× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টোকিওর আন্তর্জাতিক ফ্যাশন প্রদর্শনীতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২২:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানের টোকিওতে বিশ্বের অন্যতম বৃহৎ প্রদর্শনী ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও (অটাম) ২০২৬’-এ বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৈশ্বিক বাজারে দেশের তৈরি পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের সক্ষমতা তুলে ধরতে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশের ৩০টি প্রতিষ্ঠান।

বুধবার টোকিও বিগ সাইটে আয়োজিত অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্যাভিলিয়নের উদ্বোধন করেন।

মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ২৫টি বাংলাদেশি কোম্পানি মোট ২৭টি বুথ নিয়ে অংশ নিয়েছে। এছাড়া আরও ৫টি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় প্রদর্শনীতে অংশ নিচ্ছে। উদ্বোধন শেষে রাষ্ট্রদূত স্টলগুলো ঘুরে দেখেন এবং প্রদর্শিত পণ্যের উচ্চমান দেখে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্যাভিলিয়ন পরিদর্শনের পর প্রদর্শনীর এক্সহিবিশন হলে ‘বাংলাদেশ: সোর্সিং এক্সিলেন্স ফর অ্যাপারেল, হোম টেক্সটাইল অ্যান্ড লেদার প্রোডাক্টস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। টোকিওতে বাংলাদেশ দূতাবাস ও ইপিবির যৌথ উদ্যোগে এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) সহায়তায় আয়োজিত এই সেমিনারে দুই দেশের আমদানিকারক, বিনিয়োগকারী ও বিভিন্ন ট্রেডিং হাউসের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, “বাংলাদেশ কেবল পণ্য উৎপাদনকারী দেশই নয়, বরং জাপানি উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য সোর্সিং ও বিনিয়োগ অংশীদার। পোশাক, টেক্সটাইল, চামড়া ও পাদুকা, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশ শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে। প্রতিযোগিতামূলক দাম এবং দক্ষ ও তরুণ জনশক্তির কারণে বিশ্ববাজারে বাংলাদেশ সুনাম অর্জন করেছে।”

তৈরি পোশাক খাতের অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এ খাত থেকে বছরে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়। ইউনিক্লো, এইচঅ্যান্ডএম, জারা ও ওয়ালমার্টের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর অন্যতম আস্থার নাম বাংলাদেশ। এছাড়া পরিবেশবান্ধব উৎপাদনে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ ২৩০টির বেশি লিড-সার্টিফায়েড সবুজ কারখানা রয়েছে বাংলাদেশে।

তিনি আরও জানান, তৈরি পোশাকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও পাদুকা শিল্প। বর্তমানে এ খাত থেকে বার্ষিক আয় প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে জেট্রোর গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো এক উপস্থাপনায় জানান, কঠোর আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে পণ্য উৎপাদন করায় জাপানি ক্রেতাদের জন্য বাংলাদেশ অন্যতম সেরা সোর্সিং গন্তব্য। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক গুণগত মান এবং সাশ্রয়ী মূল্য জাপানি ব্র্যান্ডগুলোকে প্রতিনিয়ত আকৃষ্ট করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা