যুক্তরাজ্যভিত্তিক সম্মানজনক ‘ক্রিয়েটিভপুল অ্যানুয়াল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি সিলভার অ্যাওয়ার্ড জিতেছে স্টারকম বাংলাদেশ।ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আন্তর্জাতিক বিজ্ঞাপন অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে স্টারকম বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক সম্মানজনক ‘ক্রিয়েটিভপুল অ্যানুয়াল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি সিলভার অ্যাওয়ার্ড জিতেছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের জনপ্রিয় ‘অ্যান অ্যাড দ্যাট ইরেজেস অ্যাডস’ ক্যাম্পেইনের জন্য এই স্বীকৃতি পেয়েছে স্টারকম বাংলাদেশ।
ক্যাম্পেইনটি যে দুটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে, দুটিতেই সিলভার জিতেছে প্রতিষ্ঠানটি। চলতি আসরে ওই দুই ক্যাটাগরিতে এটিই ছিল সর্বোচ্চ সম্মান।
স্যামসাংয়ের মিড-রেঞ্জ ‘এ’ সিরিজের স্মার্টফোনের ‘অবজেক্ট ইরেজার’ এআই ফিচারটি সহজ ও আকর্ষণীয়ভাবে মানুষের কাছে তুলে ধরাই ছিল ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
প্রচলিত বিজ্ঞাপনী কৌশলের বাইরে গিয়ে স্টারকম এমন একটি উদ্যোগ নেয়, যেখানে ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞাপন ব্যবহারকারীরা নিজেরাই মুছে ফেলার সুযোগ পান।
এর মাধ্যমে অপ্রয়োজনীয় বস্তু সরানোর ফিচারটি সরাসরি পরখ করার অভিজ্ঞতা পান দর্শকরা।
এর আগে একই ক্যাম্পেইনের জন্য কমওয়ার্ড ও ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৬-এ মোট নয়টি পুরস্কার জেতে স্টারকম বাংলাদেশ।
২০২৫ সালেও স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার ‘সামারিজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্য ক্রিয়েটিভপুলে পুরস্কৃত হয়েছিল প্রতিষ্ঠানটি।
স্টারকম বাংলাদেশ বিশ্বখ্যাত গ্লোবাল স্টারকম নেটওয়ার্কের অংশ হিসেবে পাবলিকিস মিডিয়া ও বিটোপি গ্রুপের যৌথ পরিচালনায় কাজ করছে।
এই অর্জন নিয়ে স্টারকম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী বলেন, “মানুষের সাথে সহজে যোগাযোগ তৈরি করে এবং বিজ্ঞাপনের জগতে নতুন কিছু যোগ করে, এমন কাজ করাই আমাদের সবসময়কার লক্ষ্য। এই স্বীকৃতি আমাদের পুরো দলের জন্য সত্যিই গর্বের একটি মুহূর্ত। একই সঙ্গে বাংলাদেশের বিজ্ঞাপন অঙ্গনের জন্যও এটি আনন্দের খবর। কারণ, এই অর্জন প্রমান করে, দেশের মাটিতে তৈরি ভালো আইডিয়াও বিশ্বের সেরা কাজগুলোর সঙ্গে জায়গা করে নিতে পারে। আমরা আশা করি, এই স্বীকৃতি বাংলাদেশের সৃজনশীল প্রতিভাদের আরও আত্মবিশ্বাসী করবে এবং দেশের বিজ্ঞাপন অঙ্গনে আরও সাহসী ও নতুন ধরনের কাজ করতে উৎসাহ দেবে।”
সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদুন ফায়েজ জানান, “স্টারকম বাংলাদেশ এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। এই ধারাবাহিক সাফল্য এটাই প্রমাণ করে, ভালো মানের কাজ করার প্রতি আমাদের যে প্রতিশ্রুতি ও চেষ্টা, সেটি আমরা ধরে রাখতে পেরেছি। আমাদের ক্লায়েন্ট ও পার্টনারদের আন্তরিক ধন্যবাদ, তাদের নিয়মিত সহযোগিতা ও আস্থাই আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।”
ক্যাম্পেইনের ভাবনা ও টিমের কাজের অভিজ্ঞতা জানিয়ে ডিরেক্টর আরএইচ সজীব বলেন, “আমরা ভাবছিলাম, এআইয়ের কোনো একটি ফিচারকে কীভাবে এমনভাবে তুলে ধরা যায়, যাতে সেটি মানুষের কাছে ‘আরেকটা সাধারণ ফিচার’ মনে না হয়; বরং সত্যিকার অর্থেই কাজে লাগে এবং মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে।”
তিনি আরও যোগ করেন, “পুরো কাজটাই ছিল আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টা। শুরুতে আইডিয়াটা তৈরি করা থেকে শুরু করে সেটি তুলে ধরার জন্য সঠিক মিডিয়া প্ল্যাটফর্ম খুঁজে বের করা, প্রযুক্তি ও বাস্তবায়নের পুরো প্রক্রিয়া, সবকিছুতেই আমরা একসঙ্গে কাজ করেছি। মানুষের খুব সাধারণ একটি অভিজ্ঞতা থেকে পাওয়া ভাবনাকে এমন কিছুতে পরিণত করতে চেয়েছি, যেটা মানুষ শুধু দেখবে না, নিজেরাও অনুভব করতে পারবে। এই স্বীকৃতি আসলে পুরো টিমের সেই সম্মিলিত প্রচেষ্টারই স্বীকৃতি।”