আহমেদ তোফায়েল
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৭ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশের বৃহৎ শিল্প উৎপাদন খাত ঘুরে দাঁড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই মাসে বৃহৎ শিল্প উৎপাদন সূচকে (আইআইপি) প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৫ শতাংশ। অর্থবছরের অধিকাংশ সময় দুর্বল ও সংকোচনমুখী প্রবণতায় থাকা শিল্প খাতের জন্য শেষ মাসের এই প্রবৃদ্ধি নতুন করে আশার সঞ্চার করেছে।
অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়া ২০২৫-২৬ অর্থবছরের শেষদিকে এই প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়েও শক্তিশালী পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ সময়ের দুর্বলতার পর দেশের শিল্প খাত আবার গতি ফিরে পেতে শুরু করেছে বলেও জুনের উৎপাদন সূচক থেকে ধারণা পাওয়া যাচ্ছে।
তবে এই ইতিবাচক চিত্রের মধ্যেও একটি বড় প্রশ্ন রয়ে গেছে। শিল্প খাতের এই পুনরুদ্ধার সব খাতে সমানভাবে হয়নি। বরং জুনের সামগ্রিক প্রবৃদ্ধির বড় অংশ এসেছে একটি নির্দিষ্ট খাতÑ তৈরি পোশাক শিল্প থেকে। ফলে বৃহত্তর শিল্প খাতের পুনরুদ্ধার কতটা শক্তিশালী ও টেকসই হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১১ শতাংশের বেশি আসে বৃহৎ শিল্প উৎপাদন খাত থেকে। ফলে এ খাতের পারফরম্যান্স শুধু শিল্পের অবস্থাই নয়, সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। শিল্প উৎপাদন বাড়লে কর্মসংস্থান, বিনিয়োগ, অভ্যন্তরীণ বাজার এবং রপ্তানির ওপরও এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে।
জুনের প্রবৃদ্ধির বড় অংশ এসেছে পোশাক শিল্প থেকে, যার উৎপাদন সূচকে এককভাবে ৬১ শতাংশ রয়েছে। দেশের উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পে তৈরি পোশাক খাতের আধিপত্যের কারণে এ খাতের ভালো পারফরম্যান্স সামগ্রিক শিল্প উৎপাদন সূচকে বড় ধরনের প্রভাব ফেলেছে।
অন্যদিকে উৎপাদন সূচকে দ্বিতীয় বৃহত্তম অংশীদার বস্ত্র খাতের প্রবৃদ্ধি ১১ শতাংশ হলেও জুনে এ খাতের প্রবৃদ্ধি ছিল প্রায় স্থবির। অর্থাৎ পোশাক শিল্পের শক্তিশালী প্রবৃদ্ধি সামগ্রিক সূচককে ওপরে তুললেও বস্ত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প খাত একইভাবে ঘুরে দাঁড়াতে পারেনি।
পোশাক শিল্পকেন্দ্রিক এই প্রবৃদ্ধি বৃহত্তর শিল্প খাতের পুনরুদ্ধারের শক্তি নিয়ে প্রশ্ন তুলছে। কারণ একটি বা দুটি খাতের ওপর নির্ভর করে সামগ্রিক উৎপাদন বাড়লেও সেটিকে শিল্প খাতের পূর্ণাঙ্গ ও স্থায়ী পুনরুদ্ধার হিসেবে বিবেচনা করা কঠিন।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উৎপাদন খাতের জন্য গত অর্থবছরটি ছিল কঠিন। তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা, জাতীয় নির্বাচন এবং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সংকটসহ ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে অর্থবছরের বিভিন্ন সময়ে শিল্প উৎপাদন সংকুচিত হয়েছে। বিভিন্ন শিল্প খাতের পরিস্থিতি এখনও এক নয়। কিছু শিল্প শক্তিশালী চাহিদা ও রপ্তানির সুযোগ থেকে লাভবান হচ্ছে। অন্যদিকে কিছু খাত এখনও দুর্বল ভোগ ব্যয়, উচ্চ উৎপাদন ব্যয়, অর্থায়ন সংক্রান্ত সীমাবদ্ধতা এবং দুর্বল বিনিয়োগ পরিস্থিতির সঙ্গে লড়াই করছে।
তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, অর্থায়ন পেতে জটিলতা এবং বাজারে পর্যাপ্ত চাহিদার অভাব অনেক শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার রপ্তানিমুখী কিছু শিল্প বিদেশি বাজারের চাহিদা থেকে সুবিধা পাচ্ছে। ফলে শিল্প খাতের সব অংশে একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে না।
এ কারণে জুনের ১৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধিকে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী পুনরুদ্ধারের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং পুরো অর্থবছরে খাতটির পারফরম্যান্সের প্রেক্ষাপটে এ প্রবৃদ্ধিকে মূল্যায়ন করতে হবে।
২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চ ও মে মাসে বৃহৎ শিল্প উৎপাদন খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারি এবং আরও একটি মাসে খাতটির পারফরম্যান্স ছিল প্রায় স্থবির।
ফলে জুনের শক্তিশালী প্রবৃদ্ধির আগে কয়েক মাস ধরে উৎপাদনকারীরা দুর্বল চাহিদা, বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের বিঘ্নের মুখোমুখি ছিলেন। বছরের বড় একটি সময় শিল্প খাতের ওপর চাপ থাকায় শেষ মাসের এই উল্লম্ফন বিশেষ গুরুত্ব বহন করছে।
এই প্রেক্ষাপটে জুনে ১৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি শিল্প খাতের জন্য তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। অর্থবছরের বড় একটি সময়জুড়ে দেখা দেওয়া সংকোচনমূলক প্রবণতা থেকে এটি বড় ধরনের পরিবর্তন।
এটি এমনও ইঙ্গিত দিতে পারে যে, ব্যবসার পরিবেশে কিছুটা উন্নতি হচ্ছে এবং বিশেষ করে রপ্তানিমুখী পণ্যের জন্য বিদেশি চাহিদা বাড়ার প্রভাবে উৎপাদনকারীরা ইতিবাচক সাড়া দিচ্ছেন। শিল্প খাতের আগামী মাসগুলোর উৎপাদন পরিস্থিতি এ প্রবৃদ্ধি সাময়িক নাকি দীর্ঘমেয়াদি পুনরুদ্ধারের শুরু, তা স্পষ্ট করবে।
দেশের ২৩টি প্রধান উৎপাদন শিল্পগোষ্ঠীর মধ্যে জুনে কয়েকটি খাত উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। এর মধ্যে রয়েছে খাদ্যপণ্য, চামড়া, রাসায়নিক, ওষুধ শিল্প, রাবার ও প্লাস্টিক, মৌলিক ধাতু, বৈদ্যুতিক সরঞ্জাম, যন্ত্রপাতি, মোটরযান, অন্যান্য পরিবহন সরঞ্জাম, আসবাবপত্র ও অন্যান্য উৎপাদন খাত।
এসব খাতের ইতিবাচক পারফরম্যান্স জুনের পুনরুদ্ধারে কিছুটা বিস্তৃত অংশগ্রহণের ইঙ্গিত দেয়। অর্থাৎ শুধু পোশাক শিল্প নয়, কয়েকটি অন্যান্য উৎপাদন খাতও এ মাসে ভালো করেছে।
তবে পোশাক শিল্পের শক্তিশালী প্রবৃদ্ধির কারণে সামগ্রিক চিত্র এখনও একটি খাতের প্রভাবেই অনেক বেশি নির্ধারিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প খাতেও টেকসই উৎপাদন বৃদ্ধি প্রয়োজন। অন্যদিকে কয়েকটি শিল্প খাতের পারফরম্যান্স জুনেও দুর্বল ছিল। এর মধ্যে রয়েছে পানীয়, তামাক, কাঠজাত পণ্য, কাগজ ও কাগজজাত পণ্য, প্রক্রিয়াজাত ধাতব পণ্য, কম্পিউটার ও ইলেকট্রনিকস ও মুদ্রণ শিল্প।
এসব খাতের দুর্বলতা দেখাচ্ছে যে, শিল্প খাতের পুনরুদ্ধার এখনও অসম ও খাতভেদে ভিন্ন। কোনো কোনো শিল্প ঘুরে দাঁড়ালেও অন্য খাতগুলো এখনও চাহিদা, উৎপাদন ব্যয়, অর্থায়ন ও বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি।
সব মিলিয়ে জুনে বৃহৎ শিল্প উৎপাদনে ১৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্থবছরের শেষ ভাগে অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত। তবে এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে পোশাক শিল্পের ভূমিকা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের দুর্বল পারফরম্যান্স বলছে, শিল্প খাতের সামগ্রিক পুনরুদ্ধার এখনও পুরোপুরি সুসংহত হয়নি।