× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাশলেস অর্থনীতি বিনির্মাণে বাংলা কিউআরে জোর দিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক

প্রবা প্রতিবদেন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১০ পিএম

এমবিএল রেইনবো লোগো। ফাইল ছবি

এমবিএল রেইনবো লোগো। ফাইল ছবি

দেশকে একটি ক্যাশলেস বা ‘ক্যাশ-লাইট’ (স্বল্প-নগদভিত্তিক) অর্থনীতি হিসেবে গড়ে তুলতে দেশের ব্যাংকিং খাতে দ্রুত রূপান্তর ঘটছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের প্রথম সমন্বিত ও আন্তঃকার্যক্ষম (ইন্টারঅপারেবল) কুইক রেসপন্স পেমেন্ট ব্যবস্থা—‘বাংলা কিউআর’। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি রূপকল্পের সঙ্গে সংগতি রেখে এই জাতীয় উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

সাধারণ মানুষকে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করতে নিজেদের তৎপরতা জোরদার করেছে ব্যাংকটি। তাদের মোবাইল অ্যাপ ‘এমবিএল রেইনবো’তে বাংলা কিউআর যুক্ত করায় বিপুলসংখ্যক গ্রাহক এই সুবিধার আওতায় এসেছেন। পাশাপাশি মাঠপর্যায়ে মার্চেন্ট বা ব্যবসায়ী অন্তর্ভুক্তিতেও (মার্চেন্ট অ্যাকোয়ারিং) তৎপর রয়েছে ব্যাংকটি।

দেশে ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়লেও ব্যাংক, এমএফএস ও অন্যান্য সেবাদাতার আলাদা কিউআর ব্যবস্থার কারণে একটি বিচ্ছিন্ন ইকোসিস্টেম তৈরি হয়েছিল। ফলে একজন ব্যবসায়ীকে দোকানে একাধিক কিউআর কোড ঝুলিয়ে রাখতে হতো এবং গ্রাহককেও নির্দিষ্ট অ্যাপের ওপর নির্ভর করতে হতো।

বাংলা কিউআর এই সীমাবদ্ধতা দূর করেছে। আন্তর্জাতিক ‘ইএমভিকো’ মানের ওপর ভিত্তি করে তৈরি এই একক প্ল্যাটফর্মে যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএস অ্যাপ থেকে লেনদেন করা সম্ভব। ফলে গ্রাহক পাচ্ছেন স্বাধীনভাবে লেনদেনের সুবিধা, আর ব্যবসায়ীদেরও পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনাল কেনার বাড়তি খরচ করতে হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ ব্যবস্থায় তথ্য এনক্রিপশন, গ্রাহক প্রমাণীকরণ, রিয়েল-টাইম মনিটরিং ও জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে। ফলে ফুটপাতের হকার ও মুদিদোকানি থেকে শুরু করে মাঝারি ব্যবসায়ীরাও কোনো ঝুঁকি ছাড়াই এটি ব্যবহার করতে পারছেন।

বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা তুলে ধরে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভারতের ‘ইউপিআই’, থাইল্যান্ডের ‘প্রম্পটপে’, কম্বোডিয়ার ‘বাকং’ এবং ব্রাজিলের ‘পিক্স’ দেখিয়েছে যে একটি সমন্বিত জাতীয় পেমেন্ট পরিকাঠামো কীভাবে দ্রুত আর্থিক খাতের চিত্র বদলে দিতে পারে। বাংলা কিউআরও বাংলাদেশের জন্য সেই অপার সম্ভাবনা তৈরি করেছে।

মার্কেন্টাইল ব্যাংক কেবল মার্চেন্টের সংখ্যা বাড়ানো নয়, বরং সক্রিয় ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে কাজ করছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, “মার্কেন্টাইল ব্যাংক এমন একটি টেকসই মার্চেন্ট নেটওয়ার্ক গড়ে তুলতে চায়, যেখানে ডিজিটাল পেমেন্ট হবে দৈনন্দিন ব্যবসার একটি স্বাভাবিক অংশ।” তৃণমূল পর্যায়ে ব্যাংকটির সাম্প্রতিক মার্চেন্ট অ্যাকোয়ারিং উদ্যোগের ফলে অনানুষ্ঠানিক খাতের বিপুল অর্থ মূলধারার ব্যাংকিং চ্যানেলে যুক্ত হচ্ছে, যা জাতীয় অর্থনীতিকে গতিশীল করবে বলে জানান তিনি।

ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো আর্থিক নথিপত্র বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অভাব। বাংলা কিউআরের মাধ্যমে কেনাবেচার টাকা সরাসরি ব্যাংক হিসাবে জমা হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে একটি ডিজিটাল আর্থিক প্রোফাইল তৈরি হয়। ব্যাংকগুলো এই ডেটা বিশ্লেষণ করে কোনো জামানত ছাড়াই ক্ষুদ্র বা ন্যানো ঋণ দিতে পারবে। পাশাপাশি এতে নগদ টাকার ব্যবহার কমার ফলে ছেঁড়া-ফাটা ও জাল নোট ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ কমবে।

আর্থিক খাত-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলা কিউআর চালুর ফলে ব্যাংকগুলোর মধ্যে নিজস্ব নেটওয়ার্ক তৈরির প্রতিযোগিতার অবসান হয়েছে। এর বদলে এখন সেবার মান, গ্রাহক অভিজ্ঞতা ও উদ্ভাবনী সুবিধার ওপর প্রতিযোগিতা তৈরি হয়েছে। আমানতকারী ও সাধারণ ওয়ালেট ব্যবহারকারীরা একই ছাতার নিচে আসায় ফিনটেক ও ব্যাংকগুলোর মধ্যে চমৎকার মেলবন্ধন ঘটছে।

তবে এই ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যবহারকারীর আচরণগত পরিবর্তন বা অভ্যাসের রূপান্তর। নগদ লেনদেনের চেয়ে ডিজিটাল মাধ্যমকে আকর্ষণীয় করতে মার্কেন্টাইল ব্যাংক গ্রাহকদের জন্য ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে।

ব্যাংকটির মতে, সক্রিয় মার্চেন্টের সংখ্যা, মোট লেনদেনের পরিমাণ ও নিয়মিত সক্রিয় ব্যবহারকারী—এই তিন সূচকের ওপরই বাংলা কিউআরের সার্বিক গ্রহণযোগ্যতা নির্ভর করছে। মার্কেন্টাইল ব্যাংক প্রত্যাশা করছে, আগামী পাঁচ বছরে বাংলা কিউআর দেশের শীর্ষ ডিজিটাল পেমেন্ট অবকাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও আন্তঃকার্যক্ষম ক্যাশ-লাইট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা