× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১২:২৬ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১২:২৭ পিএম

মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনই নীতি সুদহার কমানোর পথে হাঁটেনি বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনই নীতি সুদহার কমানোর পথে হাঁটেনি বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনই নীতি সুদহার কমানোর পথে হাঁটেনি বাংলাদেশ ব্যাংক। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে ব্যাংকঋণের খরচও দ্রুত কমার সম্ভাবনা নেই। এতে নতুন ঋণ নেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে চাপ থাকবে। তবে উচ্চ সুদে ঋণের চাহিদা কম থাকায় বাজারে অতিরিক্ত অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে রাখা এবং মূল্যস্ফীতির চাপ কমানোর সুযোগ থাকে। 

বাংলাদেশ ব্যাংক বুধবার অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা করে। কেন্দ্রীয় ব্যাংকের ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির ১৪তম সভায় নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ রাখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তার সুদহার ১১ শতাংশ এবং কেন্দ্রীয় ব্যাংকে অতিরিক্ত অর্থ রাখার সুবিধার সুদহার ৭ দশমিক ৫০ শতাংশ রাখা হয়েছে। 

ঋণের খরচ ও বিনিয়োগে প্রভাব

নীতি সুদহার বেশি থাকলে ব্যাংকের তহবিল সংগ্রহের খরচ ও ঋণের সুদ কমার সুযোগ সীমিত থাকে। ফলে উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ নেওয়া ব্যয়বহুল হয়। এতে ব্যবসা সম্প্রসারণ, নতুন কারখানা স্থাপন বা মূলধনি বিনিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও। বাংলাদেশ ব্যাংক নিজেও বলেছে, উচ্চ অর্থায়ন ব্যয়, জ্বালানি সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বিনিয়োগের অনিশ্চয়তা বেসরকারি ঋণ সম্প্রসারণে বাধা তৈরি করছে। 

অন্যদিকে মূল্যস্ফীতি এখনও সরকারের নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যের ওপরে। আগস্টে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা জুনের ৯ দশমিক ১৬ শতাংশের চেয়ে কম। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ০২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে। ফলে সামগ্রিক মূল্যস্ফীতি কমলেও সব খাতে একইভাবে চাপ কমেনি। 

ত্রৈমাসিক মুদ্রানীতিতে মূল্যস্ফীতির সামনে নতুন কিছু ঝুঁকিও দেখছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারের দাম, হরমুজ প্রণালীতে বাণিজ্য চলাচলে সম্ভাব্য বিঘ্ন, দেশের বাজারে জ্বালানির দাম সমন্বয় এবং সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো এসবের মধ্যে রয়েছে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেই বাড়তি ব্যয়ের একটি অংশ পণ্যের দামে যোগ করলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। আবার বেতন বাড়লে মানুষের ব্যয় করার সক্ষমতা বাড়তে পারে, কিন্তু সরবরাহ একই হারে না বাড়লে চাহিদাজনিত মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। 

বেসরকারি ঋণে মন্থরতা

আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশে। টানা ছয় মাস ধরে এই প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। উচ্চ সুদের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের দুর্বল চাহিদা, জ্বালানি সংকট, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের ঝুঁকি ঋণের চাহিদা কমিয়ে দিয়েছে। তাই শুধু নীতি সুদহার কমালেই ঋণ প্রবাহ দ্রুত বাড়বেÑ এমন নিশ্চয়তা নেই। 

খেলাপি ঋণে বড় চাপ

মুদ্রানীতে বলা হয়েছে, ব্যাংক খাতের আরেকটি বড় সমস্যা খেলাপি ঋণ। জুন ২০২৬ শেষে খেলাপি ঋণের অনুপাত ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩৫ দশমিক ৭৩ শতাংশের তুলনায় অনুপাত কমেছে। খেলাপি ঋণ কমলে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা বাড়তে পারে। কিন্তু শুধু খেলাপি ঋণ কমলেই নতুন ঋণ বাড়বে না। ঋণের চাহিদা, ব্যাংকের মূলধন, আমানত, সুদের হার এবং বিনিয়োগ পরিবেশও এতে ভূমিকা রাখবে। 

খেলাপি ঋণ কমানো ও ব্যাংক খাত সংস্কারে সরকার এবং বাংলাদেশ ব্যাংক ১৮ মাসের একটি পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ঋণ পরিশোধের বিশেষ ব্যবস্থা, এককালীন নিষ্পত্তি এবং ব্যাংকের সম্পদের মান উন্নয়নের উদ্যোগ রয়েছে। এর লক্ষ্য হলো ব্যাংকের আর্থিক ভিত্তি শক্ত করা এবং ঋণ আদায়ের গতি বাড়ানো। 

অর্থনীতিতে ৬০ হাজার কোটি টাকার সহায়তা

বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে বন্ধ কারখানা চালুর জন্য ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ কর্মকাণ্ডে ১০ হাজার কোটি, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে ৫ হাজার কোটি এবং রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা রাখা হয়েছে। এই অর্থের উদ্দেশ্য হলো সংকটে থাকা ব্যবসা প্রতিষ্ঠানকে পুনরায় উৎপাদনে আনা এবং বিনিয়োগ বাড়ানো।

বৈদেশিক খাতে স্বস্তি, প্রবৃদ্ধিতে চাপ

২০২৫-২৬ অর্থবছরে দেশের বৈদেশিক লেনদেনের সামগ্রিক ভারসাম্যে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত ছিল। তবে নতুন অর্থবছরের শুরুতে জুলাই মাসে সামগ্রিক ভারসাম্যে ৬৩৩ মিলিয়ন ডলারের ঘাটতি দেখা গেছে। অর্থাৎ আগের অর্থবছরের স্বস্তি ধরে রাখতে রপ্তানি, রেমিট্যান্স ও বৈদেশিক অর্থপ্রবাহ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রেমিট্যান্স প্রবাহও শক্তিশালী রয়েছে। 

অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকেও চাপ রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের প্রকৃত মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে উল্লেখ করা হয়েছে। তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ২ শতাংশ এবং শিল্প উৎপাদন কমেছে শূন্য দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে বিশ্বব্যাংক ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। আইএমএফের জুলাইয়ের মূল্যায়নে পূর্বাভাস ৩ দশমিক ৫ শতাংশ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা