× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধ্যমিক শিক্ষা সংস্কারে ৩৩৯৭ কোটি টাকার প্রকল্প

জোসনা জামান

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৩ এএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং শিক্ষা প্রশাসনের সক্ষমতা জোরদারে ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকার নতুন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ‘নেক্সটজেন মাধ্যমিক শিক্ষা কর্মসূচি’ নামের এ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ দেবে ২ হাজার ৬৬২ কোটি টাকা। বাকি ৫৬৬ কোটি ৯ লাখ টাকা আসবে সরকারি তহবিল থেকে। প্রকল্প প্রস্তাবটি নিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হওয়ার কথা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি ব্যবস্থাপনা, প্রশাসন, পরিকল্পনা, পরিবীক্ষণ ও তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, পিইসি সভায় প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) মো. এহছানুল হক। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মাধ্যমিক শিক্ষাকে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী করে তোলার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষণ ও শেখার পরিবেশের ডিজিটাল রূপান্তর, শিক্ষকের গুণগত মান বাড়ানো, শিখন প্রক্রিয়ায় উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মী বাহিনীর প্রস্তুতি। পাশাপাশি সমতা ও অন্তর্ভুক্তি, সবার জন্য শিক্ষার সুযোগ, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, শিক্ষার্থীদের কল্যাণ ও নিরাপত্তা এবং শিক্ষা খাতের নেতৃত্ব ও শাসনব্যবস্থার সক্ষমতা বাড়ানোর কথাও রয়েছে।

তবে এসব লক্ষ্য অর্জনের পথে বিদ্যমান বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে প্রকল্প প্রস্তাবে। শ্রেণিকক্ষের পরিবেশ, মাধ্যমিক পর্যায়ে অতিরিক্ত শিক্ষার্থী, উপযোগী শিখন-শেখানোর পরিবেশের ঘাটতি এবং শিক্ষক প্রশিক্ষণের অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়নের জন্য সুনির্দিষ্ট কাঠামোরও ঘাটতি রয়েছে। বর্তমানে গড়ে ৬৭ দশমিক ১২ শতাংশ শিক্ষক প্রশিক্ষিত বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

ডিজিটাল সুবিধার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। দেশের মাত্র ৭৮ দশমিক ৩৯ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার সুবিধা রয়েছে। আবার বিদ্যমান শ্রেণিকক্ষের অধিকাংশ মাল্টিমিডিয়া যন্ত্রপাতি অকার্যকর বলে উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞানাগার ও আধুনিক শিখন উপকরণের অপ্রতুলতা এবং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষতার ঘাটতিকেও চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত ও প্রযুক্তিনির্ভর মাধ্যমিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই ‘নেক্সটজেন এডুকেশন প্রোগ্রাম’ প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি অনুসরণ, শিক্ষার গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা উন্নত করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প প্রস্তাবে তদারকি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, জলবায়ু ঝুঁকি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি ও মেন্টরিং ব্যবস্থার দুর্বলতার কথাও উল্লেখ করা হয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে একটি কার্যকর মাধ্যমিক শিক্ষা কাঠামো গড়ে তোলাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

পরিকল্পনা কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রকল্পের জন্য অর্থ বিভাগ থেকে জনবল কমিটির সুপারিশ পাওয়া গেছে। এতে ছয়টি পদের সম্মতি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রেষণে প্রকল্প পরিচালক, উপপ্রকল্প পরিচালক, সহকারী প্রকল্প পরিচালক, প্রকিউরমেন্ট কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা ও হিসাব সহকারী রয়েছেন। এ ছাড়া আউটসোর্সিংয়ের তিনটি পদেরও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করা হয়েছে এবং ফিজিবিলিটি স্টাডি প্রতিবেদন ডিপিপির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। মধ্যমেয়াদি বাজেট কাঠামো-সংক্রান্ত তথ্য ও প্রত্যয়নপত্রও ডিপিপিতে রাখা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তি সুবিধা, তদারকি ও মাঠপর্যায়ের সক্ষমতাÑ এই চারটি জায়গায় উন্নতি আনার ওপর জোর দেওয়া হয়েছে। ফলে অর্থায়নের পাশাপাশি প্রকল্পের বাস্তবায়ন কাঠামো ও প্রত্যাশিত ফলাফল কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেটিই হবে উদ্যোগটির মূল পরীক্ষা। এডিবির কান্ট্রি প্রোগ্রামিং মিশন গত ১৮ মে প্রকল্পটিকে সার্বভৌম ঋণের পাইপলাইনে অন্তর্ভুক্ত করেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা