× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

আনাদুলু

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এরই মধ্যে বুধবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও দেড় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।

জ্বালানি বাজারে এই ঊর্ধ্বগতির পেছনে অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনাকে দেখা হচ্ছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বুধবার দাবি করেছে, পারস্য উপসাগরে তাদের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

এসব হামলায় জাহাজগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, পারস্য উপসাগরে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির সামরিক আগ্রাসনের জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের কোন কোন জাহাজ বা তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি। হামলাগুলো কখন চালানো হয়েছে, সে সম্পর্কেও কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের নৌবাহিনী আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। 

আইআরজিসির দাবি, এসব জাহাজ ‘হরমুজ প্রণালির একটি নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায়’ প্রবেশের চেষ্টা করেছিল।

তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উৎসাহ ও সহযোগিতায় জাহাজগুলো ওই এলাকায় প্রবেশের চেষ্টা করে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ নতুন নয়। 

এর আগে জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এতে শত্রুতার অবসান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং অর্থনৈতিক বিধিনিষেধ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়।

তবে সমঝোতার পরও উত্তেজনা পুরোপুরি কাটেনি। বরং দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ করে আসছে।

একই সঙ্গে নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল এবং সামরিক তৎপরতা নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে।

এ অবস্থায় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

এর প্রভাবেই বুধবার তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে ব্রেন্টের মূল্য ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা