× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্য আমাদের, আয় বিদেশির

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫ এএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২১ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশে আমদানি-রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহন বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না দেশীয় পতাকাবাহী কন্টেইনার জাহাজের সংখ্যা। বর্তমানে বাংলাদেশের পতাকাবাহী ফরেন গোয়িং জাহাজ রয়েছে ১০৮টি। এর মধ্যে কন্টেইনারবাহী জাহাজ মাত্র ৮টি। অথচ ২০২৫ সালে দেশে আমদানি, রপ্তানি ও খালি কন্টেইনার পরিবহন হয়েছে ২৯ লাখ ৫৭ হাজার ৮৭০ একক। সংশ্লিষ্টদের মতে, দেশীয় জাহাজের সক্ষমতা বাড়ানো না গেলে সমুদ্রপথে পণ্য পরিবহনের বড় অংশের অর্থ বিদেশি জাহাজ মালিকদের কাছেই থেকে যাবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশে আমদানি-রপ্তানি পণ্যের প্রায় ৪০ শতাংশ বাংলাদেশি পতাকাবাহী জাহাজে পরিবহনের সুযোগ রয়েছে। এই পরিমাণ পণ্য পরিবহনের জন্য প্রায় ৪৫০টি ওসান গোয়িং জাহাজ প্রয়োজন। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ১০৮টি। তার হিসাবে, দেশে আরও প্রায় ৩৫০টি পতাকাবাহী জাহাজ প্রয়োজন।

তিনি আরও বলেন, সমুদ্রপথে পণ্য পরিবহনে বাংলাদেশের বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার খরচ হয়। ওই পণ্যের ৫০ শতাংশ দেশীয় জাহাজে পরিবহন করা গেলে বছরে প্রায় ৮ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা দেশে থেকে যেত।

আইনে ৫০ শতাংশ পরিবহনের সুযোগ

উন্নয়নশীল দেশগুলোর নিজস্ব নৌ-বাণিজ্য খাত শক্তিশালী করার লক্ষ্যে ১৯৭৪ সালে আঙ্কটাড একটি কোড অব কন্ডাক্ট প্রস্তাব করে। এতে দুটি বাণিজ্য অংশীদার দেশের মধ্যকার লাইনার শিপিং বাণিজ্যের ৪০ শতাংশ পণ্য আমদানিকারক দেশের জাহাজে, ৪০ শতাংশ রপ্তানিকারক দেশের জাহাজে এবং বাকি ২০ শতাংশ তৃতীয় কোনো দেশের জাহাজে পরিবহনের সুযোগ রাখার কথা বলা হয়। আঙ্কটাডের প্রস্তাবে ৪০ শতাংশ পরিবহনের বিধান থাকলেও বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেল প্রটেক্ট আইনে তা ৫০ শতাংশ করা হয়েছে। 

আইনে এই সুযোগ থাকলেও খাতটিতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ সীমিত হওয়ায় এর সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। ফলে বাংলাদেশের পণ্য পরিবহনের বড় অংশ বিদেশি জাহাজে হচ্ছে এবং পরিবহন বাবদ অর্থ যাচ্ছে বিদেশি জাহাজ মালিকদের কাছে।

কন্টেইনার জাহাজ মাত্র ৮টি

নৌ-বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পতাকাবাহী ফরেন গোয়িং জাহাজ রয়েছে ১০৮টি। এর মধ্যে কন্টেইনারবাহী জাহাজ মাত্র ৮টি। বাকি ১০০টির মধ্যে ৯০টি কার্গোবাহী জাহাজ এবং ১০টি অয়েল ট্যাংকার। চট্টগ্রাম বন্দর থেকে চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ ইউরোপ ও আমেরিকা রুটে কন্টেইনার জাহাজ চলাচল করে। এসব রুটে এমএসসি, মার্সক, সিএমএসিজিএমসহ বিভিন্ন দেশের প্রায় ২৫টি শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি জাহাজ পরিচালনা করছে। একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম রুটে জাহাজ পরিচালনা করছে এইচআর লাইনস।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে দেশীয় প্রতিষ্ঠান এইচআর লাইনসের হাত ধরে দেশীয় পতাকাবাহী কন্টেইনার জাহাজের যাত্রা শুরু হয়। ওই বছর ‘এইচআর সাহারে’ ও ‘এইচআর সারেরা’ নামে দুটি কন্টেইনার জাহাজ দিয়ে প্রতিষ্ঠানটি কন্টেইনার পরিবহন শুরু করে। পরে প্রতিষ্ঠানটি বহরে ‘এইচআর রিয়া’, ‘এইচআর হেরা’, ‘এইচআর ফারহা’ ও ‘এইচআর আরাই’ নামে আরও চারটি কন্টেইনার জাহাজ যুক্ত করে। সর্বশেষ ২০২২ সালে ‘এইচআর বালু’ ও ‘এইচআর তুরাগ’ নামে আরও দুটি জাহাজ যুক্ত করা হয়। 

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আটটি জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর, পোর্ট কেলাং এবং চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কার কলম্বো রুটে চলাচল করছে। এসব জাহাজ প্রতি মাসে ২০ থেকে ২২ হাজার একক কন্টেইনার পরিবহন করতে পারে। বছরে এ সক্ষমতা দাঁড়ায় প্রায় আড়াই লাখ একক। 

অন্যদিকে বাংলাদেশ থেকে প্রতিবছর আমদানি, রপ্তানি ও খালি কন্টেইনার মিলিয়ে প্রায় ৩০ লাখ একক কন্টেইনার পরিবহন হয়। অর্থাৎ মোট কন্টেইনার পরিবহনের ১০ শতাংশও দেশীয় পতাকাবাহী জাহাজে হচ্ছে না। 

বাড়ছে কন্টেইনার পরিবহন

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে আমদানি, রপ্তানি ও খালি কন্টেইনার মিলিয়ে ২৭ লাখ ৫০ হাজার ৫৭৮ একক কন্টেইনার পরিবহন হয়েছে। এর মধ্যে আমদানি পণ্য ভর্তি কন্টেইনার ১৩ লাখ ৪০ হাজার ৮৩৮ একক, রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার ৮ লাখ ১৪ হাজার ৯৬৮ একক এবং খালি কন্টেইনার ৫ লাখ ৮৮ হাজার ৭৭২ একক।

২০২৩ সালে মোট কন্টেইনার পরিবহন হয় ২৫ লাখ ৩৮ হাজার ৯২১ একক। ২০২৪ সালে মোট কন্টেইনার পরিবহন হয় ২৮ লাখ ৪২ হাজার ১০৮ একক। এরপর ২০২৫ সালে কন্টেইনার পরিবহন হয় ২৯ লাখ ৫৭ হাজার ৮৭০ একক। সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত ২০২৬ সালের প্রথম আট মাসে বাংলাদেশ থেকে কন্টেইনার পরিবহন হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৮৭৪ একক। এর মধ্যে আমদানি পণ্য ভর্তি কন্টেইনার ৯ লাখ ৭৯ হাজার ৩৭৫ একক, রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার ৫ লাখ ৯৮ হাজার ৩৬৪ একক এবং খালি কন্টেইনার ৪ লাখ ৩৬ হাজার ১৩৫ একক। এসব পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ হাজারের বেশি জাহাজ আসে।

পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কন্টেইনার পরিবহন বেড়েছে ১ লাখ ১৫ হাজার ৭৬২ একক। একই সময়ে বাড়ছে বৈদেশিক বাণিজ্যও। কিন্তু সেই বাণিজ্য পরিবহনের সক্ষমতা অনুযায়ী বাড়ছে না দেশীয় পতাকাবাহী কন্টেইনার জাহাজের বহর। ফলে সমুদ্রপথে বাংলাদেশের বাণিজ্য বাড়লেও পরিবহন ব্যবসার বড় অংশ বিদেশি জাহাজ মালিকদের হাতে থাকছে।

বিনিয়োগে ঝুঁকি, নীতিগত সহায়তার দাবি

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য যখন ক্রমেই কন্টেইনার-নির্ভর হয়ে উঠছে, তখন বাংলাদেশি পতাকাবাহী জাহাজে এই পরিবহন সক্ষমতা কেন তৈরি হচ্ছে না— এ বিষয়ে নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফ্ল্যাগ ভেসেল সুরক্ষা আইনের কারণে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ অগ্রাধিকার পায়। দেশীয় পতাকাবাহী জাহাজগুলো যখন জানায় যে তাদের শিডিউল ফাঁকা নেই অথবা তারা সংশ্লিষ্ট পণ্য পরিবহন করতে পারবে না, তখন আমরা বিদেশি পতাকাবাহী জাহাজকে পণ্য পরিবহনের অনুমতি দিতে ওয়েবার সার্টিফিকেট ইস্যু করি। 

তিনি বলেন, দেশীয় পতাকাবাহী জাহাজ থাকলে তাদের ভাড়ার অভাব হওয়ার কথা নয়। কিন্তু এরপরও কেন এই খাতে বিনিয়োগ আসছে না, তা আমাদের বোধগম্য নয়।

নাম প্রকাশ না করার শর্তে একটি বিদেশি শিপিং লাইনের এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাংলাদেশে কন্টেইনারবাহী জাহাজের সংখ্যা না বাড়ার পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম সরকারের নীতিগত সহায়তার বিষয়টি। পাশাপাশি কন্টেইনার জাহাজে বিনিয়োগে ঝুঁকিও রয়েছে।

তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান কন্টেইনার পরিবহনে যুক্ত। ফলে এ খাতে বিনিয়োগ করতে হলে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে নামতে হবে এবং বড় শিপিং লাইনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। এ কারণে অনেকে কন্টেইনার জাহাজে বিনিয়োগে আগ্রহী নন।

ওই কর্মকর্তা বলেন, কার্গো জাহাজের সংখ্যা বেশি হওয়ার একটি কারণ হলো, অনেক প্রতিষ্ঠান নিজেদের কার্গো পরিবহনের জন্য এসব জাহাজে বিনিয়োগ করেছে। মেঘনা, কেএসআরএম ও আবুল খায়ের নিজেদের কার্গো পরিবহনের জন্য কার্গো জাহাজে বিনিয়োগ করেছে।

তিনি আরও বলেন, কেউ কন্টেইনার জাহাজে বিনিয়োগ করলে লোকসানে পড়বেন না। কারণ আইন অনুযায়ী ৪০ শতাংশ পরিবহনের যে অগ্রাধিকার রয়েছে, সেই সুযোগ নিলেও পর্যাপ্ত কার্গো পাওয়া যাবে। এ ছাড়া বড় শিপিং লাইনের সঙ্গে মার্জ করেও ব্যবসা পরিচালনা করা সম্ভব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা