প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩২ পিএম
স্যান্ডোজ এবং নেভিয়ান লাইফসায়েন্স পিএলসির লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সুইজারল্যান্ডভিত্তিক জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যান্ডোজের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করেছে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি (ভূতপূর্ব নোভার্টিস বাংলাদেশ লিমিটেড)। এ লক্ষ্যে স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডির সঙ্গে নতুন একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশে স্যান্ডোজের বিভিন্ন ওষুধ আমদানি ও বিপণন করবে নেভিয়ান লাইফসায়েন্স। এর মধ্যে বিশেষ প্রযুক্তিতে তৈরি কিছু জটিল জেনেরিক ওষুধও রয়েছে।
মধ্য ইউরোপের স্লোভেনিয়ায় অবস্থিত স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডি সুইজারল্যান্ডভিত্তিক স্যান্ডোজ এজির আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করে।
নেভিয়ান লাইফসায়েন্সের ইতিহাসও বাংলাদেশের ওষুধশিল্পের সঙ্গে দীর্ঘদিনের। ওষুধশিল্পে দুই শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্য থাকা সুইজারল্যান্ডের সিবা-গেইগি ১৯৭৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে স্যান্ডোজের সঙ্গে বৈশ্বিক একীভূতকরণের পর ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড নামে আত্মপ্রকাশ করে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটির সিংহভাগ শেয়ার ২০২৫ সালে দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস অধিগ্রহণ করে। এরপর নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে রাখা হয় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি।
নতুন নামে কার্যক্রম শুরুর পর নেভিয়ান টঙ্গীতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের জিএমপি সনদপ্রাপ্ত কারখানা থেকে বিভিন্ন লাইসেন্সিং ব্যবস্থার আওতায় নোভার্টিস ও স্যান্ডোজের একাধিক ব্র্যান্ডের ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করে আসছে।
এ ছাড়া একই কারখানায় চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার আওতায় তৈরি ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে স্যান্ডোজ।
নেভিয়ান লাইফসায়েন্সের সঙ্গে স্যান্ডোজের নতুন এ চুক্তিকে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারত্ব সম্প্রসারণের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তির আওতায় বাংলাদেশে স্যান্ডোজের আরও কিছু জটিল ও বিশেষ প্রযুক্তিতে তৈরি জেনেরিক ওষুধের সরবরাহ ও বিপণনের সুযোগ তৈরি হবে।
এর ফলে জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত স্যান্ডোজের বিভিন্ন জেনেরিক ওষুধ বাংলাদেশি রোগীদের কাছে পৌঁছানোর সুযোগ আরও বাড়বে।