মিডল্যান্ড ব্যাংক পিএলসি আয়োজিত ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর বিজয়ী গ্রাহক ও সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মিডল্যান্ড ব্যাংক পিএলসি আয়োজিত ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর বিজয়ী গ্রাহক ও সেরা পারফরম্যান্সকারী শাখাগুলোকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী গ্রাহক ও সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ বিজয়ী গ্রাহক ও সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাজমুল হুদা সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে কেন্দ্র করে গ্রাহকদের সঞ্চয় ও আমানত বাড়াতে উৎসাহিত করার লক্ষ্যে গত ২১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ক্যাম্পেইনটি পরিচালনা করে মিডল্যান্ড ব্যাংক।
বিশ্বকাপের বিভিন্ন পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে বিভিন্ন কার্যক্রম ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।
ক্যাম্পেইনের গ্রাহক পুরস্কার ক্যাটাগরিতে নির্ধারিত আমানত স্থিতি ও অন্যান্য শর্ত অনুযায়ী সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই গ্রাহককে স্মার্টফোন দেওয়া হয়।
তারা হলেন বগুড়া শাখার মেসার্স রয় ট্রেডার্স এবং ইসলামপুর শাখার মোহাম্মদ রাশেদ।
এ ছাড়া প্রায় এক হাজার ৭৮৫ জন যোগ্য গ্রাহকের মধ্য থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজনকে বিজয়ী নির্বাচন করা হয়। তাদের প্রত্যেককে স্মার্ট টিভি দেওয়া হয়।
বিজয়ীরা হলেন বরিশাল শাখার জয় দাস, মিরপুর শাখার মো. ফয়েজউল্লাহ এবং লক্ষ্মীপুর উপশাখার জহিরুল ইসলাম।
শাখাগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেও পুরস্কার ও স্বীকৃতি দেওয়া হয়। অর্জিত পয়েন্টের ভিত্তিতে বগুড়া শাখা প্রথম, বনানী শাখা দ্বিতীয় এবং ইসলামপুর শাখা তৃতীয় হয়।
ক্যাম্পেইনের আওতায় নতুন সেভিংস (এসবি), কারেন্ট (সিডি), শর্ট নোটিশ ডিপোজিট (এসএনডি) ও ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব রাখা হয়।
ন্যূনতম ১ লাখ টাকা যোগ্য আমানত স্থিতি বজায় রাখা গ্রাহকরা এতে অংশ নেওয়ার সুযোগ পান। পাশাপাশি সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অংশ নেওয়ার সুযোগ ছিল।
অনুষ্ঠানে ইমতিয়াজ ইউ. আহমেদ বিজয়ীদের অভিনন্দন জানান এবং ক্যাম্পেইন সফল করতে গ্রাহক ও কর্মীদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ব্যাংকের পণ্য ও সেবার সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।