× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ উদ্যোক্তারা ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্ভাবনাময় তরুণদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর অর্ধেক থাকবে ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক দেওয়া হবে অনুদান হিসেবে। ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ অর্থায়নের জন্য কোনো সহায়ক জামানত দিতে হবে না।

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় এ সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট কর্মসূচিটি বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, দেশের তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক কাজে লাগিয়ে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করবে। পরে উদ্যোক্তার ব্যবসায়িক ধারণা, সম্ভাব্যতা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

কর্মসূচিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিকেরা। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। আগে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। তবে আবেদনকারীর বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকতে হবে।

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য ও পশুপালন থেকে শুরু করে পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগÑ সব ধরনের বৈধ ব্যবসাকে কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না। সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দারা যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন।

তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে উদ্যোক্তার জন্য সুবিধাটি কঠিন হয়ে উঠবে। ঋণের সঙ্গে দেওয়া অনুদানের অর্থ তখন সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। পরবর্তী সময়ে ওই ঋণ প্রচলিত নিয়মে শ্রেণিকৃত হয়ে খেলাপি হিসেবে বিবেচিত হবে। এতে সংশ্লিষ্ট উদ্যোক্তা ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সংবলিত সার্কুলার জারি করা হবে। সার্কুলার প্রকাশের পর এক মাস আবেদন গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আট জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি চালু হবে। জেলাগুলো হলোÑ মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তখন প্রতিবছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শুধু ঋণ ও অনুদান দেওয়ার মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাজারের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ তৈরির সুযোগও থাকবে।

বাংলাদেশ ব্যাংকের আশা, উপজেলা পর্যায়ের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নতুন ক্ষুদ্র ব্যবসা সৃষ্টি, কর্মসংস্থান বাড়ানো এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ আরও বাড়বে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা