× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়াতে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১১ এএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতে আমদানিনির্ভর কৃত্রিম কাঁচামালের ব্যবহার কমাতে পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়াচ্ছে মডার্ন সিনটেক্স লিমিটেড। এ জন্য প্রতিষ্ঠানটিকে ৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থায়নে প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় চার গুণ বাড়বে।

মঙ্গলবার এডিবির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইদিন এডিবি ও মডার্ন সিনটেক্সের মধ্যে এ বিষয়ে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির অর্থে মডার্ন সিনটেক্সের পলিয়েস্টার চিপস উৎপাদন সক্ষমতা দৈনিক ১০৭ টন থেকে বেড়ে ৪০৭ টনে দাঁড়াবে। পাশাপাশি স্বল্পমেয়াদি স্থানীয় চলতি মূলধন ঋণ পুনঃঅর্থায়নেও এ অর্থ সহায়তা করবে। সম্প্রসারিত কারখানায় উচ্চ ‘ইন্ট্রিনসিক ভিসকোসিটি’ বা সান্দ্রতাসম্পন্ন পলিয়েস্টার চিপস তৈরি হবে। এসব চিপস তুলনামূলক বেশি মূল্যমানের বস্ত্র ও পোশাক পণ্য তৈরিতে ব্যবহৃত হবে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প অর্থনীতির বড় চালিকাশক্তি হলেও কৃত্রিম কাঁচামালের জন্য এখনও আমদানির ওপর নির্ভরতা রয়েছে। তার মতে, দীর্ঘমেয়াদি এ অর্থায়ন দেশীয় উৎপাদন বাড়ানো, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং বস্ত্র খাতে পশ্চাৎ-সংযোগ উন্নত করতে সহায়তা করবে।

প্রকল্পে জ্বালানি-সাশ্রয়ী যন্ত্রপাতি স্থাপন করা হবে। এতে বছরে প্রায় ৪ হাজার ৮৪০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় এবং প্রায় ২ হাজার ২২২ টন কার্বন-ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর আশা করা হচ্ছে। পাশাপাশি প্রায় ১০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। নারী কর্মীদের অংশগ্রহণ বাড়াতেও অন্তর্ভুক্তিমূলক নিয়োগের উদ্যোগ থাকবে। এভাবে প্রকল্পটি দেশীয় সরবরাহ বাড়ানোর পাশাপাশি বস্ত্র খাতের মূল্য সংযোজনেও ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা