ট্রাস্ট ব্যাংক পিএলসিতে সর্বজনীন পেনশন স্কিমের জন্য ডায়নামিক বাংলা কিউআর চালু করতে ঢাকার বনানীর হোটেল শেরাটনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা সহজ, নিরাপদ ও ডিজিটাল পদ্ধতিতে পরিশোধের সুবিধা সম্প্রসারণে ডায়নামিক বাংলা কিউআর চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে ঢাকার বনানীর হোটেল শেরাটনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের গ্রাহক ও অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, নতুন এ সুবিধার মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা পরিশোধ আরও সহজ ও নিরাপদ হবে।
একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগে সহযোগিতা আরও জোরদার হবে বলেও জানিয়েছে ব্যাংকটি।