গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
একটি কিউআর কোডেই এখন বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের হিসাব থেকে টাকা পরিশোধ করা যাচ্ছে। ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর এ সুবিধার ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হলেও আগস্টের মাঝামাঝি তা বেড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে দৈনিক গড় লেনদেন প্রায় ১২০ কোটি টাকা। সে হিসাবে সপ্তাহে লেনদেন ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা।
লেনদেনের অর্থমূল্যের পাশাপাশি বাংলা কিউআর ব্যবহারের সংখ্যাও বেড়েছে। জুলাইয়ের শুরুতে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। আগস্টের মাঝামাঝি সময়ে তা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়ায়। একই সময়ে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। সপ্তাহে লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেনের এই গতি অব্যাহত রাখাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।
চলতি বছরের ১ জুলাই থেকে দেশে বাধ্যতামূলকভাবে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় সারা দেশে বাংলা কিউআরের কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পর বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস প্রতিষ্ঠান নিজেদের কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআরের সঙ্গে যুক্ত হয়।
এর ফলে শপিংমল থেকে ছোট দোকান এবং ফুটপাতের ব্যবসায়ীÑ সব পর্যায়েই একটি অভিন্ন কিউআর কোড ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। একটি কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও এমএফএস হিসাব থেকে অর্থ পরিশোধ করা যাচ্ছে। এতে ক্রেতাদের অর্থ পরিশোধের প্রক্রিয়াও সহজ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হতো। আগস্টের মাঝামাঝি সময়ে দৈনিক গড় লেনদেন বেড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকায় দাঁড়ায়। বর্তমানে তা আরও বেড়ে প্রায় ১২০ কোটি টাকায় পৌঁছেছে।
একই সঙ্গে বেড়েছে বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা। ২১ জুলাই পর্যন্ত এ ব্যবস্থায় যুক্ত ব্যবসায়ীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। পরে তা বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে। ফলে অভিন্ন কিউআর ব্যবস্থায় ব্যবসায়ীদের অংশগ্রহণও দ্রুত সম্প্রসারিত হয়েছে।
তবে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কিছু উদ্বেগ দূর করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দ্বিধা রয়েছে বলে জানান আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংক বলছে, নগদবিহীন লেনদেন সহজ হলে ক্রেতারা আরও বেশি কেনাকাটায় উৎসাহিত হতে পারেন। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ভর্তুকি দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ঘোষণার পর লেনদেনের গতি আরও বেড়েছে।
ডিজিটাল লেনদেন সহজ করা, নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ করাই বাংলা কিউআর ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। লেনদেনের সংখ্যা, অর্থমূল্য ও ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাÑ তিন ক্ষেত্রেই সাম্প্রতিক প্রবৃদ্ধি দেখাচ্ছে, অভিন্ন কিউআর ব্যবস্থা ধীরে ধীরে দৈনন্দিন কেনাবেচায় জায়গা করে নিচ্ছে।