জোসনা জামান
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৪ এএম
কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: সংগৃহীত
বাংলাদেশে পর্যটন খাতের আকার কতÑ এতদিন এ প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া সহজ ছিল না। পর্যটকের সংখ্যা, বিভিন্ন পর্যটনকেন্দ্রে মানুষজনের যাতায়াত কিংবা বিদেশি পর্যটকের আগমনসংক্রান্ত বিচ্ছিন্ন তথ্যের মাধ্যমে এতদিন এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হতো। একজন পর্যটক কোথায় গেলেন, কতদিন থাকলেন, কত টাকা খরচ করলেন এবং সেই অর্থের কতটা দেশের অর্থনীতিতে যুক্ত হলোÑ এসব প্রশ্নের সমন্বিত হিসাব পাওয়াও ছিল কঠিন।
কিন্তু এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পর্যটন খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি পূর্ণাঙ্গ চিত্র পেতে ২০২৬-২৭ অর্থবছরে ত্রৈমাসিক ভিত্তিতে চারটি কোয়ার্টারে দেশীয়, বিদেশগামী ও বিদেশি পর্যটন জরিপ পরিচালনা করা হবে। ইতোমধ্যে বিদেশি পর্যটন জরিপের প্রথম কোয়ার্টারের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। জরিপের তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি করা হবে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট। এর ফলে পর্যটন খাতের প্রত্যক্ষ স্থূল মূল্য সংযোজন এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটনের প্রত্যক্ষ অবদান নিরূপণের ভিত্তি তৈরি হবে।
পর্যটকের সংখ্যা থেকে টাকার হিসাব
পর্যটন খাতের অর্থনৈতিক গুরুত্ব বুঝতে শুধু কতজন মানুষ ভ্রমণ করেছেন, তা গণনাই যথেষ্ট নয়। তারা কোথায় গেছেন, কেন গেছেন, কতদিন থেকেছেন এবং ভ্রমণের সময় কোন কোন খাতে কত টাকা ব্যয় করেছেনÑ এসব তথ্যও প্রয়োজন।
আবার বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিদের ব্যয়ের একটি অংশ দেশের বাইরে চলে যায়। ফলে পর্যটনের অর্থনৈতিক প্রভাব বুঝতে দেশীয়, বিদেশগামী ও বিদেশি পর্যটনের তথ্য আলাদাভাবে সংগ্রহ করা জরুরি। প্রস্তাবিত জরিপে এসব তথ্য কাঠামোবদ্ধভাবে সংগ্রহ করা হবে। এর ফলে পর্যটনের সঙ্গে পরিবহন, আবাসন, রেস্তোরাঁ, বিনোদন, কেনাকাটা, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য সেবাখাতের সম্পর্কও বিশ্লেষণ করা সম্ভব হবে।
পর্যটনসংক্রান্ত তিন ধরনের তথ্য
দেশীয় পর্যটন জরিপে বাংলাদেশের ভেতরে ভ্রমণকারী পর্যটকদের তথ্য নেওয়া হবে। তাদের ভ্রমণের উদ্দেশ্য, গন্তব্য, অবস্থানের সময় এবং ব্যয়ের ধরনসহ বিভিন্ন বিষয় এতে উঠে আসবে। একইভাবে বিদেশগামী পর্যটন জরিপে বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিদের গন্তব্য, উদ্দেশ্য ও ব্যয়সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। অন্যদিকে বিদেশি পর্যটন জরিপের আওতায় বাংলাদেশে আসা বিদেশি ও অনাবাসী বাংলাদেশিদের তথ্য নেওয়া হবে। আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দর দিয়ে দেশে প্রবেশ ও প্রস্থানকারী পর্যটকরা এ জরিপের আওতায় থাকবেন।
জিডিপিতে পর্যটনের অবদান
ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট হলো জাতীয় হিসাবব্যবস্থার সঙ্গে পর্যটন-সম্পর্কিত তথ্য সমন্বয় করে এই খাতের অর্থনৈতিক অবদান পরিমাপের একটি কাঠামো। এর মাধ্যমে পর্যটনের কারণে সরাসরি কতটা মূল্য সংযোজন হচ্ছে, তা নিরূপণ করা যায়। নতুন জরিপের তথ্য ব্যবহার করে পর্যটকের ব্যয় এবং সেই ব্যয়ের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডকে জাতীয় হিসাবের কাঠামোর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। ফলে পর্যটন খাতের প্রকৃত অর্থনৈতিক আকার এবং জিডিপিতে এর প্রত্যক্ষ অবদান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
চার কোয়ার্টারে ভ্রমণপ্রবণতা
বছরের সব সময়ে পর্যটকের ভ্রমণপ্রবণতা এক রকম থাকে না। ছুটি, উৎসব, আবহাওয়া, শিক্ষা ও ব্যবসায়িক সময়সূচির কারণে পর্যটনের প্রবাহ ও ব্যয়ের ধরনে পরিবর্তন আসে। এ কারণে পুরো অর্থবছরকে চারটি কোয়ার্টারে ভাগ করে তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এতে বছরের বিভিন্ন সময়ের পর্যটনপ্রবাহ ও ব্যয়ের পার্থক্য বোঝা যাবে।
বিনিয়োগ ও পরিকল্পনায় কাজে আসবে
পর্যটন খাতে কোথায় অবকাঠামো দরকার, কোন অঞ্চলে পর্যটকের চাপ বেশি, কোন ধরনের পর্যটনসেবার চাহিদা রয়েছেÑ এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন। জরিপ থেকে পাওয়া তথ্য পর্যটন অবকাঠামো, পরিবহন, আবাসন ও অন্যান্য সেবা পরিকল্পনায় ব্যবহার করা যেতে পারে। সরকারি ও বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা এবং পর্যটন খাতের কর্মসংস্থানের সম্ভাবনা বিশ্লেষণেও এ তথ্য সহায়ক হবে।
‘সঠিক তথ্য ছাড়া সঠিক পরিকল্পনা সম্ভব নয়’
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পর্যটন এখন শুধু বিনোদন বা অবকাশযাপনের বিষয় নয়; এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পর্যটন খাতের প্রকৃত অবদান জানতে হলে পর্যটকের সংখ্যা জানার পাশাপাশি তাদের ভ্রমণের উদ্দেশ্য, অবস্থানের সময়, ব্যয় এবং কোন কোন খাতে সেই ব্যয় হচ্ছেÑ এসব তথ্যও জানতে হবে।’
ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট সম্পর্কে তিনি বলেন, ‘এর মাধ্যমে পর্যটন খাতকে জাতীয় হিসাবব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে পরিমাপ করা সম্ভব হবে। এ জন্য নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্মত তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২০২৬-২৭ অর্থবছরের জরিপ সম্পর্কে সচিব বলেন, ‘দেশীয়, বিদেশগামী ও বিদেশি পর্যটন জরিপ চারটি কোয়ার্টারে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সারা বছরের পর্যটনপ্রবাহ ও ব্যয়ের একটি সমন্বিত চিত্র পাওয়া যাবে। বিদেশি পর্যটন জরিপের প্রথম কোয়ার্টারের তথ্য সংগ্রহ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’
তথ্যের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ থেকে শুরু করে যাচাই, সংরক্ষণ ও বিশ্লেষণÑ প্রতিটি ধাপে মান নিশ্চিত করতে হবে। কারণ সঠিক তথ্য ছাড়া সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘এই জরিপের মাধ্যমে পর্যটন খাতের প্রত্যক্ষ স্থূল মূল্য সংযোজন এবং জিডিপিতে পর্যটনের অবদান নিরূপণের ভিত্তি তৈরি হবে। একই সঙ্গে পর্যটন-সংশ্লিষ্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচক পরিমাপ এবং আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য পরিসংখ্যান প্রস্তুতের সুযোগ তৈরি হবে।’
ভবিষ্যতে এই তথ্য সরকারিÑবেসরকারি বিনিয়োগ, পর্যটন অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগবে বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনুমানের পরিবর্তে নির্ভরযোগ্য তথ্যকে ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা।’ এর ফলে পর্যটন খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি তুলনামূলক পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। তখন পর্যটনের আকার, পর্যটকদের ব্যয়ের ধরন এবং দেশের অর্থনীতিতে এ খাতের প্রত্যক্ষ অবদান সম্পর্কে আরও নির্ভরযোগ্য হিসাব করার সুযোগ তৈরি হবে।