এক্সপ্লেইনার
শেয়ারবাজারে সূচক কমা নতুন কোনো ঘটনা নয়। কোনো সপ্তাহে সূচক বাড়বে, কোনো সপ্তাহে কমবেÑ এটাই বাজারের স্বাভাবিক চরিত্র। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
শেয়ারবাজারে সূচক কমা নতুন কোনো ঘটনা নয়। কোনো সপ্তাহে সূচক বাড়বে, কোনো সপ্তাহে কমবেÑ এটাই বাজারের স্বাভাবিক চরিত্র। কিন্তু যখন একই সঙ্গে অধিকাংশ শেয়ারের দাম কমে, লেনদেনের গতি থেমে যায় এবং বাজার মূলধন থেকে কয়েক হাজার কোটি টাকা হারিয়ে যায়, তখন বিষয়টি শুধু সূচকের ওঠানামা হিসেবে দেখার সুযোগ থাকে না। তখন বাজারের ভেতরের আস্থা, বিনিয়োগকারীদের আচরণ এবং ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে প্রশ্ন ওঠে।
গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে ঠিক এমন একটি পরিস্থিতিই দেখা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন ডিএসইর মূল্যসূচক কমেছে। লেনদেন হওয়া ৩৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১০টির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বেড়েছে মাত্র ৬০টির। অর্থাৎ বাজারের পতন কয়েকটি কোম্পানির শেয়ারে সীমাবদ্ধ ছিল না; বরং এর প্রভাব পড়েছে বড় একটি অংশজুড়ে।=
পতনের ব্যাপ্তি ভাবনার বিষয়
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৬৮ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি টাকা। এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩২৯ কোটি টাকা। একই সময়ে ডিএসইএক্স কমেছে ১৪৬ দশমিক ৯২ পয়েন্ট বা ২ দশমিক ৫৯ শতাংশ। শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক কমেছে ২ দশমিক ৯০ শতাংশ। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ২ দশমিক ১২ শতাংশ।
এই তিনটি সূচকের পতন বাজারের সামগ্রিক চিত্র সম্পর্কে একটি ধারণা দেয়। তবে আরও বেশি নজর দেওয়ার বিষয় হলো, কতগুলো কোম্পানির শেয়ারদর কমেছে। কারণ সূচক মূলত বাজারের একটি সামগ্রিক পরিমাপ। কিন্তু অধিকাংশ কোম্পানির দাম কমে গেলে বোঝা যায়, বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা তুলনামূলকভাবে বিস্তৃত।
লেনদেন কমার বার্তা
বাজারের পরিস্থিতি বোঝার ক্ষেত্রে শুধু সূচক নয়, লেনদেনের পরিমাণও গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৫৫৪ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ৬০৮ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন কমেছে ৫৪ কোটি ৫৭ লাখ টাকা বা প্রায় ৯ শতাংশ।
দরপতনের সঙ্গে লেনদেন কমে যাওয়ার বিষয়টি আলাদা করে ভাবার দাবি রাখে। সাধারণত বাজারে সক্রিয় ক্রেতা ও বিক্রেতা থাকলে লেনদেন বাড়ে। কিন্তু বিনিয়োগকারীরা যখন নতুন করে অর্থ বিনিয়োগে সতর্ক হয়ে যান, তখন বাজারে লেনদেনের গতি কমতে থাকে। আবার বিক্রির চাপ তৈরি হলেও ক্রেতার সংখ্যা কম থাকলে শেয়ারদরে নেতিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ লেনদেন কমার বিষয়টি শুধু টাকার অঙ্ক কমে যাওয়ার ঘটনা নয়। এর সঙ্গে বিনিয়োগকারীর ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং বাজার সম্পর্কে তার প্রত্যাশার সম্পর্ক রয়েছে।
গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারে। এরপর ছিল এনভয় টেক্সটাইল ও মালেক স্পিনিং। শীর্ষ দশে আরও ছিল সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক ও নিটল ইনস্যুরেন্স।
কয়েকটি শেয়ারে লেনদেনের আগ্রহ থাকা ইতিবাচক। কিন্তু একটি কার্যকর শেয়ারবাজারের জন্য শুধু কয়েকটি কোম্পানিতে লেনদেন কেন্দ্রীভূত থাকা যথেষ্ট নয়। বাজারে বিভিন্ন খাতের ভালো কোম্পানির শেয়ারে নিয়মিত ক্রয়-বিক্রয় থাকতে হয়। তবেই বাজারে গভীরতা তৈরি হয়।
এখানেই বিনিয়োগকারীদের আস্থার প্রশ্নটি সামনে আসে। একজন বিনিয়োগকারী কোনো কোম্পানির শেয়ার কেনার সময় শুধু আজকের দাম দেখেন না। তিনি কোম্পানির আয়, ভবিষ্যৎ ব্যবসা, লভ্যাংশ দেওয়ার সক্ষমতা, ব্যবস্থাপনা এবং সুশাসনও বিবেচনা করেন। এসব বিষয়ে অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগের আগ্রহ কমতে পারে।
আস্থা ছাড়া স্থায়ী বাজার হয় না
শেয়ারবাজারে দরপতন ঠেকাতে স্বল্পমেয়াদে নানা পদক্ষেপ নেওয়া সম্ভব। কিন্তু দীর্ঘমেয়াদে বাজারকে স্থিতিশীল করতে হলে বিনিয়োগকারীর আস্থাই সবচেয়ে বড় ভিত্তি। আর সেই আস্থা শুধু সূচক বাড়িয়ে তৈরি করা যায় না।
কোম্পানিগুলোর আর্থিক তথ্য সময়মতো এবং নির্ভরযোগ্যভাবে প্রকাশ, নিরীক্ষার মান উন্নত করা, সুশাসন নিশ্চিত করা এবং বাজার তদারকি আরও কার্যকর করা দরকার। কোনো কোম্পানির ব্যবসা বা আর্থিক অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য বিনিয়োগকারীরা সমানভাবে পাওয়ার সুযোগ না পেলে বাজারে অসম তথ্যের সমস্যা তৈরি হয়। এতে ছোট বিনিয়োগকারীরা বেশি ঝুঁকিতে পড়েন।
একই সঙ্গে বিনিয়োগকারীদেরও গুজব বা স্বল্পমেয়াদি দামের ওঠানামার পরিবর্তে কোম্পানির মৌলিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। বাজারে বিনিয়োগের সংস্কৃতি যত বেশি তথ্যনির্ভর হবে, অস্বাভাবিক দামের ওঠানামার ঝুঁকিও তত কমবে।
সামনে যে কাজটি জরুরি
একটি সপ্তাহের পতন দিয়ে শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ বিচার করা ঠিক হবে না। বাজারে উত্থান-পতন থাকবেই। তবে অধিকাংশ শেয়ারের দরপতন, চার কার্যদিবসে সূচক কমা এবং লেনদেনের গতি কমে যাওয়ার মতো বিষয়গুলো পর্যবেক্ষণে রাখা দরকার।
কারণ শেয়ারবাজার কেবল শেয়ার কেনাবেচার জায়গা নয়; এটি দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশেরও একটি প্রতিচ্ছবি। এখানে আস্থা থাকলে নতুন বিনিয়োগ আসে, ভালো কোম্পানি পুঁজি সংগ্রহের সুযোগ পায় এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অর্থায়নের পথ তৈরি হয়।
তাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত সূচককে কৃত্রিমভাবে একটি নির্দিষ্ট জায়গায় ধরে রাখা নয়। বরং এমন একটি বাজার তৈরি করা, যেখানে বিনিয়োগকারী জানবেনÑ তার সিদ্ধান্ত নেওয়ার মতো নির্ভরযোগ্য তথ্য আছে, কোম্পানির জবাবদিহি আছে এবং নিয়ম সবার জন্য সমান। সেই আস্থা ফিরলে বাজারের বর্তমান চাপও ধীরে ধীরে সামলে ওঠার সুযোগ তৈরি হবে।
লেখক : বিজনেস এডিটর, প্রতিদিনের বাংলাদেশ