× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১১:১৬ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

তুরস্কে বাংলাদেশের পণ্য রপ্তানি এক বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বরে তুরস্কে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের পণ্য। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। ফলে এক বছরে তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ। একই সময়ে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ।

রপ্তানি দ্বিগুণ হওয়ার পেছনে একক কোনো কারণ নেই বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তুরস্কের পোশাকশিল্পে উৎপাদন ও কর্মসংস্থানের চাপ, আমদানি করা পোশাকের চাহিদা এবং বাংলাদেশের বড় পরিসরে উৎপাদন সক্ষমতা, মান, প্রতিযোগিতামূলক দাম ও সময়মতো পণ্য সরবরাহ—এই বিষয়গুলোর সমন্বয়কে তারা বাজার বাড়ার প্রধান কারণ হিসেবে দেখছেন। 

তুরস্কের পোশাকশিল্পে চাপ

তুরস্কে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, জুতা, অপটিক্যাল পণ্য, চিকিৎসা সরঞ্জাম এবং বস্ত্রশিল্পের বিভিন্ন যন্ত্রপাতিও দেশটিতে যাচ্ছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান মনে করেন, তুরস্কে মানুষের আয় ও জীবনযাত্রার মান বাড়ায় দেশটির পোশাকশিল্প থেকে শ্রমিকরা অন্য খাতে চলে যাচ্ছেন। এতে স্থানীয় উৎপাদনে কিছুটা ঘাটতি তৈরি হচ্ছে এবং আমদানি করা পোশাকের চাহিদা বাড়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের বড় উৎপাদন সক্ষমতা, মানসম্মত পণ্য, তুলনামূলক কম দাম এবং সময়মতো সরবরাহের সক্ষমতা এই সুযোগ কাজে লাগাতে সহায়তা করছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা

তুরস্কের বাজারে তৈরি পোশাকের পাশাপাশি নতুন পণ্যের সুযোগও তৈরি হচ্ছে। বিকেএমইএর পক্ষ থেকে উচ্চমূল্যের পোশাক, কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, কারিগরি বস্ত্র, পাট ও পাটজাত পণ্য এবং জুতার মতো পণ্যে রপ্তানি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। ব্যবসায়ী পর্যায়ে মেলা, ক্রেতা-বিক্রেতা বৈঠক এবং সরাসরি যোগাযোগ বাড়ানোর কথাও বলা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফও পণ্যভিত্তিক সক্ষমতা ও বিদেশি ক্রেতাদের চাহিদা বিশ্লেষণ করে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, তৈরি পোশাকের বাইরে পাট, জুতা, অপটিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম এবং বস্ত্রশিল্পের যন্ত্রপাতির মতো পণ্যের বাজারও সম্প্রসারণ করা দরকার।

বিনিয়োগেও বাড়ছে সহযোগিতা

তুরস্কের বাজারে শুধু পণ্য রপ্তানি নয়, বিনিয়োগ ও শিল্প সহযোগিতার সম্ভাবনাও বাড়ছে। ২০২৬ সালের এপ্রিলে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, ম্যান-মেড ফাইবার ও কারিগরি বস্ত্র খাতে যৌথ বিনিয়োগ, তুরস্ক থেকে কাঁচামাল ও আধুনিক বস্ত্রযন্ত্র আমদানি এবং ইস্তাম্বুল বিমানবন্দর ও তুর্কিশ এয়ারলাইনসের মাধ্যমে পণ্য পরিবহনের সুযোগ নিয়ে আলোচনা হয়। এ ধরনের সহযোগিতা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য শুধু তুরস্কের বাজার নয়, ইউরোপ ও আশপাশের বাজারে প্রবেশের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে এ ক্ষেত্রে বিনিয়োগ, বাণিজ্যসুবিধা, লজিস্টিকস ও শুল্কসংক্রান্ত বিষয়গুলোও সমানভাবে বিবেচনায় নিতে হবে।

২ বিলিয়ন ডলারের লক্ষ্য

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যও নতুন গতি পেয়েছে। গত ৫ জুন ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, দুই দেশের বর্তমান প্রায় ১৩০ কোটি ডলারের বাণিজ্যকে ২০০ কোটি ডলারে নেওয়ার উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে।

ফলে প্রথম প্রান্তিকে বাংলাদেশের রপ্তানি ১০০ শতাংশের বেশি বাড়ার তথ্যকে শুধু একটি সাময়িক উল্লম্ফন হিসেবে না দেখে বাজার সম্প্রসারণের সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে নতুন পণ্য ও উচ্চমূল্যের পণ্যে প্রবেশ করতে হবে।

তুরস্কের বাজারে বাংলাদেশের সামনে এখন মূল চ্যালেঞ্জ হবে বাড়তি চাহিদাকে দীর্ঘমেয়াদি বাজারে রূপ দেওয়া। এর জন্য পণ্যের বৈচিত্র্য, মান, সরবরাহের ধারাবাহিকতা, ব্যবসায়ী যোগাযোগ এবং সরকারি-বেসরকারি সমন্বয় বাড়ানো প্রয়োজন। তবেই ১০০ শতাংশের বেশি প্রবৃদ্ধি একটি এককালীন ঘটনা না হয়ে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের স্থায়ী ভিত্তি তৈরি করতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা