প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৫:০৭ পিএম
প্রতীকী ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৪ শতাংশ হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। অর্থনীতিতে গতি ফেরাতে এবং মন্দা পরিস্থিতি এড়াতে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত ও সাহসী সংস্কার প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থাটির বিভাগীয় পরিচালক জ্যঁ পেম। এ সময় প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ড. নাজমুস সাদাত খান ও ধ্রুব শর্মা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বহিঃসম্পর্ক বিভাগের প্রধান মেহেরিন এ মাহবুব।
জ্যঁ পেম বলেন, প্রবৃদ্ধি পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের জরুরি ভিত্তিতে আর্থিক, জ্বালানি ও রাজস্ব সংস্কার প্রয়োজন। জ্বালানি খাতের ক্রমবর্ধমান সংকট, আর্থিক খাতের দুর্বলতা ও দুর্বল অভ্যন্তরীণ রাজস্ব আহরণের মতো দীর্ঘস্থায়ী কাঠামোগত প্রতিবন্ধকতার পাশাপাশি বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ২০২৩ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে।
সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে ২০২৬ ও ২০২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগ কার্যক্রম মন্থর হয়েছে, রপ্তানি প্রবৃদ্ধির গতি কমেছে এবং মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে এবং ব্যবসায়িক ব্যয় বেড়েছে। একই সঙ্গে আর্থিক খাতের দুর্বলতা ঋণপ্রবাহ ও বিনিয়োগকারীদের আস্থাকে প্রভাবিত করছে। সীমিত রাজস্ব আহরণের কারণে সরকারি বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।
তবে এসব প্রতিকূলতার মধ্যেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক খাতে স্থিতিশীলতা দেখা গেছে। জ্বালানি সরবরাহ পরিস্থিতির ক্রমাগত উন্নতি এবং সরকারি সংস্কার কর্মসূচির গতি বাড়ানো গেলে, ২০২৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক মন্দা এড়াতে এবং বেসরকারি বিনিয়োগনির্ভর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারায় ফিরতে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত ও সাহসী সংস্কার প্রয়োজন। দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং আরও বেশি ও উন্নত কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নিতে হবে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে। আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। কর্মসংস্থান সৃষ্টির গতি থমকে গেছে এবং নারীরা কর্মসংস্থান হারিয়েছেন। একই সময়ে ব্যাংকিং খাতের দুর্বলতাও আরও তীব্র হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খেলাপি ঋণের হার ২০২৫ সালের ডিসেম্বরের ৩০ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালের জুনে ৩৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। জিডিপির মাত্র ৮ দশমিক ৩ শতাংশ সমপরিমাণ রাজস্ব আহরণ বিশ্বের অন্যতম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ফলে প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারি ব্যয় সীমিত হয়ে পড়ছে।
এদিকে, ২০২৫ অর্থবছরে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ থাকা রাজস্ব ঘাটতি ২০২৬ অর্থবছরে বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে বৈশ্বিক ধাক্কার মধ্যেও দক্ষিণ এশিয়ার অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। চলতি বছর দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে। তবে প্রতিকূল পরিস্থিতি আরও বাড়লে ২০২৭ সালে এ অঞ্চলের প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।