× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে সিগারেটের রাজস্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৭ পিএম

অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে সিগারেটের রাজস্ব। এতে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা বা সামাজিক সুরক্ষার মতো খাতে ব্যয়ের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা সংকুচিত হবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে সিগারেটের রাজস্ব। এতে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা বা সামাজিক সুরক্ষার মতো খাতে ব্যয়ের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা সংকুচিত হবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের বড় একটি উৎস সিগারেট খাত। এ খাত থেকে রাজস্ব কমে গেলে সরকারের মোট রাজস্ব আদায়েও ঘাটতি বাড়তে পারে।

এতে বাজেট ঘাটতি মেটাতে সরকারের ঋণনির্ভরতা বাড়ার আশঙ্কা রয়েছে। আর ঋণ বাড়লে ভবিষ্যতে সুদ পরিশোধের ব্যয় আরও বাড়বে। এতে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো খাতে প্রয়োজনীয় ব্যয় মেটাতে সরকারের আর্থিক সক্ষমতার ওপর চাপ তৈরি হতে পারে।

গত অর্থবছরে বড় রাজস্ব ঘাটতি

গত ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা কম রাজস্ব আহরণ করেছে এনবিআর। আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক- তিন খাতেই লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে পিছিয়ে ছিল সংস্থাটি। গত অর্থবছরে এনবিআরকে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এর বিপরীতে বছর শেষে আদায় হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা।

চলতি অর্থবছরে বড় লক্ষ্যমাত্রা

চলতি অর্থবছরে সরকার মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করেছে। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। গত অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় চলতি অর্থবছরে ১ লাখ ৭ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে। আর গত অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা প্রায় ৪৫.৪ শতাংশ বেশি। কিন্তু বর্তমান সার্বিক পরিস্থিতিতে এই লক্ষ্য কতটা অর্জন করা সম্ভব হবে, তা নিয়ে অর্থবছরের শুরুতেই সংশয় দেখা দিয়েছে।

অর্থবছরের শুরুতেই ধাক্কা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সিগারেট খাত থেকে সরকারের রাজস্ব আদায়ে বড় পতনের তথ্য এসেছে। জানা গেছে, জুলাইয়ে এ খাত থেকে প্রায় ২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা আগের অর্থবছরের জুলাইয়ে ছিল প্রায় ৩ হাজার ৬৪০ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের একই মাসের তুলনায় আদায় কমেছে ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি বা প্রায় ৪৫ শতাংশ।

চলতি অর্থবছরের বাজেটে সিগারেটের নতুন সিগারেটের মূল্যস্তরের প্রভাবেই এমনটি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, মূল্যস্তরের এই পরিবর্তনের কারণে বেশি দামের সিগারেট ছেড়ে কম দামের সিগারেটের দিকে ঝুঁকছেন অনেকে। এ ছাড়া একই কারণে অবৈধ সিগারেটের বিস্তারও বাড়ছে। এসব কারণে এ খাতে সরকারের রাজস্ব আদায় এতোটা কমে গেছে।

অনেকের আশঙ্কা, জুলাইয়ে সিগারেট খাতের রাজস্ব আদায় যে পরিমাণ কমেছে, পরের মাসগুলোতে একই প্রবণতা থাকলে পুরো অর্থবছরে এ খাতে রাজস্ব আদায় প্রায় ১০ হাজার কোটি টাকা পর্যন্ত কমতে পারে।

উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে সিগারেটের প্রতিটি মূল্য স্তর বাড়ানো হয়েছে। নিম্ন স্তরের সিগারেটের দাম বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া মধ্যম স্তরে ১৫ শতাংশ, উচ্চ স্তরে ১৪ দশমিক ৩ শতাংশ, প্রিমিয়াম স্তরে ১৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে সিগারেটের দাম।

যেসব খাতে প্রভাব পড়ার আশঙ্কা

অর্থনীতিবিদদের মতে, গত কয়েক বছরের গড় হিসাবে, সরকারের মোট রাজস্বের প্রায় ১০ শতাংশ এ খাত থেকে আসে। তাই সিগারেট থেকে রাজস্ব আদায় কমার তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে এনবিআরের মোট রাজস্ব সংগ্রহে। একটি বড় খাত থেকে প্রত্যাশিত রাজস্ব না এলে লক্ষ্যমাত্রা পূরণে অন্য খাত থেকে বাড়তি রাজস্ব আদায়ের চেষ্টা করতে হবে। কিন্তু বিদ্যুৎ-জ্বালানি সংকটসহ নানা কারণে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়। এ অবস্থা চলতে থাকলে অন্য বড় খাত থেকেও প্রত্যাশিত কর আদায় করা কঠিন হতে পারে।

তাঁরা বলছেন, ঋণনির্ভর বাজেট ব্যবস্থাপনার কারণে বেশ কয়েক বছর ধরেই সরকারের সুদ পরিশোধের ব্যয় ধারাবাহিকভাবে বাড়ছে। গত ২০২৪-২৫ অর্থবছরের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ব্যয় হয় ১ লাখ ৩৬ হাজার ১২৩ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব কমে যাওয়ার পাশাপাশি ঋণ ও সুদ পরিশোধ ব্যয় আরও বাড়লে ভবিষ্যতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক ব্যয় কমাতে হতে পারে। কারণ এতে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা বা সামাজিক সুরক্ষার মতো খাতে ব্যয়ের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা সংকুচিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারি ব্যয় বৈশ্বিক প্রেক্ষাপটে এখনো অনেক কম। দুই খাতেই প্রয়োজনের তুলনায় সরকারি বিনিয়োগের ঘাটতি দীর্ঘদিনের। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী, একটি দেশের শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৪ থেকে ৬ শতাংশ ব্যয় করা উচিত। কিন্তু বাংলাদেশে গত অর্থবছরে শিক্ষা খাতে সরকারি ব্যয় ছিল জিডিপির ২ শতাংশেরও কম।

অন্যদিকে স্বাস্থ্য খাতে গত অর্থবছরে বরাদ্দ ছিল জিডিপির মাত্র প্রায় ০.৭৪ শতাংশ এবং জাতীয় বাজেটের ৫.৩ শতাংশ। অথচ স্বাস্থ্য খাত সংস্কার কমিশন স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দের সুপারিশ করেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯ শতাংশ জনগণের নিজেদের পকেট থেকে বহন করতে হয়েছে। এ হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী বলেন, 'রাজস্ব আদায় কমে গেলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে প্রয়োজনীয় ব্যয় করা সরকারের জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও কমে যেতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য দ্রুত সহায়ক ও কার্যকর নীতি গ্রহণ করা প্রয়োজন।'

এদিকে আইএমএফের ঋণ কর্মসূচির কারণেও বাংলাদেশকে রাজস্ব আয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হচ্ছে। আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতেও কর রাজস্ব বাড়ানো ও রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রাখা হতে পারে। আইএমএফের এক মূল্যায়নে বলা হয়, বাংলাদেশে কর-জিডিপি অনুপাত ২০২৩-২৪ অর্থবছরের ৭.৪ শতাংশ থেকে কমে ২০২৪-২৫ অর্থবছরে ৬.৯ শতাংশে নেমেছে। সামাজিক ব্যয় ও বিনিয়োগের জন্য সরকারের কর-রাজস্ব বাড়ানো জরুরি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা