ব্যাংকে টাকা জমা দিচ্ছেন গ্রাহকরা। ছবি: এআই দিয়ে তৈরি
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা নেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো নিয়মিত ব্যাংকিং সময়ের বাইরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলার চিঠিতে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ ব্যাংকিং কার্যক্রমের বাইরে হলেও হজ নিবন্ধনকারীদের কাছ থেকে নিবন্ধনের টাকা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।
হজ নিবন্ধনের টাকা জমা দিতে আবেদনকারীরা যতক্ষণ শাখায় উপস্থিত থাকবেন, ততক্ষণ নিরাপদে অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৭ সালের হজ মৌসুমের নিবন্ধনের টাকা জমা দেওয়ার ব্যবস্থা সংক্রান্ত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস বিভাগ থেকে জারি করা চিঠিটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে।