× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সনদ জটিলতায় বাধাগ্রস্ত হালাল পণ্যের রপ্তানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বের হালাল পণ্যের বাজারের আকার এখন প্রায় ৫ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। ১ ডলার ১২২ টাকা হিসাবে এর মূল্য প্রায় ৬৩৪ লাখ কোটি টাকা। অথচ এই বিশাল বাজারে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ। বর্তমানে বাংলাদেশ থেকে হালাল পণ্য রপ্তানি হচ্ছে প্রায় ৯৪ কোটি ডলারের, যা প্রায় ১১ হাজার ৪৬৮ কোটি টাকা। এই বাজারে বাংলাদেশের অংশ বাড়াতে হালাল পণ্যের সনদ, মান পরীক্ষা ও রপ্তানি প্রক্রিয়া সহজ করার পাশাপাশি একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এজন্য ‘বাংলাদেশ হালাল ডেভেলপমেন্ট অথরিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে। হালাল পণ্যের সনদ প্রদানসহ সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ, অনুমোদিত পরীক্ষাগার ও দক্ষ জনশক্তি তৈরির সুপারিশ করেছে সংগঠনটি। একই সঙ্গে প্রধান হালাল পণ্যের বাজারগুলোর সঙ্গে পারস্পরিক সনদ স্বীকৃতি চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে।

কৃষি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদক, ব্যবসায় সংগঠন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময়ের পর বিসিআই একটি নীতিমালা তৈরি করেছে। গত ১৪ আগস্ট সেই নীতিমালার অংশ হিসেবে এসব সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও বিভিন্ন সরকারি সংস্থার প্রধানদের কাছেও সুপারিশগুলো পাঠানো হয়েছে।

বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৬ সালে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার প্রায় ৫ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। বার্ষিক গড়ে ১২ দশমিক ৪ শতাংশ হারে প্রবৃদ্ধি হলে ২০৩৪ সালে বাজারটি ৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ১২২ টাকা হিসাবে এর মূল্য হবে প্রায় ১ হাজার ১৫৩ লাখ কোটি টাকা। পারভেজের মতে, বাংলাদেশ যদি এই বাজারের মাত্র ৫ শতাংশ ধরতে পারে, তাহলে হালাল পণ্য দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত হয়ে উঠতে পারে।

বর্তমানে বাংলাদেশের হালাল পণ্য রপ্তানির পরিমাণ প্রায় ৯৪ কোটি ডলার বা ১১ হাজার ৪৬৮ কোটি টাকা। এই রপ্তানি মূলত কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে হচ্ছে। প্রাণ গ্রুপ, বেঙ্গল মিট প্রসেসিং, আকিজ, স্কয়ার, গোল্ডেন হারভেস্ট ও আহমদুল্লাহ অ্যাগ্রো ফুডসসহ কয়েকটি প্রতিষ্ঠান হালাল পণ্য রপ্তানি করছে। তবে জাতীয় পর্যায়ে সমন্বিত কোনো কৌশল না থাকায় এ খাতের বিকাশ অনেকটাই প্রতিষ্ঠানভিত্তিক উদ্যোগের ওপর নির্ভর করছে বলে মনে করছে বিসিআই।

মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকাকে সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছে সংগঠনটি। এসব অঞ্চলে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিম ভোক্তার পাশাপাশি অমুসলিমদের মধ্যেও হালাল পণ্যের চাহিদা বাড়ছে বলে জানিয়েছে বিসিআই। তাই এসব বাজারে প্রবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের সনদ ও স্বীকৃতির বিষয়টি ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে হালাল সনদ দেওয়া শুরু হয় ২০০৭ সালে। মালয়েশিয়ার জাকিমের সহায়তায় ২০১১ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ দিয়ে আসছে। আবার ওআইসি-এসএমআইআইসির মানদণ্ড অনুসরণ করে ২০২২ সাল থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনও (বিএসটিআই) হালাল সনদ দেওয়া শুরু করেছে। বিসিআইয়ের মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক কোনো কর্তৃপক্ষ না থাকায় রপ্তানিকারকদের বিভিন্ন জটিলতায় পড়তে হচ্ছে।

এ কারণে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো সম্ভাব্য বাজারের সঙ্গে পারস্পরিক সনদ স্বীকৃতি চুক্তির সুপারিশ করেছে বিসিআই। পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ওআইসি-এসএমআইআইসির কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

সনদ প্রদানের বর্তমান প্রক্রিয়া নিয়েও ব্যবসায়ীদের উদ্বেগ রয়েছে। বিসিআই পরিচালক ও ইজি ফুডের চেয়ারম্যান জিয়া হায়দার অভিযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে সনদ-সংক্রান্ত সেবার জন্য যাতায়াতের গাড়ি ও বাড়তি অর্থ চাওয়া হয়। আবার রপ্তানির পরিমাণের ভিত্তিতেও অর্থ দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার মতে, এ ধরনের বাড়তি খরচ বিদেশি ক্রেতাদের সনদ নেওয়ার আগ্রহ কমিয়ে দিতে পারে। তিনি সনদ প্রদানের প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও বিনামূল্যে করার দাবি জানান।

হালাল পণ্য রপ্তানির পরিমাণ আলাদাভাবে চিহ্নিত করতে বিদ্যমান এইচএস কোডের পাশাপাশি পৃথক ‘হালাল এইচএস কোড’ তৈরির প্রস্তাব দিয়েছে বিসিআই। জাতীয় ও আন্তর্জাতিক হালাল মেলার আয়োজন, আন্তর্জাতিক মেলায় স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানো এবং শিল্প, বাণিজ্য, পররাষ্ট্র, ধর্ম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগেরও সুপারিশ করা হয়েছে।

দীর্ঘমেয়াদি বিকাশের জন্য জাতীয় হালাল নীতিমালা প্রণয়নের পাশাপাশি ২০৩৪ ও ২০৪০ সালের জন্য নির্দিষ্ট রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বিসিআই। হালাল পণ্য উৎপাদন ও রপ্তানিতে বিনিয়োগকারীদের ১০ থেকে ১৫ বছরের নীতি সহায়তা ও প্রণোদনার কথাও বলা হয়েছে। ব্যবসায়ীদের প্রস্তাবের মূল লক্ষ্য হলো সনদ, মান পরীক্ষা, উৎপাদন ও রপ্তানিকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনা। প্রায় ৬৩৪ লাখ কোটি টাকার বৈশ্বিক বাজারে বাংলাদেশের বর্তমান অংশ খুবই ছোট হওয়ায় এই কাঠামো কতটা কার্যকরভাবে গড়ে ওঠে, সেটিই হালাল পণ্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে বড় বিষয় হয়ে উঠবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা