আন্তর্জাতিক সম্মেলন ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’ শুরু হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ব্যবসা রূপান্তরের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’ শুরু হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর।
তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এআইফোরবিটি গ্লোবালের উদ্যোগে সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও করপোরেট নেতারা অংশ নেবেন।
স্মার্ট, টেকসই ও বিস্তারযোগ্য প্রযুক্তিগত বিবর্তনের ধারণাকে সামনে রেখে এআইয়ের প্রাতিষ্ঠানিক সংযুক্তি, ডিজিটাল সক্ষমতা, অটোমেশন ইকোসিস্টেম এবং নৈতিক এআই একীভূতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে বক্তব্য ও প্যানেল আলোচনায় অংশ নেবেন দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিল্পনেতারা।
বক্তাদের মধ্যে থাকবেন ফ্র্যাঙ্ক লিবার, সারা করনেট, ড. শরিফুল ইসলাম, মো. মাহমুদুল হাসান, সাদিক এম. আলম, টিনা লিবার, ড. আসিফ নাঈমুর রশীদ, ড. আব্দুর রাজ্জাক ও ড. আরিফ আজাদ।
সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন, ইন্টার্যাকটিভ প্যানেল আলোচনা, বিশেষায়িত টেক ওয়ার্কশপ ও নেটওয়ার্কিং সেশনের সুযোগ থাকবে। পাশাপাশি উন্মোচন করা হবে ‘হিউম্যান এআই রেডিনেস স্ক্যান (এইচএআরএস)’ এবং ‘এআইফোরবিটি এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন স্টার্টার প্যাক’।
সম্মেলনের নিবন্ধন এরই মধ্যে শুরু হয়েছে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভার্চুয়াল পাস সংগ্রহ করতে পারবেন।