন্ত। অর্থাৎ একই সময়ে মাল্টা কিনতে ক্রেতাকে আপেলের চেয়ে কেজিতে সর্বোচ্চ ১৭০ টাকা বেশি দিতে হয়েছে। এ দামের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠেছে বাজার ব্যবস্থাপনা ও সরবরাহব্যবস্থা নিয়ে।
চলতি বছরের ৩০ আগস্ট ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বাদশা ফ্রুট মার্কেট লিমিটেড ২৪ হাজার কেজি মাল্টা আমদানি করে। চালানটির প্রতি কেজির ঘোষিত আমদানি মূল্য ছিল ৭০ সেন্ট। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর মূল্য দাঁড়ায় প্রায় ৮৬ টাকা। বর্তমানে মাল্টা আমদানিতে মোট শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ শতাংশ। এ হিসাবে ওই মূল্যের ওপর শুল্ক-কর দাঁড়ায় প্রায় ১০৫ টাকা। ফলে শুল্ক-করসহ আমদানি পর্যায়ের মূল্য দাঁড়ায় প্রায় ১৯১ টাকা।
একই দিনে ঢাকার আরেক আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এইচকে ফ্রুটস ইন্টারন্যাশনাল ২০ হাজার ৭৯০ কেজি আপেল আমদানি করে। প্রতি কেজির ঘোষিত আমদানি মূল্য ছিল ৭০ সেন্ট। প্রতি ডলার ১২৩ টাকা ৫৭ পয়সা হিসাবে এর মূল্য দাঁড়ায় প্রায় ৮৬ টাকা ৫০ পয়সা। একই হারে শুল্ক-কর হিসাব করলে তা হয় প্রায় ১০৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ শুল্ক-করসহ আমদানি পর্যায়ের মূল্য দাঁড়ায় প্রায় ১৯২ টাকা।
অর্থাৎ ওই দুটি চালানের ক্ষেত্রে ঘোষিত আমদানি মূল্য এবং শুল্ক-কর বিবেচনায় আপেল ও মাল্টার মধ্যে পার্থক্য খুবই কম। তবে আমদানির পর বন্দর, পরিবহন, গুদাম, খালাসসহ অন্যান্য ব্যয় যুক্ত হওয়ার কারণে খুচরা বাজারে পণ্যের চূড়ান্ত দাম আরও বাড়ে। এসব ব্যয়ের পর কোন পর্যায়ে কত মূল্য যুক্ত হচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে আপেল আমদানি হয়েছে ১৩ কোটি ৭২ লাখ ৪ হাজার ২০৯ কেজি। একই সময়ে মাল্টা আমদানি হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৫৭৯ কেজি।
প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ৯ মাসে আমদানি করা আপেলের ঘোষিত মূল্য ছিল কেজিপ্রতি ৩১ সেন্ট থেকে ২ ডলার ৫০ সেন্ট পর্যন্ত। এর প্রায় ৮০ শতাংশ চালানের ঘোষিত মূল্য ছিল ৭০ সেন্ট বা তার আশপাশে। গড় ঘোষিত মূল্য ছিল ৭২ সেন্ট। ডলারের বিনিময় হার বিবেচনায় এর মূল্য প্রায় ৮৮ টাকা।
আপেলের ক্ষেত্রে গড় শুল্কায়ন মূল্য ছিল ৭৭ সেন্ট বা প্রায় ৯৫ টাকা। এর ওপর ১২১ দশমিক ৭৮ শতাংশ শুল্ক-কর হিসাব করলে প্রতি কেজিতে কর দাঁড়ায় প্রায় ১১৬ টাকা। ফলে শুল্ক-করসহ মূল্য দাঁড়ায় প্রায় ২১১ টাকা।
মাল্টার ক্ষেত্রে ৯ মাসে ঘোষিত আমদানি মূল্য ছিল কেজিপ্রতি ২৯ সেন্ট থেকে ৩ ডলার পর্যন্ত। এর প্রায় ৮০ শতাংশ চালানের ঘোষিত মূল্য ছিল ৬০ সেন্টের কম। গড় ঘোষিত মূল্য ছিল ৬১ সেন্ট বা প্রায় ৭৫ টাকা।
মাল্টার গড় শুল্কায়ন মূল্য ছিল ৭৫ সেন্ট বা প্রায় ৯২ টাকা। এর ওপর ১২১ দশমিক ৭৮ শতাংশ শুল্ক-কর যোগ করলে প্রতি কেজিতে কর দাঁড়ায় প্রায় ১১২ টাকা। ফলে শুল্ক-করসহ আমদানি পর্যায়ের মূল্য দাঁড়ায় প্রায় ২০৪ টাকা। অর্থাৎ ৯ মাসের গড় শুল্কায়ন মূল্য বিবেচনায়ও আপেল ও মাল্টার ব্যবধান তুলনামূলক কম।
তবে বাজারে চিত্র ছিল ভিন্ন। এক সপ্তাহ আগে মাল্টা ৫০০ থেকে ৫২০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে বলে ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সময়ে আপেল বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজিতে। বর্তমানে মাল্টার দাম কিছুটা কমে ৪৫০ থেকে ৪৮০ টাকার মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবার ব্যবসায়ী সংগঠনের একজন নেতা জানিয়েছেন, কিছু বাজারে এখন খুচরা মাল্টা ৩৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগে আপেলের তুলনায় মাল্টার দাম এত বেশি দেখা যায়নি। তার মতে, বাড়তি চাহিদার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী দাম বাড়িয়েছেন। বাজার তদারকি জোরদার হলে এ ধরনের সুযোগ কমবে বলেও তিনি মনে করেন।
তবে ব্যবসায়ীরা দাম বাড়ার পেছনে সরবরাহ ঘাটতি, চাহিদা বৃদ্ধি, জ্বালানি তেলের দাম এবং পরিবহন ব্যয়ের কথা বলছেন। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বলেন, সম্প্রতি মাল্টার সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি চাহিদা বেড়েছিল। এর সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। এখন আমদানি বাড়ায় দাম কমছে।
ফলে আপেল ও মাল্টার আমদানি মূল্য এবং শুল্ক-করসহ প্রাথমিক ব্যয়ের তুলনামূলক হিসাব দামের ব্যবধানের পুরো ব্যাখ্যা দিচ্ছে না। বাজারে আমদানির পর পরিবহন, সংরক্ষণ, পাইকারি ও খুচরা পর্যায়ে কত টাকা করে যুক্ত হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না হলে মাল্টার দামে এত বড় ব্যবধানের কারণও পুরোপুরি পরিষ্কার হবে না।