১২ বছর পূর্তি
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান এক সাক্ষাৎকারে দেশের ডিজিটাল কমার্সের পরিবর্তন, ভোক্তার আস্থা, বিক্রেতাদের বিকাশ, লজিস্টিকস এবং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা নিয়ে কথা বলেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে ই-কমার্সের বিকাশের সঙ্গে গত এক যুগে বদলে গেছে মানুষের কেনাকাটার অভ্যাস, বিক্রেতাদের ব্যবসায়িক কৌশল এবং ডিজিটাল মার্কেটপ্লেসের কার্যক্রম।
১২ বছর আগে প্রায় ১৫০ জন বিক্রেতা নিয়ে যাত্রা শুরু করা দারাজে এখন নিয়মিত কাজ করছেন ৫০ হাজারের বেশি বিক্রেতা। অনলাইন কেনাকাটাও ইতোমধ্যে মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠেছে।
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান এক সাক্ষাৎকারে দেশের ডিজিটাল কমার্সের পরিবর্তন, ভোক্তার আস্থা, বিক্রেতাদের বিকাশ, লজিস্টিকস এবং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা নিয়ে কথা বলেছেন।
ই-কমার্স ও টেলিযোগাযোগ খাতে ১৫ বছরের বেশি অভিজ্ঞ কামরুল হাসান বর্তমানে দারাজের বাণিজ্যিক কৌশল, মার্কেটপ্লেসের প্রবৃদ্ধি এবং বিক্রেতা ইকোসিস্টেম পরিচালনার সঙ্গে যুক্ত।
বদলে গেছে ভোক্তার কেনাকাটার অভ্যাস
গত ১২ বছরে ভোক্তার আচরণে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে অনলাইনে কেনাকাটার প্রবণতা ও ঘনত্ব বাড়ার বিষয়টি দেখছেন কামরুল হাসান।
তার মতে, একসময় অনলাইনে কেনাকাটা ছিল সীমিত এবং অনেক ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। এখন মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যও নিয়মিত অনলাইনে কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করছে।
একইভাবে বদলেছে বিক্রেতাদের আচরণও। শুরুর দিকে ব্যবসায়ীদের অনলাইনে পণ্য তালিকাভুক্ত করতে উৎসাহিত করতে হলেও এখন বিক্রেতারা নিজেরাই পণ্যের মূল্য নির্ধারণ, মজুদ ব্যবস্থাপনা ও বিভিন্ন ক্যাম্পেইনে অংশগ্রহণসহ ব্যবসার নানা দিক কৌশলগতভাবে পরিচালনা করছেন।
বর্তমানে দারাজে ৫০ হাজারের বেশি বিক্রেতা কাজ করছেন, যা শুরুর সময়ের তুলনায় বড় পরিবর্তন।
‘আস্থাই ছিল বড় চ্যালেঞ্জ’
দেশে ই-কমার্সের শুরুর সময়ে গ্রাহকের আস্থা অর্জনকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কামরুল হাসান।
শুধু কম দামে পণ্য বিক্রি করে দীর্ঘমেয়াদে গ্রাহক ধরে রাখা সম্ভব নয়- এ উপলব্ধি থেকেই মার্কেটপ্লেস ব্যবস্থাপনা, বিক্রেতাদের জবাবদিহি এবং লজিস্টিকস ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কামরুল হাসানের ভাষ্য, নির্ভরযোগ্য পণ্য সরবরাহ ও আস্থা ছাড়া শুধু স্বল্পমূল্যের মাধ্যমে গ্রাহককে বারবার অনলাইন কেনাকাটায় ফেরানো সম্ভব নয়। এ কারণে পণ্যের তথ্য ও বিক্রেতাদের জবাবদিহি বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার মান উন্নয়নে কাজ করেছে দারাজ।
তার দাবি, বর্তমানে বাংলাদেশের অধিকাংশ এলাকায় পণ্য পৌঁছাতে প্রায় পাঁচ দিনের পরিবর্তে তিন দিনেরও কম সময় লাগে। একই সঙ্গে অর্ডার করা পণ্য ফেরতের হারও ১ শতাংশের নিচে নেমে এসেছে।
গ্রাহকের আস্থা বাড়াতে পুরো প্ল্যাটফর্মে পণ্য ফেরতের সময়সীমা ১৪ দিন করা হয়েছে বলেও জানান তিনি। উচ্চমূল্যের পণ্যের ক্ষেত্রে বাড়তি যাচাই-বাছাইয়ের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা চালু করা হয়েছে, যা পরবর্তী সময়ে দারাজমল হিসেবে আরও বিস্তৃত হয়েছে।
শুধু ছাড় দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা নয়
ডিজিটাল কমার্সে প্রতিযোগিতা বাড়লেও শুধু বেশি ছাড় দিয়ে দীর্ঘমেয়াদে আলাদা অবস্থান তৈরি করা সম্ভব নয় বলে মনে করেন কামরুল হাসান।
তার মতে, পণ্যের বৈচিত্র্য, গ্রাহকের আস্থা, দক্ষ বিক্রেতা এবং কেনাকাটা ও বিক্রির অভিজ্ঞতায় প্রযুক্তির কার্যকর ব্যবহারই ভবিষ্যতের মূল বিষয়।
তিনি বলেন, নির্ভরযোগ্যতা, নিজেদের প্রতিশ্রুতি ধরে রাখা এবং তথ্য-উপাত্ত ব্যবহার করে গ্রাহক ও বিক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার সক্ষমতা সময়ের সঙ্গে তৈরি হয়। ফলে প্রতিটি নতুন ক্যাম্পেইনের সঙ্গে এসব বিষয় নতুন করে গড়ে তুলতে হয় না; বরং আগের তৈরি করা ভিত্তির ওপর এগিয়ে যাওয়া সম্ভব।
ঢাকার বাইরে লজিস্টিকস বড় চ্যালেঞ্জ
বাংলাদেশের বড় শহরের বাইরে ই-কমার্স বিস্তারে লজিস্টিকস অবকাঠামোকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন কামরুল হাসান।
তার মতে, তৃতীয় পক্ষের কুরিয়ার সেবার ওপর পুরোপুরি নির্ভর না করে নিজেদের লজিস্টিকস নেটওয়ার্ক তৈরি করা কঠিন এবং এতে বড় বিনিয়োগের প্রয়োজন হয়েছে। তবে এর মাধ্যমে দেশের প্রতিটি জেলায় পণ্য পৌঁছানোর সক্ষমতা তৈরি করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ঢাকা বা চট্টগ্রামের বাইরে গ্রাহকের কাছে নির্ভরযোগ্যভাবে পণ্য পৌঁছাতে না পারলে সাশ্রয়ী দাম বা আকর্ষণীয় ক্যাম্পেইনও খুব বেশি কার্যকর হয় না। একই সঙ্গে দ্রুত ডেলিভারি এখন গ্রাহকের মৌলিক প্রত্যাশার অংশ হয়ে উঠেছে।
এ কারণে দ্রুত ডেলিভারির সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে ক্যাম্পেইন ও প্রচারকেও আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ক্ষুদ্র ব্যবসার বিকাশে গুরুত্ব
ডিজিটাল কমার্সে নতুন ও ক্ষুদ্র ব্যবসাগুলোকে যুক্ত করার পাশাপাশি বাণিজ্যিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান কামরুল।
তিনি বলেন, দ্রুত লক্ষ্যমাত্রা পূরণ করতে বড় বিক্রেতাদের ওপর বেশি নির্ভর করার স্বাভাবিক প্রবণতা থাকলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকাশের মাধ্যমে পুরো মার্কেটপ্লেসকে আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় করা সম্ভব।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে অনিশ্চয়তা, ডিজিটাল দক্ষতার ঘাটতি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে স্বাচ্ছন্দ্যের অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। এ কারণে বিক্রেতাদের অনবোর্ডিংয়ের সময় থেকেই বাস্তব ও কার্যকর দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া দারাজ ইউনিভার্সিটির মাধ্যমে বিক্রেতাদের পণ্যের দাম নির্ধারণ, মজুদ পরিকল্পনা, বিভিন্ন ক্যাম্পেইনে অংশগ্রহণ এবং তথ্য-উপাত্ত ব্যবহারের দক্ষতা বাড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে।
মার্কেটপ্লেসে বাড়বে এআইয়ের ব্যবহার
দারাজের পরবর্তী অধ্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য-উপাত্ত ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কামরুল হাসান।
তার মতে, এআই এখন আর বিচ্ছিন্ন কিছু ফিচারের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি বৃহত্তর পরিবর্তনের অংশ হয়ে উঠছে। আলিবাবা ইকোসিস্টেমের অংশ হিসেবে বৃহত্তর পরিসরে এআই অবকাঠামো ব্যবহারের সুযোগ রয়েছে এবং বাংলাদেশের নিজস্ব প্রয়োজন অনুযায়ী সেগুলো কাজে লাগানোর সম্ভাবনাও রয়েছে।
গ্রাহকের জন্য এর ফলে প্রয়োজনীয় পণ্য আরও সহজে খুঁজে পাওয়া এবং আরও প্রাসঙ্গিক কেনাকাটার অভিজ্ঞতা তৈরি হতে পারে। অন্যদিকে বিক্রেতাদের ক্ষেত্রে পণ্যের তথ্য ও কনটেন্ট উন্নয়ন, চাহিদা সম্পর্কে ধারণা পাওয়া, মূল্য নির্ধারণ এবং উৎপাদনশীলতা বাড়াতে এআই সহায়তা করতে পারে।
তবে প্রযুক্তির ব্যবহার বাড়লেও গ্রাহক, বিক্রেতা ও অংশীদারদের ওপর সরাসরি প্রভাব ফেলে- এমন সিদ্ধান্তে মানুষের বিচার-বিবেচনার গুরুত্ব থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
ডিজিটাল অর্থনীতিতে প্রভাব
কামরুল হাসানের মতে, একটি মার্কেটপ্লেসের প্রভাব শুধু পণ্য কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কোনো ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা যখন সারা দেশে পণ্য বিক্রি শুরু করে, কোনো গ্রাহক যখন প্রথমবার ডিজিটাল পেমেন্ট ব্যবহার করেন কিংবা কোনো স্থানীয় ব্র্যান্ড যখন চাহিদা ব্যবস্থাপনায় তথ্য-উপাত্ত ব্যবহার শুরু করে, তখন এর প্রভাব বৃহত্তর ডিজিটাল অর্থনীতিতেও পড়ে।
দারাজকে শুধু নিজেদের মার্কেটপ্লেস বড় করার প্ল্যাটফর্ম হিসেবে না দেখে বৃহত্তর ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে ভূমিকা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় পর্যায়ের ব্যবসাকে জাতীয় পর্যায়ে পৌঁছাতে সহায়তা করা এবং আরও বেশি মানুষকে ডিজিটাল কমার্সের সঙ্গে যুক্ত করা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
দারাজ ১২ বছরের যাত্রা পেরিয়ে এখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এই পর্যায়ে লক্ষ্য শুধু ই-কমার্সের ব্যবহার বাড়ানো নয়; বরং অনলাইনে কেনাকাটাকে আরও নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক এবং মানুষের দৈনন্দিন অভ্যাসের অংশ করে তোলা।
কামরুল হাসানের মতে, এ ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে থাকবে গ্রাহকের আস্থা, নির্ভরযোগ্য পণ্য সরবরাহ, দক্ষ বিক্রেতা এবং বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তির সমন্বয়।