গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
২০০৯ থেকে ২০১২ সালের ঋণ অনিয়মের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। ওই সময়ে ব্যাংকটির চার শাখায় অনিয়মের মাধ্যমে বিতরণ করা ৪ হাজার ৪২৪ কোটি ৯৩ লাখ টাকার ঋণের বড় অংশ এখনও আদায় হয়নি। এর প্রভাব পড়েছে ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থায়। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৫৩ কোটি টাকা, যা মোট ঋণের ৬৪ দশমিক ৪৯ শতাংশ। একই সঙ্গে প্রভিশন ঘাটতি ৫ হাজার ৫১ কোটি এবং মূলধন ঘাটতি ৫ হাজার ১৪৮ কোটি টাকা।
১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর ২০০৯ সাল পর্যন্ত লাভজনক ছিল বেসিক ব্যাংক। ২০০৯ সালে শেখ আবদুল হাই বাচ্চু চেয়ারম্যান হওয়ার পর ব্যাংকটির ঋণ বিতরণে বড় ধরনের অনিয়মের তথ্য সামনে আসে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের নভেম্বর পর্যন্ত চার শাখায় এসব অনিয়মের তথ্য পাওয়া যায়।
২০১০ সালে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল ৪ দশমিক ৮৩ শতাংশ। কয়েক বছরের মধ্যে তা বেড়ে ৫৭ দশমিক ১৫ শতাংশে পৌঁছায়। ২০১৩ সালে ব্যাংকটি ৫৩ কোটি টাকা নিট লোকসান করে। এরপর থেকে ব্যাংকটি ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে।
লোকসান ও ঘাটতির চাপ
ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৩ সালে বেসিক ব্যাংকের লোকসান ছিল ৪১৬ কোটি টাকা। চলতি বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের মোট আমানত ছিল ১৭ হাজার ২২৪ কোটি টাকা। ঋণ ও অগ্রিমের পরিমাণ ১২ হাজার ৫২১ কোটি টাকা। বিপরীতে খেলাপি ঋণ ৮ হাজার ১৫৩ কোটি টাকা। ব্যাংক সূত্রে জানা গেছে, পুরনো অনিয়মের প্রভাব এখনও ব্যাংকের ভাবমূর্তি ও ব্যবসায়িক কার্যক্রমে রয়েছে। আমানত সংগ্রহ ও ব্যবসা বাড়াতে ব্যাংককে এখনও আস্থার সংকট মোকাবিলা করতে হচ্ছে।
ঘুরে দাঁড়াতে চায় ৫ হাজার কোটি টাকা চায়
আর্থিক অবস্থার উন্নতি ও খেলাপি ঋণ কমাতে সরকার অথবা বাংলাদেশ ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকার স্বল্প সুদের আমানত পাওয়ার চেষ্টা করছে বেসিক ব্যাংক। প্রস্তাবটি এখনও প্রক্রিয়াধীন।
ব্যাংকের লক্ষ্য হলো উচ্চ সুদের আমানতের চাপ কমানো, তারল্য পরিস্থিতির উন্নতি এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আমানত সংগ্রহ এবং সরকারি আমানত ও ঋণ গ্রহণের অনুমোদিত ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে ব্যাংকটি। রেমিট্যান্স বাড়াতে সোনালী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের সঙ্গে কাজ করছে বেসিক ব্যাংক। বিদেশি ব্যাংকের সঙ্গে এজেন্সি চুক্তির উদ্যোগও নেওয়া হয়েছে। ঋণ আদায় বাড়াতে প্রতিটি শাখাকে প্রতি মাসে দুটি নতুন ঋণ প্রস্তাব এবং দুটি ঋণ আদায়ের পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকটির ৭২টি শাখা ও ৩৫টি উপশাখা রয়েছে।
শীর্ষ ২০ খেলাপির কাছে পাওনা ২,২৮৮ কোটি
চলতি বছরের জুন পর্যন্ত বেসিক ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছে পাওনা খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ২৮৮ কোটি ২৫ লাখ টাকা। এসব ঋণ বাংলাদেশ ব্যাংকের শ্রেণিবিন্যাস অনুযায়ী মন্দ ঋণ হিসেবে চিহ্নিত। ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব খেলাপির কাছ থেকে এখন পর্যন্ত প্রায় ৩৬ কোটি ৪০ লাখ টাকা আদায় হয়েছে। মোট পাওনার হিসাবে আদায়ের পরিমাণ প্রায় ১ দশমিক ৬ শতাংশ।
শীর্ষ খেলাপিদের মধ্যে রয়েছে আমাদের বাড়ি লিমিটেড, ক্রিস্টাল স্টিলস অ্যান্ড শিপ ব্রেকিং লিমিটেড, ওয়েস্টার্ন হাউজিং লিমিটেড, ওয়েল টেক্স লিমিটেড ও জিল ওয়্যারস লিমিটেড। এ ছাড়া কক্স’স ডেভেলপার, ম্যাপ পেপার বোর্ড মিলস, আইজি নেভিগেশন, বে নেভিগেশন ও রিজেন্ট উইভিংসহ কয়েকটি প্রতিষ্ঠানের কাছেও বড় অঙ্কের ঋণ বকেয়া রয়েছে। খেলাপিদের বিরুদ্ধে অর্থঋণ আদালত, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একীভূতকরণে বাড়ে তারল্য সংকট
২০২৪ সালের এপ্রিলে বেসিক ব্যাংককে বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার কেন্দ্রীয় ব্যাংকের বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল এটি। তবে একীভূতকরণের খবরের পর ব্যাংকটিতে আমানতকারীদের উদ্বেগ বাড়ে এবং তারল্য সংকট দেখা দেয়। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর সেই পরিকল্পনা বাতিল হয়।