× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডলার ও তেলের দরপতনে বাড়ল সোনার দাম

রয়টার্স

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫০ পিএম

চীনের হংকংয়ের একটি গয়নার দোকানে ঐতিহ্যবাহী বিয়ের জন্য তৈরি সোনার চুড়ি প্রদর্শন করছেন এক বিক্রেতা; ৪ ফেব্রুয়ারি, ২০২৬। ছবি: টাইরোন সিউ/রয়টার্স

চীনের হংকংয়ের একটি গয়নার দোকানে ঐতিহ্যবাহী বিয়ের জন্য তৈরি সোনার চুড়ি প্রদর্শন করছেন এক বিক্রেতা; ৪ ফেব্রুয়ারি, ২০২৬। ছবি: টাইরোন সিউ/রয়টার্স

মার্কিন ডলারের দরপতন এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বুধবার বেড়েছে সোনার দাম। তবে মূল্যবান এই ধাতুর আগামী দিনের গতিপথ কোন দিকে যাবে, তা নিশ্চিত হতে বিনিয়োগকারীদের নজর এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের দিকে।

বুধবার দুপুরে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৩৬ ডলারে বেচাকেনা হয়। 

এর আগে গত সোমবার মূল্যবান এই ধাতুর দর এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে আগামী ডিসেম্বরের সরবরাহের চুক্তিতে সোনার ভবিষ্যৎ দর (ফিউচার) শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ ডলারে।

টানা দুই দিন বাড়ার পর এদিন বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। পাশাপাশি ডলারের মান দুর্বল হয়ে পড়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারের হিসাবে মূল্যায়িত সোনা কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়ে উঠেছে।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেফরিসের মালিকানাধীন ‘ত্রাদু ডটকম’-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ডলারের দুর্বলতা, তেলের দাম কমে আসা এবং মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড (মুনাফা) কিছুটা নিম্নমুখী হওয়ার প্রভাবেই আজ সোনার বাজার চাঙা হয়েছে। প্রযুক্তিগতভাবে স্বল্প মেয়াদে সোনার বাজারে কিছুটা নিম্নমুখী ঝুঁকি থাকলেও মূল্যবান এই ধাতুর গতিবিধি শেষ পর্যন্ত ফেডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।

বুধবার দিবাগত রাত ১২ টার দিকে সুদের হার নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এর পরপরই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশ। ‘সিএমই ফেডওয়াচ টুল’-এর তথ্য অনুযায়ী, বাজারে ৯৩ শতাংশ সম্ভাবনা রয়েছে যে ফেড সুদের হার অন্তত ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে।

সাধারণত উচ্চ মূল্যস্ফীতি থেকে সুরক্ষা পেতে সোনাকে নির্ভরযোগ্য নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করলে সুদহীন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার সুযোগ-ব্যয় (অপরচুনিটি কস্ট) বেড়ে যায়।

এ বিষয়ে বিশ্লেষক জাবোরাস আরও বলেন, সরবরাহ সংকটের কারণে তেলের দাম ও জীবনযাত্রার ব্যয় যতদিন চড়া থাকবে, ততদিন সুদের হার বৃদ্ধির চাপও বজায় থাকবে, যা সোনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের বাজেট ঘাটতি ডলারের ওপর আস্থা কমাচ্ছে। ফলে ডলারের মান ক্ষয়ের বিপরীতে সুরক্ষা পেতে বিনিয়োগকারীরা সোনার মতো বাস্তব সম্পদের দিকে ঝুঁকছেন।

অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক ও ভূরাজনীতি

মার্কিন ফেড ছাড়াও চলতি সপ্তাহে আরও কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নিয়ে সিদ্ধান্ত জানাবে। এর মধ্যে আগামী শুক্রবার ব্যাংক অব জাপান তাদের নীতি সুদহার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং ঋণের ব্যয় ভবিষ্যতে আরও বাড়ানোর ইঙ্গিত দিতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী পবিত্র মক্কা নগরীর দক্ষিণাঞ্চলে হুতি বিদ্রোহীদের একটি ড্রোন ধ্বংস করেছে। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ভূপাতিত করা হয়।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বাজারে স্পট রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩০ ডলারে বিক্রি হচ্ছে। প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৩০৪ দশমিক ৯৪ ডলারে। তবে এর বিপরীতে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৭১ দশমিক ৬৫ ডলারে নেমেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা