× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশি মুরগির উৎপাদন বাড়ানোর উদ্যোগ

জোসনা জামান

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১১ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিদেশি জাতের সঙ্গে পাল্লা দিয়ে বেশি ডিম ও মাংস উৎপাদন করবে দেশি মুরগিÑ এমন লক্ষ্য নিয়েই এবার বড় পরিসরে গবেষণায় নামছে সরকার। দেশীয় জাতকে সংরক্ষণের পাশাপাশি উৎপাদনশীলতা ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে প্রায় ৪৯ কোটি টাকার প্রকল্প। এর আওতায় খামার পর্যায়ে বেশি ডিম ও মাংস উৎপাদনক্ষম দেশি মুরগির জাত উদ্ভাবন এবং নতুন প্রযুক্তি প্রয়োগের উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পটি আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অবগতির জন্য উপস্থাপন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া ‘দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৯৭ লাখ ৮৩ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে দেশি মুরগির জাত সংরক্ষণের পাশাপাশি খামার পর্যায়ে উচ্চ উৎপাদনশীল ডিম ও মাংস উৎপাদনক্ষম জাত উদ্ভাবন করা হবে। একই সঙ্গে দেশীয় পরিবেশের উপযোগী, রোগ প্রতিরোধক্ষম ও বেশি উৎপাদনশীল জাত উন্নয়নের কাজ হবে।
সংশ্লিষ্টদের আশা, উৎপাদনশীলতা বাড়ানো গেলে দেশি মুরগি পালনের অর্থনৈতিক সুবিধাও বাড়বে। এতে খামারিদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা সম্ভব হবে। দেশি মুরগির উৎপাদন বাড়ানোর প্রযুক্তি খামারি পর্যায়ে পৌঁছে দেওয়াও প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
প্রকল্পটি ইতোমধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন করেছেন। পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার বলেন, প্রকল্পটির ব্যয় ৫০ কোটি টাকার কম হওয়ায় এখতিয়ার অনুযায়ী অর্থ ও পরিকল্পনামন্ত্রী এটি অনুমোদন করেছেন। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী অনুমোদিত প্রকল্পটি একনেক বৈঠকে অবহিত করা হচ্ছে।
প্রকল্পের আওতায় জাত সংরক্ষণ ও উন্নয়নের পাশাপাশি খামারে কার্যকারিতা যাচাই করা হবে। এর মাধ্যমে প্রতি দেশি মুরগি বছরে ডিম দেওয়ার হার ৫ থেকে ১০ শতাংশ বাড়ানোর লক্ষ্য রয়েছে। একই সঙ্গে প্রতিটি মুরগির মাংসের পরিমাণ ১০০ থেকে ১৫০ গ্রাম বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। লাভজনকভাবে দেশি মুরগি পালনের জন্য অন্তত পাঁচটি প্রযুক্তি উদ্ভাবন এবং খামারি পর্যায়ে সেগুলোর অভিযোজন করা হবে।
চলতি বছর থেকে ২০৩১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। প্রকল্পের কার্যক্রম চলবে ঢাকার সাভারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং ফরিদপুরের ভাঙ্গা, রাজশাহীর গোদাগাড়ী, যশোর সদর, নীলফামারীর সৈয়দপুর ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
ছয়টি আঞ্চলিক কেন্দ্র বেছে নেওয়ার পেছনে রয়েছে ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্য। দেশের ছয়টি কৃষি-বাস্তুসংস্থান অঞ্চল বিবেচনায় এসব এলাকায় দেশি মুরগির উৎপাদনশীলতা ও অভিযোজন ক্ষমতা যাচাই করা হবে। একই সঙ্গে দেশি মুরগির আধিক্য থাকা অঞ্চলের বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, অনিয়ন্ত্রিত সংকরায়ন, রোগের ঝুঁকি, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য পরিবেশগত কারণে উন্নত দেশি জাত বিলুপ্তি বা হুমকির মুখে পড়তে পারে। তাই এসব কেন্দ্রে জাত সংরক্ষণ, প্রতিরূপ স্থাপন ও গবেষণা জোরদার করা হবে।
গত বছরের ৮ সেপ্টেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছয়টি কেন্দ্রকে প্রকল্প এলাকা হিসেবে নির্ধারণ করা হয়। এসব এলাকায় ভিন্ন ভিন্ন ভৌগোলিক ও পরিবেশগত অবস্থায় দেশি মুরগির উৎপাদনক্ষমতা যাচাইয়ের সুযোগ তৈরি হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে জলবায়ু সহনশীল দেশি মুরগির একটি টেকসই উন্নয়নের ভিত্তি তৈরির লক্ষ্য রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুক্তি হলোÑ কৃষিনির্ভর বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ উপখাত পোলট্রি। এ খাত জনগণের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রায় ৬০ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ক্রমবর্ধমান চাহিদার কারণে বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালনের বিস্তার ঘটলেও দেশি মুরগির ডিম ও মাংস উৎপাদন বাড়াতে আগে তেমন উদ্যোগ নেওয়া হয়নি। তাই দেশি জাতের প্রাপ্যতা বাড়ানো, জাত উন্নয়ন ও সংরক্ষণ এবং ডিম-মাংস উৎপাদন বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে।
তবে প্রকল্পটির ব্যয় শুরুতে আরও বেশি ছিল। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রাথমিক প্রস্তাবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ব্যয় ধরা হয়েছিল ১১১ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল। পরে গত বছরের ৮ সেপ্টেম্বর ও চলতি বছরের ১৮ জানুয়ারি দুই দফা পিইসি সভা হয়। এসব সভার সিদ্ধান্তের পর ব্যয় কমিয়ে ৪৮ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি বাস্তবায়নকাল সংশোধন করে চলতি বছর থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা