প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭ পিএম
মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড ২০২৬’ গ্রহণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত অর্থনীতিবিদ প্রফেসর ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পেশাগত উচ্চশিক্ষা, গবেষণা, নেতৃত্ব এবং বিশ্বব্যাপী ইসলামিক ফাইন্যান্সের বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অর্থনীতিবিদ ও ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ।
মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনের প্রধান ব্লকে ‘বিশ্ব ইসলামিক ইকোনমি উইক ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ বর্তমানে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের সিনিয়র প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দশকের বেশি সময় ধরে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চশিক্ষা, প্রায়োগিক ও কৌশলগত গবেষণা, করপোরেট নেতৃত্ব, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এবং সরকারি ও বেসরকারি খাতে কৌশলগত পরামর্শক হিসেবে কাজ করে আসছেন।
তার গবেষণার বিশেষায়িত ক্ষেত্রের মধ্যে রয়েছে ফাইন্যান্স, বিনিয়োগ, ডিজিটাল রূপান্তর, শিল্পায়ন, জ্বালানি ও বিদ্যুৎ এবং বৈদেশিক বিনিয়োগ সহযোগিতার মডেল কাঠামো। এ ছাড়া আর্থিক প্রযুক্তি (ফিনটেক), উদীয়মান হালাল ক্রিপ্টোকারেন্সি ও ক্রিপ্টো-অ্যাসেট নিয়েও তিনি গবেষণা করছেন।
একাডেমিক পরিসরে প্রফেসর ড. মাসুম বিল্লাহ এ পর্যন্ত ৬৪টিরও বেশি বই রচনা করেছেন এবং তার ২০০টির বেশি গবেষণাপত্র ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। এসব প্রকাশনায় সমসাময়িক বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগভিত্তিক ইসলামিক ফাইন্যান্স, বিনিয়োগ এবং এর কারিগরি কাঠামো নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে করপোরেট নেতৃত্বের পাশাপাশি এশিয়া-প্যাসিফিক, আরব বিশ্ব, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা এবং সরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতায় যুক্ত রয়েছেন তিনি।
আন্তর্জাতিক এই স্বীকৃতির মাধ্যমে বৈশ্বিক ইসলামিক অর্থনীতি ও ফাইন্যান্স খাতে বাংলাদেশি বংশোদ্ভূত এই অর্থনীতিবিদের দীর্ঘদিনের একাডেমিক, গবেষণা ও পেশাগত অবদান বৈশ্বিক পরিমণ্ডলে নতুন করে প্রশংসিত হলো।