দেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাইকৃত নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে। ছবি: ওয়ালটনের সৌজন্যে
নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে পেতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে তাদের ছবি ও প্রয়োজনীয় তথ্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা এবং নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম মুন অ্যালার্ট যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ নামে এ উদ্যোগ চালু করেছে।
উদ্যোগের আওতায় দেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাইকৃত নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে।
এ উপলক্ষে সোমবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ওয়ালটন প্লাজার পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদাত রহমান চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ক্রিয়েটিভ পার্টনার পপ-ফাইভের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোহাম্মদ রায়হান বলেন, “সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য দ্রুত ও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে মুন অ্যালার্টের সঙ্গে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ নিকটস্থ ওয়ালটন প্লাজায় গিয়ে সর্বশেষ নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন”।
তিনি আরও জানান, প্রয়োজন হলে মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ ও ওয়েব পোর্টালের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা এবং আগের রিপোর্টের তথ্য অনুসরণ করার সুযোগ থাকবে।
জোহেব আহমেদ বলেন, “দেশজুড়ে ওয়ালটন প্লাজার বিস্তৃত নেটওয়ার্ক ও টিভি স্ক্রিনকে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে কাজে লাগানো হচ্ছে। এর মাধ্যমে নিখোঁজদের তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে”।
মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, “যাচাইকৃত তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। ওয়ালটন প্লাজার দেশব্যাপী নেটওয়ার্ক এমন অনেক মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দিতে সহায়তা করবে, যেখানে মুন অ্যালার্টের এককভাবে পৌঁছানো কঠিন”।