× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে জার্মান বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বিজিসিসিআইয়ের বৈঠক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৪ পিএম

বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) রবিবার ঢাকায় তাদের কার্যালয়ে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইনের সঙ্গে এই সভার আয়োজন করে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) রবিবার ঢাকায় তাদের কার্যালয়ে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইনের সঙ্গে এই সভার আয়োজন করে। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) রবিবার ঢাকায় তাদের কার্যালয়ে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইনের সঙ্গে এই সভার আয়োজন করে।

সভায় বিজিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, একজন সাবেক সভাপতি এবং সদস্যভুক্ত কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী শীর্ষস্থানীয় জার্মান প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজিসিসিআই সভাপতি মো. রোকনুজ্জামান, এফসিএর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক খান একটি উপস্থাপনা তুলে ধরেন, যেখানে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে চেম্বারের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের বিবরণ দেওয়া হয়।

সভায় রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন উপস্থাপনার মাধ্যমে বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় করা এবং জার্মান বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরাই এসব উদ্যোগের মূল লক্ষ্য। এ ছাড়া বাংলাদেশের বাজারে জার্মান ব্যবসার উপস্থিতি সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে পণ্য রপ্তানির সুযোগ-সুবিধার বিষয়গুলোও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত জার্মানির কাছে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের বিষয়টি তুলে ধরে উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্বের ওপর জোর দেন। একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন দেওয়ায় জার্মান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, উভয় দেশের কোম্পানিগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারত্ব এবং বাংলাদেশে জার্মান বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা যৌথ উদ্যোগ, প্রযুক্তিগত সহযোগিতা, ব্যবসায়িক সংযোগ এবং জার্মানি ও বৃহত্তর ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার নিয়ে কথা বলেন।

সভায় তৈরি পোশাক, জ্বালানি ও তথ্যপ্রযুক্তির মতো প্রতিষ্ঠিত খাতের পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর প্যাকেজিং, ইনভার্টার প্রযুক্তি এবং সোলার প্যানেল প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এসব বাণিজ্যিক সুযোগ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানো, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং, বাণিজ্য মেলা আয়োজন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপর জোর দেন উপস্থিত ব্যবসায়ী নেতারা। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বিজিসিসিআই এবং বার্লিনের বাংলাদেশ দূতাবাস ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ বজায় রেখে বাস্তবসম্মত উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা