ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে শুক্রবার এই সভা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের ৩১ আগস্টের ভিত্তিতে বিভাগের ব্যবসায়িক কার্যক্রম ও বিভিন্ন সূচকের অগ্রগতি নিয়ে সভাটি আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, ঋণ বিতরণে সতর্কতা এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, “ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে গতি আনতে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে হবে। ঋণ বিতরণে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়া ও মোহাম্মদ আফজাল হোসেন।
সভায় বিভাগের বিভিন্ন জোনের ব্যবস্থাপক, কর্পোরেট শাখার নির্বাহী এবং সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশ নেন। সভায় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।